রাশিয়ার ভয়ে স্নায়ুযুদ্ধের সময়ের বাংকার ফিরছে সুইজারল্যান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউক্রেনে রুশ হামলা শুরুর পর সুইজারল্যান্ডে পুরোনো বাংকার পরিষ্কার করে আপৎকালীন ব্যবহারের জন্য প্রস্তুত করা হচ্ছে
ছবি: এএফপি

সময়টা গত শতকের ষাটের দশক। যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্নায়ুযুদ্ধ তখন তুঙ্গে। দুই পরাশক্তির মধ্যে যেকোনো সময় পারমাণবিক যুদ্ধ বাধতে পারে, এমন আশঙ্কায় ভীত ইউরোপের দেশ সুইজারল্যান্ডের মানুষ। এই ভীতি থেকে ব্যক্তিগত ও সরকারি উদ্যোগে দেশজুড়ে কংক্রিটের বিশেষ বাংকার তৈরি করা হয়েছিল।

যদিও শেষ পর্যন্ত সরাসরি যুদ্ধে জড়ায়নি যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। প্রাণ বাঁচানোর কাজে লাগেনি বাংকারগুলো। তবে ইউক্রেনে রুশ হামলা শুরুর পর আবারও সুইজারল্যান্ডবাসী সেসব বাংকার পরিষ্কার করে আপৎকালীন ব্যবহারের জন্য প্রস্তুত করছেন। তাঁদের ভয়, যুদ্ধ ইউক্রেনের সীমানা ছাড়িয়ে তাঁদেরও আঘাত করতে পারে।

আরও পড়ুন

তখন প্রাণ বাঁচাতে দরকার হবে ছয় দশকের বেশি পুরোনো সেসব কংক্রিটের বাংকার।
সুইজারল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় ওয়ালিসের সিভিল অ্যান্ড মিলিটারি সিকিউরিটি সার্ভিসের প্রধান মেরি ক্লদ নথ-ইকুয়র বলেন, যুদ্ধ শুরুর পর মানুষজন হঠাৎ উপলব্ধি করতে শুরু করেছেন, ইউক্রেন খুব কাছেই। তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই পুরোনো বাংকারগুলো নতুন করে প্রস্তুত করা হচ্ছে।

স্নায়ুযুদ্ধের সময় সুইজারল্যান্ডের প্রতিটি আবাসিক ভবনে বাংকার তৈরি বাধ্যতামূলক ছিল। এত দিন এসব বাংকার গুদাম হিসেবে ব্যবহার করা হয়েছে। মেরি ক্লদের ভাষ্য, ইউক্রেনে যুদ্ধের কারণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন রাশিয়ার কৌশলগত পারমাণবিক ফোর্সকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন, তখন ভীত হয়ে পড়েছেন সুইস নাগরিকেরা। ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার দখলে যাওয়ার পর ভয় আরও বেড়েছে। তাঁরা মনে করছেন, ১৯৮৬ সালের মতো সেখানে বড় কোনো দুর্ঘটনা ঘটলে তাঁদের ওপরও আঘাত আসতে পারে।

পারমাণবিক অভিঘাতের ভীতি থেকে আলপাইন অঞ্চলের কর্তৃপক্ষ জরুরি প্রয়োজনে প্রত্যেকের জন্য বাংকারের ব্যবস্থা রাখার ঘোষণা দিয়েছে। তবে সুইজারল্যান্ডের ৮৬ লাখ মানুষের জন্য পর্যাপ্ত বাংকার নেই। দেশটিতে মাত্র ৩ লাখ ৬৫ হাজার কংক্রিটের বাংকার রয়েছে। জেনেভার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা জরুরি প্রয়োজনে সেখানকার ৭৫ শতাংশ মানুষকে বাংকার সেবা দিতে পারবে।

আরও পড়ুন

জেনেভার সিভিল প্রোটেকশন অ্যান্ড মিলিটারি অ্যাফেয়ার্স ডিভিশনের প্রধান নিকোলা স্কুলাসি বলেন, যুদ্ধের মধ্যে জনগণের সুরক্ষা নিশ্চিতে, বিশেষত পারমাণবিক আঘাত থেকে বাঁচতে বাংকারগুলো তৈরি করা হয়েছিল। একেকটি বাংকারে ১৫০ জনের মতো থাকতে পারবেন। সেখানে আশ্রয় নেওয়া ব্যক্তিদের জন্য বিছানা ও টয়লেট রয়েছে। রয়েছে বাতাস চলাচলের সুব্যবস্থা। তিনি আরও বলেন, এসব বাংকার একেকটি ক্যাপসুলের মতো। এর প্রবেশপথ বেশ সুরক্ষিত। সংশ্লিষ্ট ভবনটি ধ্বংস হয়ে গেলেও বাংকারের কিছুই হবে না। রক্ষা পাবেন সেখানে আশ্রয় নেওয়া মানুষজন।

আরও পড়ুন