ইউরোপে সব ক্ষেত্রে সামরিক শক্তি বৃদ্ধির ঘোষণা বাইডেনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে করমর্দন করছেন ন্যাটোপ্রধান জেনস স্টলেনবার্গ
ছবি: রয়টার্স

ইউরোপে সামরিক উপস্থিতি জোরদারের মাধ্যমে ন্যাটোকে শক্তিশালী করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্পেনের রাজধানী মাদ্রিদে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলন চলছে। আজ বুধবার ন্যাটো মহাসচিব ইয়ানেস স্টলেনবার্গের সঙ্গে বৈঠকে বাইডেন এ ঘোষণা দেন।

ইউরোপে ন্যাটো বাহিনীতে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ বাড়ানোর ঘোষণা দিয়ে বাইডেন বলেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন এই জোটের প্রয়োজনীয়তা বেশি। স্থল, আকাশ ও নৌ—সব দিক থেকে ন্যাটোকে শক্তিশালী করা হবে।

বাইডেন আরও বলেন, স্পেনের রোটায় মার্কিন নৌবহরে ডেস্ট্রয়ারের সংখ্যা চারটি থেকে বাড়িয়ে ছয়টি করা হবে। পোল্যান্ডে ‘ফিফথ আর্মি করপসের’ স্থায়ী সদর দপ্তর স্থাপন করা হবে। রোমানিয়ায় একটি অতিরিক্ত ব্রিগেড করা হবে। তিন হাজার যোদ্ধা ও আরও দুই হাজার সেনার এই ব্রিগেড পালাক্রমে দায়িত্ব পালন করবে।

বাইডেনের ঘোষণা অনুযায়ী বাল্টিক দেশগুলোতে পালাক্রমে দায়িত্ব পালনের সময় বাড়ানো হবে। এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমানের দুটি অতিরিক্ত স্কোয়াড্রন যুক্তরাজ্যে মোতায়েন করা হবে। জার্মানি ও ইতালির জন্য অতিরিক্ত আকাশ প্রতিরক্ষাব্যবস্থার পাশাপাশি অন্যান্য সামর্থ্য বাড়ানো হবে।

বাইডেন বলেন, ‘আমরা আমাদের সব মিত্রকে সঙ্গে নিয়ে নিশ্চিত করতে যাচ্ছি যে প্রতিটি ভূখণ্ড ঘিরে সব দিক থেকে আসা হুমকি মোকাবিলায় ন্যাটো প্রস্তুত।’

মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করে বলেন, ‘রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোপের শান্তি নষ্ট করেছেন। আমাদের একান্তই আইনের শাসননির্ভর মতাদর্শকে আক্রমণ করেছেন। এই অবস্থায় যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্ররা মিলে এগিয়ে যাচ্ছি। আমরা প্রমাণ করতে যাচ্ছি, অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন ন্যাটোর প্রয়োজন বেশি, এর গুরুত্ব বেশি।’

অতীতে নিরপেক্ষ অবস্থান নেওয়া ফিনল্যান্ড ও সুইডেনের সদস্য হওয়ার আবেদন গ্রহণে ন্যাটোর ঐক্যের বিষয়টি তুলে ধরেন বাইডেন। তিনি বলেন, পুতিনের ইউক্রেনে আগ্রাসন চালানোর কৌশল হিতে বিপরীত হয়েছে। বাইডেন বলেন, ‘এটা ঠিক সেই পদক্ষেপ, যা পুতিন চাননি। কিন্তু ইউরোপের নিরাপত্তার নিশ্চয়তার জন্য এই পদক্ষেপের প্রয়োজন ছিল।’

আরও পড়ুন

সদস্যদেশের সংখ্যা বাড়ানোর বিষয়ে ন্যাটো মহাসচিব স্টলেনবার্গ বলেন, পুতিন যা আশা করেছেন, এটা তার উল্টো পদক্ষেপ।

সম্পূর্ণ বদলে যাওয়া এক পরিস্থিতিতে এবার শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলন। তিন দিনের এ সম্মেলন গত মঙ্গলবার স্পেনের মাদ্রিদে শুরু হয়। এতে ইউক্রেন যুদ্ধের পাশাপাশি নতুন দুই সদস্যের অন্তর্ভুক্তি ও সামরিক ব্যয় বৃদ্ধির বিষয়টি প্রাধান্য পাচ্ছে।

আরও পড়ুন