বিদ্যুৎ বাঁচাতে এক ঘণ্টা আগেই নিভবে আইফেল টাওয়ারের বাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইফেল টাওয়ার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি
ফাইল ছবি: এএফপি

তীব্র জ্বালানি সংকটের মুখোমুখি হয়েছে ইউরোপের দেশগুলো। আশঙ্কা করা হচ্ছে, আসন্ন শীত মৌসুমে এই সংকট আরও জোরালো হতে পারে। বিপর্যস্ত হতে পারে ইউরোপের জনজীবন। তাই শীত শুরুর আগেই বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে ইউরোপের দেশগুলো। এর অংশ হিসেবে রাজধানী প্যারিসের আইকনিক স্থাপত্য আইফেল টাওয়ারের বাতি এক ঘণ্টার কিছু বেশি সময় আগেই নিভিয়ে ফেলার ঘোষণা দিয়েছে ফ্রান্স। খবর এনডিটিভির।

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার প্যারিসের মেয়র আনি দালগো জানান, প্রতিদিন যেসময় আইফেল টাওয়ারের বাতি নিভিয়ে ফেলা হয় তারও এক ঘণ্টার কিছু বেশি সময় আগেই তা নেভানো হবে। মূলত বিদ্যুৎ ও জ্বালানি বাঁচাতে আইফেল টাওয়ার প্রতিদিন কিছুটা বেশি সময় অন্ধকার থাকবে।

সাধারণত প্রতিদিন রাত ১ টার দিকে আইফেল টাওয়ারের ২০ হাজার বাতি নিভিয়ে ফেলা হয়। নতুন নিয়মের কারণে এখন থেকে প্রতিদিন রাত ১১ টা ৪৫ মিনিটে অন্ধকার হয়ে যাবে এই স্থাপনা। এর মধ্য দিয়ে টাওয়ারে বিদ্যুতের ব্যবহার ৪ শতাংশ কমিয়ে আনা সম্ভব হবে বলে আশা করছে নগর কর্তৃপক্ষ।

আরও পড়ুন

১৮৮৯ সালে প্যারিসে আকাশচুম্বী এই লোহার কাঠামো নির্মাণ করা হয়। বিখ্যাত পুরকৌশলী গুস্তাভ আইফেল এটি নির্মাণ করেন। এটি নির্মাণের পর তৎকালীন বিশ্বের সবচেয়ে উঁচু ওয়াশিংটন মনুমেন্ট তার খেতাব হারায়। ওয়াশিংটন মনুমেন্টের উচ্চতা ১৬৯ দশমিক ১৬ মিটার বা ৫৫৫ ফুট।

আরও পড়ুন

নির্মাণের পর থেকে ৪০ বছর পর্যন্ত আইফেল টাওয়ার বিশ্বের সবচেয়ে উঁচু মানব নির্মিত কাঠামো হিসেবে নিজের খেতাব ধরে রাখে। তবে ১৯২৯ সালে নিউইয়র্কে নির্মিত ‘ক্রিসলার বিল্ডিং’–এর কাছে খেতাব হারায় আইফেল টাওয়ার। অ্যানটেনাসহ ক্রিসলার বিল্ডিংয়ের উচ্চতা ৩১৯ মিটার বা ১ হাজার ৪৬ ফুট।

আরও পড়ুন

তবে কয়েকবার বৃদ্ধির পর বর্তমানে আইফেল টাওয়ারের উচ্চতা ৩৩০ মিটার বা ১ হাজার ৮২ দশমিক ৬৯ ফুট। আইফেল টাওয়ার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ পর্যটক আইফেল টাওয়ার দেখতে প্যারিসে যান।

আরও পড়ুন