টাইটানিকের কত টাকা বিমা করা ছিল, ১১৪ বছর পর নথি উঠছে নিলামে

আরএমএস টাইটানিক।ছবি: রয়টার্স/লাইব্রেরি অব কংগ্রেস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাইটানিক ডুবেছে ১১৪ বছর আগে। এত বছর পর এসে নিলামে উঠছে জাহাজটির মূল কাঠামোর বিমার নথি। এটাই টাইটানিকের একমাত্র প্রকাশিত বিমার নথি।

যুক্তরাজ্যের উইল্টশায়ারের ডেভাইজ শহরে হেনরি অলড্রিজ অ্যান্ড সন নামের একটি প্রতিষ্ঠান নথিটি নিলামে তুলছে। ২১ নভেম্বর এ নিলাম হবে। নিলামে নথিটির দাম ৩০ হাজার থেকে ৫০ হাজার পাউন্ড উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

জাহাজটির ইস্পাতের কাঠামোর জন্য কত টাকার বিমা করা ছিল, প্রশ্ন ওঠা স্বাভাবিক। ওই নথি অনুযায়ী, বিমা ছিল ১ লাখ ডলারের। বর্তমানে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা।

আটলান্টিক মিউচুয়াল ইনস্যুরেন্স কোম্পানি টাইটানিকের অন্যতম প্রধান বিমাকারী ছিল। বিমার নথি সই করা হয় ১৯১২ সালের ২৭ মার্চ। এর মাত্র ১৯ দিন পর যুক্তরাজ্যের সাউদাম্পটন থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে প্রথম সমুদ্রযাত্রায় একটি হিমশৈলের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় আরএমএস টাইটানিক। তখন জাহাজটি উত্তর আটলান্টিক মহাসাগরে ছিল। এতে প্রাণ হারান জাহাজে থাকা দেড় হাজারের মতো মানুষ।

আরও পড়ুন

ইতিহাসের অন্যতম আলোচিত এ জাহাজডুবির ৩০ দিনের মধ্যেই বিমার নির্ধারিত অর্থ পরিশোধ করা হয়েছিল বলে জানা গেছে।

আটলান্টিক মিউচুয়াল ইনস্যুরেন্স কোম্পানি প্রতিষ্ঠিত হয় ১৮৩৮ সালে, যুক্তরাষ্ট্রে। উনিশ শতকের মাঝামাঝি সময়ে এসে এটি উত্তর আমেরিকার সবচেয়ে বড় বিমা প্রতিষ্ঠানে পরিণত হয়।

আরএমএস টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ
ছবি: উডস হোল ওশানোগ্রাফিক ইনস্টিটিউট

টাইটানিক পরিচালনা করত ওশেনিক স্টিম নেভিগেশন কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি আটলান্টিক মিউচুয়াল ইনস্যুরেন্স কোম্পানির গ্রাহক। ধারণা করা হয়, টাইটানিকের কাঠামোর বিমার ক্ষেত্রে অন্য কোনো একক প্রতিষ্ঠানের তুলনায় বেশি ঝুঁকি নিয়েছিল আটলান্টিক মিউচুয়াল।

নথিটি টাইপরাইটারে লেখা। নথির নিচে কালো কালিতে হাতে একটি অতিরিক্ত শর্ত যুক্ত রয়েছে। বিমাটির মেয়াদ এক বছর। ১৯১২ সালের ৩০ মার্চ থেকে এটি কার্যকর হওয়ার কথা। এখনকার বাজারমূল্যে এ বিমার পরিমাণ প্রায় ৩৫ লাখ ডলারের সমান।

নথির নিচে হাতে লেখা শর্তে বলা আছে, ১৯১২ সালের ৩১ মার্চ সন্ধ্যা সাতটা বা এরপর বেলফাস্ট থেকে সাউদাম্পটনের উদ্দেশে জাহাজটির যাত্রা এবং ওই সময়ে পরীক্ষামূলক কোনো ঝুঁকি দেখা দিলে—সেসব বিমার আওতায় থাকবে।

মূলত এ শর্তের কারণে জাহাজটি বন্দরে পৌঁছানোর আগের যাত্রাও বিমার আওতায় এসেছিল। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে যাত্রী নিয়ে যাত্রা শুরুর আগেই জাহাজটির বিমার আওতায় থাকা নিয়ে এটি একটি বিরল ও ঐতিহাসিক নথি।

নিলামকারী প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘টাইটানিকের মূল বিমার কোনো নথি এর আগে নিলামে বিক্রি হয়েছে, এমনটা আমাদের জানা নেই।’

আরও পড়ুন

এর আগে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সন্ত্রাসী হামলার ঘটনায় ক্ষয়ক্ষতির বিমার দাবি নিষ্পত্তিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল আটলান্টিক মিউচুয়াল।

যদিও শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটির বিমা করার অনুমোদন বাতিল হয়। অবশেষে ২০১১ সালে প্রতিষ্ঠানটি অবসায়নের (ব্যবসা গুটিয়ে নেওয়া) প্রক্রিয়ায় যায়।

আরও পড়ুন