কর্ণাটকে মুখ্যমন্ত্রী কে হচ্ছেন, কাটেনি জট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিদ্দারামাইয়া ও ডি কে শিবকুমার
ফাইল ছবি

ভারতের কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবেন, সেই জল্পনার মধ্যে গতকাল মঙ্গলবার সকালে দিল্লি এসে পৌঁছান কংগ্রেসের জয়ের অন্যতম কান্ডারি রাজ্য সভাপতি ডি কে শিবকুমার।

দিল্লি যাত্রার আগে ও দিল্লি পৌঁছে তিনি জানিয়ে দেন, মুখ্যমন্ত্রিত্বের দাবি ছাড়ছেন না। কিন্তু দলের সিদ্ধান্ত যা-ই হোক ‘ব্ল্যাকমেল বা পেছন থেকে ছুরি মারার’ মতো কাজ তিনি করবেন না।

কর্ণাটকে বিজেপিকে হারিয়ে বিপুল জয় হয়েছে কংগ্রেসের। রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করলেও ফল বেরোনোর পর শিবকুমারও মুখ্যমন্ত্রিত্বের দাবি জোরালোভাবে জানিয়ে রেখেছেন। রাজ্য রাজনীতিতে এই দুই কংগ্রেস নেতার রেষারেষি সর্বজনবিদিত।

আরও পড়ুন

গত রোববার সন্ধ্যায় বেঙ্গালুরুতে কংগ্রেসের সদ্য নির্বাচিত বিধায়কদের বৈঠকে যোগ দেওয়ার পরের দিনই সিদ্দারামাইয়া দিল্লি চলে আসেন। সেই বৈঠকে পরিষদীয় নেতা বাছাইয়ের দায়িত্ব কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ওপর সঁপে দেন নির্বাচিত বিধায়কেরা।

গত সোমবার ছিল শিবকুমারের জন্মদিন। শরীরও সেদিন তাঁর ঠিক ছিল না। দিল্লি আসবেন বলেও যাত্রা বাতিল করেন। গতকাল তিনি বলেন, কী হতে চলেছে, তা তিনি জানেন না। দলের সভাপতি ছাড়াও তিনি দেখা করবেন সোনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে।

আরও পড়ুন

শিবকুমার বলেন, ‘দল আমার ঈশ্বর। এই দল আমরাই গড়ে তুলেছি। অন্যদের মতো আমিও এই দলের অংশ।’

সোমবার রাতে সিদ্দারামাইয়াকে ‘শুভেচ্ছা’ জানিয়েছিলেন শিবকুমার। এর অর্থ তাঁর সুযোগ চলে গেল কি না, জানতে চাওয়া হলে শিবকুমার বলেছিলেন, ‘দল চাইলে আমাকে দায়িত্ব দেবে। কার পক্ষে কয়জনের সমর্থন আছে, সেটা বড় কথা নয়।’

আরও পড়ুন