অ্যান্ডি বার্নহ্যামের মন্ত্রিসভা ‘প্রায় চূড়ান্ত’, কারা থাকছেন সরকারে

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হওয়ার পর বক্তব্য দেন অ্যান্ডি বার্নহ্যাম। লন্ডন, যুক্তরাজ্য, ১৭ জুলাই ২০২৬ছবি: রয়টার্স

সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে আগামী সোমবার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন অ্যান্ডি বার্নহ্যাম। তাঁর নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন, তা নিয়ে জোর জল্পনাকল্পনা শুরু হয়েছে গেছে।

যদিও মন্ত্রিসভা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন অ্যান্ডি বার্নহ্যাম।

কেন বার্নহ্যাম এখনো তাঁর মন্ত্রিসভা ঘোষণা করছেন না, এমন প্রশ্নের জবাবে লেবার পার্টির নতুন এই নেতা বলেন, ‘আপনি দায়িত্ব গ্রহণের আগেই যদি মন্ত্রিসভায় রদবদল শুরু করে দেন, তাহলে তা কিছুটা অগ্রিম হয়ে যাবে এবং আমার মনে হয়, এতে পুরোপুরি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে।’

বার্নহ্যাম এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও তাঁর মন্ত্রিসভায় কারা স্থান পাবেন, তা নিয়ে ব্যাপক জল্পনা চলছে। ধারণা করা হচ্ছে, র‍্যাচেল রিভসের স্থলাভিষিক্ত হয়ে অর্থমন্ত্রী (চ্যান্সেলর) হওয়ার দৌড়ে এডওয়ার্ড মিলিব্যান্ড ও শাবানা মাহমুদ এগিয়ে রয়েছেন।

দলের নেতা নির্বাচিত হওয়ার পর দেওয়া এক ভাষণে গ্রেটার ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম তাঁর সরকারের রূপরেখা তুলে ধরেন। সেখানে তিনি সমাজসেবা (সোশ্যাল কেয়ার) ব্যবস্থার সংস্কারসহ বিভিন্ন নীতিগত পরিবর্তনের পরিকল্পনার কথা বলেন।

এ নিয়ে যুক্তরাজ্যের ডানপন্থী রাজনীতিক নাইজেল ফারাজ বলেছেন, ‘অ্যান্ডি বার্নহ্যাম কোনো ধরনের গণরায় (ম্যান্ডেট) ছাড়াই ক্ষমতায় আসছেন।’

ডানপন্থী এই রাজনীতিক ভাবি প্রধানমন্ত্রী বার্নহ্যামকে ‘দেশের ভবিষ্যৎ নির্ধারণের জন্য অবিলম্বে একটি সাধারণ নির্বাচন’ আয়োজনের আহ্বান জানান।

অন্যদিকে লিবারেল ডেমোক্র্যাটের নেতা এডওয়ার্ড ডেভি যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বার্নহ্যামকে স্বাগত জানিয়ে তাঁকে আরও সহযোগিতামূলক রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমার দরজা খোলা আছে।’

এডওয়ার্ড ডেভি আরও বলেন, লিবারেল ডেমোক্র্যাটরা বিশেষ করে পানি খাতে সংস্কার, জাতীয় স্বাস্থ্যসেবা (এনএইচএস) খাতে আরও সহায়তা ও সমাজসেবা ব্যবস্থায় পরিবর্তন দেখতে চায়। এর মধ্যে পরিবারে যাঁরা স্বজনদের সেবাযত্ন করেন (ফ্যামিলি কেয়ারার), তাঁদের জন্য আরও বেশি সহায়তা দেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত।

এক মাস আগে উপনির্বাচনে বিপুল ভোট পেয়ে আবারও পার্লামেন্টে ফেরেন বার্নহ্যাম। এ সপ্তাহের শুরুতে লেবার পার্টির ৩৭৯ পার্লামেন্ট সদস্য (এমপি) ও দলটির সঙ্গে সংশ্লিষ্ট ১১টি ট্রেড ইউনিয়নের সমর্থন পেয়ে দলীয় নেতৃত্বের একমাত্র প্রার্থী হিসেবে তিনি নিজের অবস্থান আরও দৃঢ় করেছেন।

আরও পড়ুন

পরিকল্পনা অনুযায়ী, সোমবার যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাজা তৃতীয় চার্লসের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। এরপর রাজা বার্নহ্যামকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন। তিনি সেই আমন্ত্রণ গ্রহণ করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন এবং ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে নতুন মন্ত্রিসভা নিয়ে যাত্রা শুরু করবেন।

বার্নহ্যামের মন্ত্রিসভায় কারা থাকবেন, এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি এ–সংক্রান্ত সিদ্ধান্তগুলো চূড়ান্ত করছি। খুব শিগগির চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাব এবং সোমবার সেগুলো ঘোষণা করব।’

আরও পড়ুন