রাশিয়ার আরও এক শীর্ষ কমান্ডার নিহত, দাবি ইউক্রেনের
ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়ার আরও একজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। ইউক্রেনের সেনাবাহিনী ও পশ্চিমা সেনা কর্মকর্তাদের বরাতে আজ শুক্রবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
মেজর জেনারেল পদমর্যাদার ওই সেনা কর্মকর্তা রাশিয়ার ইস্টার্ন মিলিটারি ডিস্ট্রিক্টে কর্মরত ছিলেন।
নিহত রুশ সেনা কর্মকর্তার নাম প্রকাশ করেনি পশ্চিমারা। তবে ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, তাঁর নাম মেজর জেনারেল আন্দ্রেই কোলেশনিকভ। রাশিয়ার ২৯তম আর্মি অব ইস্টার্ন ডিস্ট্রিক্টের কমান্ডার ছিলেন তিনি।
এর আগে গত মঙ্গলবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করে, খারকিভ শহরের কাছে লড়াইয়ে রুশ মেজর জেনারেল ভিটালি গেরাসিমভ নিহত হয়েছেন। তিনি রাশিয়ার ৪১তম আর্মি অব দ্য সেন্ট্রাল মিলিটারি ডিস্ট্রিক্টের প্রথম ডেপুটি কমান্ডার ছিলেন।
তবে ইউক্রেনের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি। এ বিষয়ে রুশ কর্মকর্তারা কোনো মন্তব্য করেননি।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। কিয়েভের দাবি, ইউক্রেনে হামলা শুরুর পর এখন পর্যন্ত ১২ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছেন। যুদ্ধে ইউক্রেনের কত সেনা নিহত হয়েছেন, সে বিষয়ে কিছু জানায়নি কিয়েভ।
ইউক্রেনের রাজধানী কিয়েভের ১৫ কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে রাশিয়ার বিশাল সেনাবহর। রুশ সেনারা কিয়েভে সর্বাত্মক হামলার প্রস্তুতি নিচ্ছেন বলে সতর্ক করেছেন ইউক্রেনের কর্মকর্তারা। তাঁরা বলছেন, কিয়েভে হামলার জন্য প্রয়োজনীয় যুদ্ধসরঞ্জাম জড়ো করা শুরু করেছে রুশ বাহিনী। এ বহরে ট্যাংক ও সাঁজোয়া যান রয়েছে। তাদের বেলারুশ থেকে চেরনোবিল হয়ে জ্বালানিসহ প্রয়োজনীয় রসদ সরবরাহ করা হচ্ছে।
এদিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) আজ শুক্রবার জানিয়েছে, ইউক্রেনে হামলা শুরুর পর এ পর্যন্ত ২৫ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়েছেন। ৮ মার্চ জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি জানিয়েছিলেন, ওই দিন পর্যন্ত ২০ লাখ মানুষ ইউক্রেন ছেড়েছেন।