রাশিয়া নিয়ে বাইডেনের ধারণা ভুল: ক্রেমলিন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়া সম্পর্কে মৌলিক ভুল ধারণা পোষণ করেন বলে মন্তব্য করেছেন রুশ সরকারের মুখপাত্র দিমিত্রি পেসকভ। রাশিয়ার অর্থনীতির ভঙ্গুরতা ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্ভাব্য বিপদ সম্পর্কে বাইডেনের মন্তব্যের প্রতিক্রিয়ায় পেসকভ এই মন্তব্য করেন।
গত মঙ্গলবার বাইডেন মন্তব্য করেন, ‘প্রেসিডেন্ট পুতিনের সামনে একটি বড় সমস্যা রয়েছে, তিনি এমন একটি অর্থনীতির শীর্ষ পদে বসে রয়েছেন, যেটির পারমাণবিক অস্ত্র ছাড়া আর কিছুই নেই। তিনি (পুতিন) জানেন, তাঁর সামনের এই বিপদের কথা।’
বাইডেন আরও বলেন, ‘আমার মতে, এই পরিস্থিতি পুতিনকে ভয়াবহ বিপদের দিকে ঠেলে দেবে।’ এ সময় তিনি অভিযোগ করেন, ২০২২ সালে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন কংগ্রেসের মধ্যবর্তীকালীন নির্বাচনে রাশিয়া ভুল তথ্য ছড়িয়ে হস্তক্ষেপের চেষ্টা করছে।
মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় গতকাল বুধবার পেসকভ বলেন, ‘আধুনিক রাশিয়া সম্পর্কে বাইডেন মৌলিকভাবে ভুল ধারণা রাখেন। রাশিয়ার কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে এবং এই বিষয়ে মস্কো দায়িত্বশীল। একই সঙ্গে আমাদের জ্বালানি তেল ও গ্যাস খাত বেশ সমৃদ্ধ।’
সুইজারল্যান্ডের জেনেভায় গত বুধবার বৈঠকে বসেছেন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। এর মধ্য দিয়ে কণ্টকাকীর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে দুই পক্ষই। এ লক্ষ্যে গত মাসে শুরু হওয়া কৌশলগত ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে জেনেভায় আলোচনা চলছে। ওই সময় জেনেভায় পুতিন ও বাইডেনের মধ্যেও বৈঠক হয়েছিল।
এই বৈঠকের বিষয়ে দিমিত্রি পেসকভ বলেন, ‘দ্বিপক্ষীয় সম্পর্কে বিদ্যমান কাঁটা দূর করতে চলমান আলোচনা একটি ইতিবাচক উদ্যোগ।’
এর আগে চলতি বছরের মার্চে পুতিনকে একজন ‘হত্যাকারী’ বলে মন্তব্য করেছিলেন বাইডেন। মার্কিন নির্বাচনে মস্কোর প্রভাব বিস্তারের চেষ্টা, রাশিয়ার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, ইউক্রেন ইস্যুসহ আরও বিষয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরোধ চলছে।