ইউক্রেনে ‘রুশ সেনা’কে হত্যার ভিডিও প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউক্রেনের বুচা শহরে রাশিয়ার বিধ্বস্ত সাঁজোয়া যান ও ট্যাংকের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন ইউক্রেনের সেনারা
ছবি: রয়টার্স

ইউক্রেনের রাজধানী কিয়েভের আশপাশ থেকে সেনা সদস্যদের সরিয়ে নিচ্ছে রাশিয়া। এমন পরিস্থিতিতে ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ভিডিও বেশ সাড়া ফেলেছে। ওই ভিডিওতে সামরিক বাহিনীর পোশাক পরা একজনকে গুলি করে হত্যা করতে দেখা গেছে।

ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডের শিকার ওই ব্যক্তি ইউক্রেন বাহিনীর হাতে বন্দী হওয়া রুশ সেনা। ভিডিওটি নিয়ে বিবিসির বিশ্লেষণেও ইউক্রেনের সেনা সদস্যদের হাতে রুশ সেনা নিহতের তথ্য এসেছে। এ বিষয়ে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা বলেছেন, ভিডিওটি তাঁর নজরে এসেছে। বিষয়টি ‘অবশ্যই তদন্ত করে দেখা হবে।’

ভিডিওটি বিশ্লেষণ করে যেসব তথ্য পাওয়া গেছে সেগুলো বিবিসির এক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।  

ভিডিওতে যা দেখা গেছে

ভিডিওতে দেখা যায়, সামরিক পোশাক পরা চার ব্যক্তি রাস্তার ওপর পড়ে আছেন। তাঁদের তিনজন কোনো রকম নড়াচড়া করছিলেন না। বাকি একজন জীবিত থাকলেও গুরুতর আহত অবস্থায় ছিলেন।

এ সময় একজনকে বলতে শোনা যায়, ‘ওকে ছেড়ে দাও।’ জবাবে আরেকজন বলেন, ‘আমি তাঁকে ছেড়ে দিতে চাই না।’ এরপর আহত ওই ব্যক্তির শরীরে বেশ কয়েকটি গুলি করা হয়। এতে নিথর হয়ে পড়েন তিনি।

আরও পড়ুন

মাটিতে পড়ে থাকা চার ব্যক্তির মধ্যে শুধু একজনের চেহারা ভিডিওতে দেখা গেছে। বাকি তিনজনের শরীর রাস্তার ওপর উপুড় করে রাখা ছিল।

ভিডিওটি যেখানে ধারণ করা

বিবিসির বিশ্লেষণ অনুযায়ী, ভিডিওটি ধারণ করা হয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভের পশ্চিমে দমিত্রিভকা শহরের বাইরের একটি গুরুত্বপূর্ণ সড়কে। সড়কটি দমিত্রিভকা শহরকে ইরপিন ও বুচা শহরের সঙ্গে যুক্ত করেছে।

ভিডিওতে ঘটনাস্থলের যেসব চিত্র দেখা গেছে, তা গুগল ম্যাপের স্ট্রিট ভিউয়ে দেখানো চিত্রের সঙ্গে মিলে যায়। গত ৩১ মার্চ স্যাটেলাইট থেকে ধারণ করা ওই এলাকার ছবিতে মাটিতে রক্ত ধারা দেখা গেছে। স্যাটেলাইটের ছবিতে একটি সাঁজোয়াযানও ধরা পড়ে। ভিডিওতেও একই সাঁজোয়া যান দেখা গেছে।

আরও পড়ুন

কত তারিখে ভিডিওটি ধারণ করা হয়েছিল তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ভিডিওতে ধরা পড়া বিভিন্ন জিনিসের ছায়ার আকৃতি থেকে বোঝা যায় ঘটনাটি ঘটেছিল বিকেলে।

হত্যাকাণ্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগেরমাধ্যমে প্রথম প্রকাশ করা হয় ৩০ মার্চ সকালে। অর্থাৎ সেটি ধারণ করা হয়েছিল ২৯ মার্চ বিকেলে বা এর আগে কোনো দিন।

যেভাবে জানা গেছে হত্যার শিকার ব্যক্তি রুশ সেনা

হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি রুশ সেনা সদস্য বলে বিবিসির বিশ্লেষণে উঠে এসেছে। ভিডিওতে মরদেহগুলোর আশপাশে থাকা ব্যক্তিদের বলতে শোনা যায়, ‘তাঁরা (মৃত ব্যক্তিরা) রাশিয়ার সেনাবাহিনীর সদস্য।’

এ ছাড়া ভিডিওতে একটি সাঁজোয়া যান দেখা গেছে। সেটির একপাশে ‘ভি’ চিহ্ন ছিল। ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীর যানগুলোতে এই চিহ্ন দেখা যাচ্ছে। রাস্তায় পড়ে থাকা চারজনের মধ্যে দুজনের হাতে সাদা ব্যান্ড ছিল।

ইউক্রেনের বিভিন্ন স্থানে অভিযানে অংশ নেওয়া রুশ সেনাদের হাতে ওই ব্যান্ড পরে থাকতে দেখা যায়। যদিও দেশটিতে লড়াইরত রাশিয়ার সেনাদের লাল ও কমলা রঙের ব্যান্ডও পরতে দেখা গেছে।

হত্যাকারী ব্যক্তিরা কি ইউক্রেনের সেনা

রাস্তায় পড়ে থাকা মরদেহগুলোর আশপাশে থাকা সামরিক পোশাক পরা ব্যক্তির অনেকের হাতে নীল রঙের ব্যান্ড দেখা গেছে। সাধারণত ইউক্রেনের সেনা সদস্যরা এই ব্যান্ড পরেন। এ ছাড়া এসব ব্যক্তিকে রুশ ভাষায় কথা বলতে দেখা গেছে। ইউক্রেনে রুশ ভাষার ব্যাপক প্রচলন রয়েছে।

আরও পড়ুন

ভিডিওটির মাঝামাঝি সময়ে দাড়িওয়ালা এক ব্যক্তির চেহারা পরিষ্কারভাবে দেখা যায়। পরে আরও কয়েকজনের চেহারাও ক্যামেরায় ধরা পড়ে। এসব ব্যক্তির চেহারা বায়োমেট্রিক তথ্যভান্ডারের সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টা করেছে বিবিসি। একজনের চেহারার সঙ্গে জর্জিয়ার এক ব্যক্তির মিল পাওয়া গেছে। ইউক্রেনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সংযোগ পাওয়া গেছে। তবে পরিচয় নিশ্চিত না হওয়ায় ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি।

ভিডিও করার সময় ক্যামেরা দাড়িওয়ালা ব্যক্তির দিকে ঘোরালে একজনকে চিত্কার করে বলতে শোনা যায়, ‘ইউক্রেনের গৌরব’। জবাবে দাড়িওয়ালা ওই ব্যক্তি বলেন, ‘বীরদের গৌরব’। সবশেষে ভিডিওতে একজন বলেন, ‘আমাদের দেশে পা দিও না’।