রুশ লেফটেন্যান্ট জেনারেল নিহত হওয়ার দাবি ইউক্রেনের
ইউক্রেনের চেরনোবায়েভখা শহরে গোলা হামলায় রুশ সেনাবাহিনীর আরও এক কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় সময় আজ শনিবার এক ফেসবুক পোস্টে ইউক্রেনের সশস্ত্র বাহিনী এমন দাবি করেছে। খবর বিবিসির।
ইউক্রেনীয় বাহিনীর ফেসবুক পোস্টে বলা হয়, গোলা হামলায় রুশ লেফটেন্যান্ট জেনারেল আন্দ্রেই মর্দভিচেভ মারা গেছেন। রুশ বাহিনীর সাউদার্ন মিলিটারি ডিস্ট্রিক্টের অষ্টম সম্মিলিত সশস্ত্র দলের কমান্ডার ছিলেন তিনি।
তবে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর এ দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি বলে উল্লেখ করেছে বিবিসি।
এ নিয়ে এখন পর্যন্ত পাঁচজন রুশ জেনারেল নিহত হওয়ার দাবি করল ইউক্রেন। এর আগে চলমান যুদ্ধে চারজন রুশ সেনা নিহত হওয়ার দাবি করেছিল কিয়েভ।
বিশ্লেষকেরা ধারণা করছেন, প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানে নেতৃত্ব দিতে প্রায় ২০ জন জেনারেল পাঠানো হয়েছিল।
আজ পরিস্থিতি নিয়ে নিয়মিত পর্যালোচনায় ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী আরও বলেছে, সবশেষ ২৪ ঘণ্টায় সম্মুখ যুদ্ধে কোনো পরিবর্তন আসেনি।