নরেন্দ্র মোদি ‘বর্বরতার’ সব সীমা ছাড়িয়ে গেছেন: ধ্রুব রাঠি

ধ্রুব রাঠিছবি: ধ্রুব রাঠির ফেসবুক পেজ থেকে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর চরম ক্ষোভ ঝেড়েছেন দেশটির জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। নিজের ভেরিফায়েড এক্স হ্যান্ডলে পোস্ট দিয়ে ধ্রুব রাঠি লেখেন, ‘নরেন্দ্র মোদি বর্বরতার সব সীমা ছাড়িয়ে গেছেন।’

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার পর পোস্টটি দেন ধ্রুব রাঠি। পোস্টে ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের একটি ভিডিও ফুটেজ জুড়ে দেন তিনি।

ক্যাপশনে ধ্রুব লেখেন, ‘উনারা হলেন অঙ্কিতা ভাণ্ডারির মা–বাবা। অঙ্কিতা এমন এক তরুণী, যাকে এই একই ব্যবস্থায় হত্যা করেছে। এখন ওরা তাঁর মা–বাবাকেও রেহাই দিচ্ছে না।’

আরও পড়ুন

ভারতের উত্তরাখন্ড রাজ্যের ১৯ বছর বয়সী তরুণী অঙ্কিতা ভাণ্ডারি একটি রিসোর্টে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন। ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর তাঁকে হত্যা করা হয়।

এ ঘটনায় রিসোর্টের মালিক পুলকিত আর্য এবং তাঁর দুই কর্মী সৌরভ ভাস্কর ও অঙ্কিত গুপ্তাকে গ্রেপ্তার করা হয়। চার দিন পর স্থানীয় একটি খাল থেকে অঙ্কিতার মরদেহ উদ্ধার করা হয়েছিল।

অভিযোগ ওঠে, রিসোর্টে আসা এক প্রভাবশালী অতিথিকে বিশেষ সুবিধা দিতে অঙ্কিতার ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল। তিনি এতে রাজি না হওয়ায় তাঁকে হুমকি দেওয়া হয়।

আরও পড়ুন

এই কথিত অতিথির পরিচয় ঘিরে ‘ভিআইপি’ বিতর্ক তৈরি হয়। অঙ্কিতার পরিবার এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে আসছে।

২০২৫ সালের ৩০ মে আদালত পুলকিত আর্যসহ তিন আসামিকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করেন এবং যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে কথিত ভিআইপির পরিচয় ও ভূমিকা নিয়ে প্রশ্ন এখনো আলোচনায় রয়ে গেছে।

মেয়ে হত্যায় ন্যায়বিচার চেয়ে দিল্লিতে বিক্ষোভ করছিলেন অঙ্কিতার মা-বাবা। গত রাতে তাঁদের আটক করে পুলিশ। তবে আজ সকালে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় নরেন্দ্র মোদিকে নিশানা করে পোস্ট দিয়েছেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগের দাবিতে চলা সাম্প্রতিক আন্দোলনের অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠা ধ্রুব রাঠি।

আরও পড়ুন