রাশিয়ার তেলের গুদামে হামলার দায় অস্বীকার ইউক্রেনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ার দাবি, ইউক্রেনের দুটি হেলিকপ্টার থেকে তেলের গুদামে হামলা চালানো হয়
ছবি: রয়টার্স

রাশিয়ার বেলগোরোদ শহরে তেলের গুদামে হামলার অভিযোগ অস্বীকার করেছে ইউক্রেন। রাশিয়ার ভূখণ্ডে হওয়া যেকোনো কিছুর দায় রাশিয়াকেই নিতে হবে বলে উল্লেখ করেছে তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

রাশিয়ার বেলগোরোদ শহরটির অবস্থান ইউক্রেনের উত্তর সীমান্তবর্তী। স্থানীয় সময় গতকাল শুক্রবার আঞ্চলিক গভর্নর ভেয়াচেসলাভ গ্লাদকভ এক টেলিগ্রাম পোস্টে বলেন, ইউক্রেনের দুটি এমআই-২৪ হেলিকপ্টার সীমান্ত অতিক্রম করেছে এবং সীমান্ত থেকে ২৫ মাইল দূরে অবস্থিত একটি তেলের গুদামে রকেট ছুড়েছে। এর পরপরই ওই তেলের গুদামে আগুন ধরে যায় এবং ছড়িয়ে পড়ে। তবে রাশিয়ার এ অভিযোগ অস্বীকার করেছেন ইউক্রেনীয় কর্মকর্তারা।

ইউক্রেনের জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি ওলেক্সি দানিলভ এ হামলার দায় অস্বীকার করেন। ইউক্রেনের একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কিছু কারণে তারা বলছে আমরাই এ কাজ করেছি। তবে সত্যিকার অর্থে তা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়।’

ইউক্রেনের প্রেসিডেন্টের সহযোগী ওলেক্সি অ্যারেস্তোভিচ বলেন, ‘আমরা আমাদের নিজস্ব ভূখণ্ডে আত্মরক্ষামূলক সামরিক কার্যক্রম চালাচ্ছি। রুশ ভূখণ্ডে যা কিছু ঘটবে, তার দায় রাশিয়ার নেতাদেরই বহন করতে হবে। সব প্রশ্নের উত্তর তাঁদেরই দিতে হবে।’
ইউক্রেনের কোনো কোনো বিশ্লেষক দাবি করেন, আলোচনা ব্যাহত করতেই এ হামলার দৃশ্য সাজানো হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও অবশ্য বলেন, এ হামলার কারণে আলোচনা ভেস্তে যেতে পারে।

আরও পড়ুন

পরে আবার পেসকভ বলেন, পশ্চিমাঞ্চলীয় সীমান্তকে শক্তিশালী করবে রাশিয়া।গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। এরপরই তেলের গুদামে আগুন ধরতে দেখা যাচ্ছে। গতকাল দুপুর পর্যন্ত সে আগুন জ্বলতে দেখা গেছে।

আরও পড়ুন