হিমাচলের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুখবিন্দর সিং
ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের পঞ্চদশ মুখ্যমন্ত্রী হিসেবে সুখবিন্দর সিং শপথ নিয়েছেন। আজ রোববার দুপুরে প্রদেশের রাজধানী শিমলার ঐতিহাসিক রিজ ময়দানে আয়োজিত অনুষ্ঠানে তিনি শপথ নেন। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর নতুন মুখ্যমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান।
আজ হিমাচল প্রদেশের নতুন উপমুখ্যমন্ত্রী হিসেবে বিদায়ী বিধানসভার কংগ্রেস পরিষদীয় দলের নেতা মুকেশ অগ্নিহোত্রীও শপথ নিয়েছেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী রোববার সকালেই শিমলায় পৌঁছে যান। ‘ভারত জোড়ো যাত্রা’র বিরতি থাকায় শিমলায় হাজির হন রাহুল গান্ধীও। সর্বভারতীয় কংগ্রেস কমিটি (এআইসিসি) এবার হিমাচল প্রদেশের নির্বাচনী দায়িত্ব দিয়েছিল প্রিয়াঙ্কা গান্ধীকে। সেই হিসেবে এটি তাঁর প্রথম নির্বাচনী সাফল্য। আজ শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনিও উপস্থিত ছিলেন।
১৯৮২ সাল থেকে হিমাচল প্রদেশ রাজ্যে প্রতি পাঁচ বছর অন্তর কংগ্রেস ও বিজেপির মধ্যে ক্ষমতা বদল হয়ে আসছে। এবারও সেই ধারাবাহিকতা বজায় থাকল। দীর্ঘ সময় পর কংগ্রেস এই প্রথম কোনো রাজ্যে সরকার গঠন করল।
বিজেপিকে হারিয়ে বিধানসভার দখল নেওয়ার পর মুখ্যমন্ত্রিত্বের জোরালো দাবি জানিয়েছিলেন সাবেক মুখ্যমন্ত্রী প্রয়াত বীরভদ্র সিংয়ের স্ত্রী ও প্রদেশ কংগ্রেস সভানেত্রী প্রতিভা সিং। নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই তিনি বলতে শুরু করেন, কংগ্রেস ভোট চেয়েছে প্রয়াত মুখ্যমন্ত্রীর নামে। মুখ্যমন্ত্রিত্ব বাছাইয়ের ক্ষেত্রে তাঁর পরিবারের দাবি উপেক্ষিত হলে সেটা হবে ঘোরতর অন্যায়। প্রতিভার সমর্থকেরা গত শুক্রবার রাজ্যের দায়িত্বে থাকা তিন পর্যবেক্ষকের গাড়ি ঘিরে বিক্ষোভও দেখান।
প্রতিভা সিংকে রোববারের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানাতে সুখবিন্দর নিজে তাঁর বাড়িতে গিয়েছিলেন। সেখানে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘উনি আমাদের সভানেত্রী। ওনার নেতৃত্বে আমরা কাজ করি। তবে শপথ অনুষ্ঠানে দলীয় কোন্দলের কোনো চিহ্ন দেখা যায়নি। অনুষ্ঠানে প্রতিভা সিং নিজে উপস্থিত ছিলেন।’
প্রতিভার পুত্র বিক্রমাদিত্য এবার বিধায়ক নির্বাচিত হয়েছেন। রাজ্য মন্ত্রিসভায় তিনিও গুরুত্বপূর্ণ দায়িত্ব পাচ্ছেন।
হিমাচল প্রদেশের অধুনালুপ্ত বুশায়ারের সাবেক রাজা ছিলেন প্রয়াত বীরভদ্র সিং। প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব আমৃত্যু তাঁর হাতেই ছিল। এ রাজ্যে বীরভদ্র সিংয়ের প্রতি কংগ্রেস কতটা ঋণী, তার প্রমাণ রাখতে মঞ্চেই রাখা হয়েছিল তাঁর ছবি। সবাই ফুল দিয়ে প্রয়াত নেতার প্রতি তাঁদের শ্রদ্ধা নিবেদন করেন।
তবে নতুন মুখ্যমন্ত্রী ৫৮ বছর বয়সী সুখবিন্দর সিংয়ের রাজনৈতিক অবস্থান বরাবর ছিল এই রাজকীয় বৃত্তের বাইরে। ছাত্রসংগঠন করে ধাপে ধাপে উঠে মুখ্যমন্ত্রী হওয়া সুখবিন্দরের বাবা ছিলেন বাসচালক। সুখবিন্দর আইন বিষয়ে পড়াশোনা করেছেন। ছাত্র অবস্থাতেই কংগ্রেসের রাজনীতি করতেন তিনি।
বীরভদ্র সিংয়ের অনুগত মুকেশ অগ্নিহোত্রীকে উপমুখ্যমন্ত্রী করা হয়েছে। ভোটের পর প্রকাশ্যে তিনি বলেছিলেন, বীরভদ্র সিংয়ের নামে ভোট চেয়ে জেতার পর তাঁর পরিবারকে উপেক্ষা করাটা ঠিক হবে না। তবে রাজপরিবারের অনুগত হলেও সুখবিন্দরের সঙ্গে মুকেশের সম্পর্ক ভালো।