বিচ্ছেদের ঘোষণা দিলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন ও তাঁর স্বামী মার্কাস রাইকোনেন
ছবি: ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর দপ্তরের ওয়েবসাইট থেকে।

বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন। এ জন্য গতকাল বুধবার সানা মারিন ও তাঁর স্বামী মার্কাস রাইকোনেন আনুষ্ঠানিকভাবে আবেদন করেছেন। পরে নিজেদের ইনস্টাগ্রামে তাঁরা এ তথ্য জানিয়েছেন।

ইনস্টাগ্রামে পৃথক স্টোরিতে সানা-মার্কাস লিখেছেন, ‘আমরা ১৯ বছর ধরে একসঙ্গে আছি। আমাদের একটি মেয়েও আছে। এ জন্য আমরা কৃতজ্ঞ। বাকি দিনগুলো আমরা খুব ভালো বন্ধু হয়ে থাকব।’

আরও পড়ুন

সানা মারিন বিশ্বের তরুণ সরকারপ্রধানদের একজন। তাঁর বয়স এখন ৩৭ বছর। ৫ বছর বয়সী এক মেয়েশিশুর মা তিনি। ২০২০ সালের আগস্টে সানা মারিন তাঁর দীর্ঘদিনের সঙ্গী মার্কাসকে বিয়ে করেন।

২০১৯ সালের ডিসেম্বরে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পদে দায়িত্ব নেন সানা মারিন। তখন তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী। প্রগতিশীল রাজনীতিক হিসেবে পরিচিতি রয়েছে তাঁর। প্রধানমন্ত্রী হওয়ার পর করোনা মহামারি মোকাবিলা এবং মহামারির ধাক্কা থেকে দেশ ও দেশের অর্থনীতিকে বাঁচাতে লড়তে হয় তাঁকে।

ওই পরিস্থিতিতে বিয়ে করে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছিলেন সানা মারিন। তখন ইনস্টাগ্রামে তিনি লিখেছিলেন, ‘আমরা আমাদের তারুণ্য একসঙ্গে কাটিয়েছি। একসঙ্গে পরিণত বয়সে প্রবেশ করেছি। আমরা প্রিয় মেয়ের পিতা-মাতা হয়েছি।’

আরও পড়ুন

সানা মারিনের প্রধানমন্ত্রিত্ব নিষ্কণ্টক ছিল না। নিজ পরিবারের সকালের নাশতার জন্য প্রতি মাসে ৩৬৫ ডলার বিল নিয়ে সমালোচিত হন তিনি। পরে সেই অর্থ ফেরত দেন সানা মারিন। পরে বন্ধুদের সঙ্গে সানা মারিনের নাচের একটি ভিডিও ভাইরাল হয়। বিশ্বজুড়ে শোরগোল পড়ে যায়। এর জেরে মাদকের পরীক্ষা করাতে হয়েছিল তাঁকে। যদিও সেই পরীক্ষায় উতরে যান সানা মারিন।

আরও পড়ুন

শিগগিরই প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হচ্ছে সানা মারিনকে। কেননা, গত এপ্রিলের নির্বাচনে তাঁর দল হেরেছে। ফিনল্যান্ডে সরকার গড়তে যাচ্ছে মধ্য-ডানপন্থী ন্যাশনাল কোয়ালিশন পার্টি ও জাতীয়তাবাদী ফিন্স পার্টির জোট। অন্যদিকে ভোটের হিসাবে সানা মারিনের স্যোশাল ডেমোক্রেটিক পার্টি তৃতীয় অবস্থানে রয়েছে।

আরও পড়ুন
আরও পড়ুন