মাখোঁর ওপরই আস্থা রাখছেন ফরাসিরা
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার (রান-অফ) ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে কাল রোববার। বিভিন্ন জরিপের ফলাফলে দেখা গেছে, দ্বিতীয় দফা তথা চূড়ান্ত ধাপের এই ভোটেও মাখোঁর ওপর আস্থা রাখছেন ফরাসিরা। এর আগে স্থানীয় সময় গতকাল শুক্রবার মধ্যরাতে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শেষ হয়। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে মাখোঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছেন কট্টর ডানপন্থী মেরিন লঁ পেন। খবর বিবিসির
দ্বিতীয় দফার ভোটে মাখোঁ জয়ী হলে ২০ বছরের মধ্যে একমাত্র ফরাসি প্রেসিডেন্ট হিসেবে তিনি টানা দুই মেয়াদে ক্ষমতায় থাকবেন। জরিপে দেখা গেছে, মাখোঁ ৫৩ শতাংশ থেকে ৫৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হবেন।
প্রথম দফায় গণনা হওয়া ৯৭ শতাংশ ভোটে মাখোঁ পেয়েছেন ২৭ দশমিক ৩৫ শতাংশ, লঁ পেন পেয়েছেন ২৩ দশমিক ৯৭ শতাংশ। আরেক প্রার্থী জ্য-লুক মিনশঁ পেয়েছেন ২১ দশমিক ৭ শতাংশ ভোট। প্রথম দফার নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে লড়েন ১২ জন। তাঁদের মধ্যে চারজন নারী, আটজন পুরুষ। স্থানীয় সময় ১০ এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নিয়ম অনুযায়ী, প্রথম দফার নির্বাচনে শীর্ষ দুই প্রার্থী দ্বিতীয় দফার ভোটে অংশ নেন। এই নির্বাচনেই চূড়ান্ত হবে, কে জয়ী হবেন।
এদিকে দ্বিতীয় দফায় নির্বাচনী প্রচার চলাকালীন প্রেসিডেন্ট পদপ্রত্যাশী এই দুই নেতা একে–অপরকে উদ্দেশ্য করে তীর্যক মন্তব্য করেন। মাখোঁ বলেন, ফ্রান্সকে নিয়ে মেরিন লঁ পেনের কট্টর ডানপন্থীরা খুশি নন। তাঁদের হাতে ক্ষমতা গেলে সমাজে ঘৃণা ও ভাঙন ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। আর লঁ পেন বলেন, মাখোঁ ধনীদের প্রেসিডেন্ট। মানুষ ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের কথা ভুলে যায়নি।
এবারের নির্বাচনে প্রধান ইস্যুটি ছিল জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি। মাখোঁর সময় দেশটিতে জ্বালানি তেলের দাম বেড়েছে। একই সঙ্গে খাদ্যপণ্য থেকে শুরু করে বৃদ্ধি পেয়েছে গাড়ির দামও। এই একটা ইস্যুকে শুরু থেকেই ঢাল হিসেবে ব্যবহার করছে লঁ পেনের শিবির।
তারা জাতীয় ঐক্যের প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে ক্ষমতায় গেলে অভিবাসনের ওপর গণভোট এবং জনসমক্ষে হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা আরোপের কথাও বলছে। লঁ পেনের নির্বাচনী প্রচারের স্লোগান ছিল ‘হয় মাখোঁ, নয়তো ফ্রান্স’। আর মাখোঁর স্লোগান ‘এই নির্বাচন একধরনের গণভোট, ধর্মনিরপেক্ষতা’।
উভয় প্রার্থীর জন্য সবচেয়ে বড় সমস্যা হলো, বিপুলসংখ্যক ভোটার, যাঁরা ফাঁকা ব্যালট রেখে আসবেন বা একেবারেই ভোট দেবেন না। বিভিন্ন জরিপে দেখা গেছে, ১৯৬৯ সালের পর এবারই সবচেয়ে কম মানুষ ভোটদানে অংশ নেবেন।