ভারতে প্রথমবারের মতো অ্যাপল স্টোর চালু
ভারতে প্রথমবারের মতো অ্যাপলের রিটেইল স্টোর চালু করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে এই স্টোর উদ্বোধন করেন অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক।
২৮ হাজার বর্গফুটের এই স্টোরের উদ্বোধন ঘিরে রীতিমতো উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্টোর উদ্বোধন উপলক্ষে আগেই কমপ্লেক্স এলাকায় জড়ো হন অনেক অ্যাপলভক্ত। তাঁরা লম্বা সারিতে দাঁড়িয়ে উদ্বোধন–মুহূর্তের জন্য অপেক্ষা করেন।
টিম কুক স্টোরের প্রধান ফটক খুলে দিলে অ্যাপলভক্তরা উল্লাসে ফেটে পড়েন। তাঁরা হাততালি দেন, হর্ষধ্বনি করেন। আগত অ্যাপলভক্তদের উচ্ছ্বাসের সঙ্গে অভ্যর্থনা জানান টিম কুক।
আগামী বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে আরেকটি রিটেইল স্টোর চালু করতে যাচ্ছে অ্যাপল। এটি হবে ভারতে অ্যাপলের দ্বিতীয় রিটেইল স্টোর।
মুম্বাইয়ে অ্যাপলের রিটেইল স্টোর চালু হওয়ায় এখন একই ছাদের নিচে বিশ্বখ্যাত এ প্রযুক্তিপ্রতিষ্ঠানের সব ধরনের পণ্য, সেবা ও অ্যাকসেসরিজ পাবেন ভারতীয় গ্রাহকেরা।
ভারতে প্রথমবারের মতো অ্যাপল স্টোর চালু হওয়া নিয়ে গ্রাহকদের মধ্যে বেশ উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। এ কারণে দূরদূরান্ত থেকে অনেকেই উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হন।
উদ্বোধনীতে যোগ দিতে গুজরাটের আহমেদাবাদ থেকে মুম্বাইয়ে যান ২৩ বছর বয়সী অ্যান শাহ। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, অনুভূতিটা অন্য রকম। এ অনুভূতি সাধারণ দোকান থেকে কেনাকাটা করার মতো নয়। এ অনুভূতির তুলনা নেই।
অ্যাপল স্টোর উদ্বোধন করতেই টিম কুক ভারতে এসেছেন। গতকাল সোমবার তিনি টুইট করে বলেন, ‘হ্যালো, মুম্বাই! আগামীকাল (মঙ্গলবার) নতুন অ্যাপল স্টোরে গ্রাহকদের স্বাগত জানাতে আমরা উন্মুখ।’
ভারতে অ্যাপলের আইফোন বেশ জনপ্রিয়। পাশাপাশি দেশটিতে আইফোন তৈরি দ্রুত বাড়ছে। সম্প্রতি ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, ২০২২-২৩ অর্থবছরে বিশ্বে যত আইফোন তৈরি হয়েছে, তার ৭ শতাংশ হয়েছে ভারতে। অর্থমূল্যে যার পরিমাণ ৭০০ কোটি ডলার, যা আগের অর্থবছরের তিন গুণ বেশি।