মুম্বাইয়ের পর দিল্লিতেও চালু হলো অ্যাপল স্টোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের দিল্লিতে অ্যাপল স্টোর চালুর পর গ্রাহকদের সঙ্গে সেলফি তোলেন প্রতিষ্ঠানটির সিইও টিম কুক। ২০ এপ্রিল তোলা
ছবি: টুইটার থেকে নেওয়া

ভারতের মুম্বাইয়ের পর এবার রাজধানী দিল্লিতে চালু হলো অ্যাপল স্টোর। আজ বৃহস্পতিবার সকালে দিল্লির সাকেতের সিলেক্ট সিটিওয়াক মলে স্টোরটি চালু করা হয়। উদ্বোধন করেন অ্যাপল সিইও টিম কুক। এটা ভারতে চালু হওয়া অ্যাপলের দ্বিতীয় রিটেইল স্টোর।

স্টোরটি চালু উপলক্ষে ভোর থেকে ওই বিপণিবিতানের সামনে লম্বা লাইন দেখা যায়। সবাই স্টোরে প্রবেশের অপেক্ষায় ছিলেন। তাঁরা সেলফি তোলেন, আনন্দ–উল্লাস করেন। ১০টা নাগাদ টিম কুক স্টোরের সামনে উপস্থিত হন। তিনি নতুন স্টোরে গ্রাহকদের স্বাগত জানান। ছবি তোলেন।

দিল্লির এই অ্যাপল স্টোরে ৭০ জন কর্মী রয়েছেন। ভারতের ১৮টি রাজ্য থেকে তাঁদের আনা হয়েছে। তাঁরা হিন্দিসহ মোট ১৫টি ভাষায় পারদর্শী।

এর আগে গত মঙ্গলবার সকালে ভারতের মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে একটি অ্যাপল স্টোর চালু করেন টিম কুক। এটা ভারতে চালু হওয়া অ্যাপলের প্রথম রিটেইল স্টোর। দিল্লির স্টোরটির তুলনায় এটি আয়তনে দ্বিগুণ।

দিল্লি ও মুম্বাইয়ে অ্যাপলের রিটেইল স্টোর চালু হওয়ায় এখন একই ছাদের নিচে বিশ্বখ্যাত এই প্রযুক্তিপ্রতিষ্ঠানের সব ধরনের পণ্য, সেবা ও অ্যাকসেসরিজ পাবেন ভারতীয় গ্রাহকেরা।

আরও পড়ুন

ভারতে অ্যাপলের আইফোন বেশ জনপ্রিয়। পাশাপাশি দেশটিতে আইফোন তৈরি দ্রুত বাড়ছে। সম্প্রতি ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, ২০২২-২৩ অর্থবছরে বিশ্বে যত আইফোন তৈরি হয়েছে, তার ৭ শতাংশ হয়েছে ভারতে। অর্থমূল্যে যার পরিমাণ ৭০০ কোটি ডলার, যা আগের অর্থবছরের তিন গুণ বেশি।

আরও পড়ুন
আরও পড়ুন