ইউক্রেনের বন্দরে পাল্টা হামলা

ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের হামলার ‘পাল্টা জবাব’ দেওয়ার হুমকি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবন। ১৮ জুলাই, ওদেসা
ছবি: রয়টার্স

ইউক্রেনের কৃষ্ণসাগরীয় বন্দর ওদেসায় বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। গতকাল মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। ক্রিমিয়া সেতুতে ইউক্রেনীয় বাহিনীর হামলার প্রতিশোধ হিসেবে গত সোমবার দিবাগত রাতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে মস্কো।

এর আগে গত রোববার দিবাগত রাতে বিস্ফোরকভর্তি চালকবিহীন নৌযান (ওয়াটার ড্রোন) দিয়ে ক্রিমিয়া সেতুতে হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। এতে সেতুর একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। হামলায় এক দম্পতি নিহত ও তাঁদের শিশুকন্যা আহত হয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির বাহিনী ইউক্রেনের কৃষ্ণসাগর উপকূলীয় ওদেসা ও মাইকোলাইভে হামলা চালিয়েছে। ওদেসায় ইউক্রেনের নৌবাহিনীর সদর দপ্তর রয়েছে।

গতকাল এক বিবৃতিতে বলা হয়, চালকবিহীন নৌযান ব্যবহার করে রুশ ফেডারেশনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনায় ব্যবহৃত স্থাপনাগুলো লক্ষ্য করে গত রাতে সাগর থেকে ছোড়া নিখুঁত অস্ত্রের মাধ্যমে ব্যাপক প্রতিশোধমূলক হামলা চালিয়েছে রাশিয়ার সশস্ত্র বাহিনী।

আরও পড়ুন

মন্ত্রণালয় বলেছে, ওদেসার একটি জাহাজ মেরামত কারখানায় হামলা চালানো হয়েছে, যেখানে এ ধরনের নৌযান তৈরি করা হয়ে থাকে। ক্রিমিয়া সেতুতে হামলায় এ ধরনের নৌযানই ব্যবহার করা হয়েছে বলে মনে করছে রাশিয়া।

বিবৃতিতে বলা হয়, এ ছাড়া মাইকোলাইভ ও ওদেসা শহরের কাছে ৭০ হাজার টন জ্বালানি তেল মজুত রাখা একটি স্থাপনায়ও হামলা চালানো হয়েছে। ইউক্রেনের সামরিক সরঞ্জামগুলোতে ব্যবহারের জন্য এসব জ্বালানি তেল মজুত করা হয়েছিল। সব লক্ষ্যবস্তুতে হামলা করা হয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়।

এর আগে ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের হামলার ‘পাল্টা জবাব’ দেওয়ার হুমকি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ইউক্রেনের এই সন্ত্রাসী হামলার জবাব কীভাবে দেওয়া যায়, সে প্রস্তাব তৈরি করছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

হামলা প্রতিহতের দাবি ইউক্রেনের

এদিকে ইউক্রেনের বিমানবাহিনী দাবি করেছে, তারা ছয়টি ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ৩৬টি ড্রোনের ৩১টিই ভূপাতিত করেছে। দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় এলাকা ওদেসা ও মাইকোলাইভে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোনের অধিকাংশ ভূপাতিত করা হয়। সোমবার দিবাগত রাতে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়।

এক বিবৃতিতে বিমানবাহিনী বলেছে, ছয়টি ক্যালিবার, ৩১টি শাহেদ-১৩৬/১৩১ ড্রোন এবং একটি নজরদারি বিপিএলএ ড্রোন ধ্বংস করা হয়েছে।

আরও পড়ুন

ক্রিমিয়ায় ২৮ ড্রোন ধ্বংসের দাবি

এএফপির প্রতিবেদনে বলা হয়, ক্রিমিয়া উপদ্বীপের ওপর ইউক্রেনের ২৮টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রুশ বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্থানীয় এক কর্মকর্তা গতকাল এ দাবি করেছে। সাম্প্রতিক দিনগুলোতে ক্রিমিয়ায় ড্রোন হামলা বাড়িয়েছে ইউক্রেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আগের দিন রাতে ইউক্রেনের ১৭টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া। আরও ১১টি ড্রোন নিষ্ক্রিয় করে দেওয়া হয়। ড্রোন ধ্বংসের সময় কেউ হতাহত হননি বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

পূর্বে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় কুপিয়ানস্ক শহরের দিকে অগ্রসর হওয়ার দাবি করেছে রুশ বাহিনী। ওই অঞ্চলের যুদ্ধ পরিস্থিতি ‘জটিল’ বলে স্বীকার করেছে কিয়েভও। একই সঙ্গে পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে’ আছে বলে দাবি করেছে তারা।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃত করে রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস বলেছে, কুপিয়ানস্ক শহরের দিকে দুই কিলোমিটার এগিয়েছে রুশ বাহিনী। খারকিভ অঞ্চলের গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশনটি এই শহরে অবস্থিত।

আরও পড়ুন

শস্যচুক্তি নবায়নের চেষ্টা

কৃষ্ণসাগর শস্যচুক্তি থেকে সরে গেছে রাশিয়া। গত সোমবার এই চুক্তির মেয়াদ শেষ। সমালোচনার পাশাপাশি চুক্তি নবায়নে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়ে আসছে পশ্চিমা দেশগুলো। এমন পরিস্থিতিতে রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে এ চুক্তির অন্যতম মধ্যস্থতাকারী তুরস্ক যোগাযোগ অব্যাহত রেখেছে বলে জানিয়েছে আল-জাজিরা।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, নির্বিঘ্নে রাশিয়ার শস্য রপ্তানির বিষয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে কথা বলেছেন।