কুস্তির লড়াইয়ে এবার রাজনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুস্তিগীরেরা কুস্তি ফেডারেশনের সভাপতি বিজেপির সংসদ সদস্য ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে সাংবাদিকদের ব্রিফ করেন নারী কুস্তিগীর বিনেশ ফোগত। যন্তর মন্তর, নয়াদিল্লি, ২৯ এপ্রিল
ছবি: এএনআই

আন্তর্জাতিক পদকপ্রাপ্ত ভারতীয় কুস্তিগীরদের সঙ্গে কুস্তি ফেডারেশন অব ইন্ডিয়ার সভাপতির লড়াইয়ে অবশেষে রাজনীতির রং লেগেছে। এত দিন এটা ছিল ফেডারেশন সভাপতির বিরুদ্ধে কিছু খেলোয়াড়ের লড়াই। সরকারি ঔদাসীন্যের অভিযোগকে কেন্দ্র করে ক্রমেই তা হয়ে উঠেছে বিজেপি বনাম বিরোধী দলের রাজনৈতিক যুদ্ধ।

এই যুদ্ধে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করায় কুস্তি ফেডারেশনের সভাপতি বিজেপির সংসদ সদস্য ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে শেষ পর্যন্ত এফআইআর দাখিল করতে দিল্লি পুলিশ রাজি হয়েছে। গতকাল শুক্রবার রাতে দুটি এফআইআর দায়ের হয়। দুটিই নারী কুস্তিগীরদের শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে। একটি আবার নাবালিকাকে নির্যাতনের অভিযোগে ‘দ্য প্রটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস’ বা ‘পকসো’ আইনে।

তবে এফআইআর দায়ের করা হলেও আজ শনিবার বিকেল পর্যন্ত ব্রিজভূষণকে গ্রেপ্তার করা হয়নি। তাঁকে গ্রেপ্তার করা হবে কি না, সে বিষয়ে দিল্লি পুলিশ কিছু জানায়ওনি। আন্দোলনরত কুস্তিগীরদের দাবি, অবিলম্বে ব্রিজভূষণকে সভাপতি পদ থেকে সরানো হোক। তাঁদের অভিযোগ, সরকার ইচ্ছাকৃতভাবে তদন্তের খবর ফাঁস করে দিয়েছে। এমনকি নাবালিকা অভিযোগকারীর পরিচয়ও প্রকাশ করে দিয়েছে। ব্রিজভূষণ শনিবার সংবাদ সম্মেলন করে বলেছেন, তিনি নির্দোষ। আইন ও আদালতের প্রতি তিনি শ্রদ্ধাশীল কিন্তু অপরাধের দায় নিয়ে পদত্যাগ করতে রাজি নন।

কুস্তিগীরদের অভিযোগ বেশ পুরোনো। আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক জেতা নারী কুস্তিগীর বিনেশ ফোগত, সাক্ষী মালিক, বজরঙ্গ পুনিয়াসহ বেশ কয়েকজন নারী ও পুরুষ কুস্তিগীরের অভিযোগ, ফেডারেশন সভাপতি ও বিজেপির সংসদ সদস্য ব্রিজভূষণ নারী কুস্তিগীরদের সঙ্গে বারবার অশালীন আচরণ করেছেন। মোট সাতজন নারী কুস্তিগীরকে তিনি যৌন হেনস্তা করেছেন বলে অভিযোগ। তাঁদের মধ্যে এক নাবালিকাও তাঁর ‘লালসার শিকার’। নানা মহলে অভিযোগ জানিয়েও লাভ না হওয়ায় গত জানুয়ারি মাসে তাঁরা রাজধানীর যন্তর মন্তর এলাকায় অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন। অভিযোগ খতিয়ে দেখতে কেন্দ্রীয় সরকার এক কমিটি গঠন করে। কমিটি সরকারের কাছে প্রতিবেদনও পেশ করেছে। কিন্তু প্রতিবেদনে কী আছে তা জানানো হয়নি। কোনো ব্যবস্থাও গৃহীত হয়নি। বাধ্য হয়ে কুস্তিগীরেরা চার দিন আগে নতুন করে অবস্থান আন্দোলন শুরু করেন। দিল্লি পুলিশও এত দিন কোনো ব্যবস্থা নেয়নি। ফলে কুস্তিগীরেরা সুপ্রিম কোর্টের শরণাপন্ন হন। সুপ্রিম কোর্টের নির্দেশে দিল্লি পুলিশ শুক্রবার রাতে ব্রিজভূষণের বিরুদ্ধে দুটি এফআইআর দায়ের করে। কুস্তিগীরেরা তবু ধরনাস্থল থেকে সরতে রাজি নন। দিল্লি পুলিশ এরপর কী করতে চায়, তা তাঁরা দেখতে চান। তাঁদের দাবি, সরকার ব্রিজভূষণকে সভাপতি পদ থেকে সরিয়ে দিক। অথচ সরকার নির্বিকার।

এ অবস্থায় শনিবার কুস্তিগীরেরা অভিযোগ করেন, ধরনাস্থলে বিদ্যুৎ–যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। জল বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো নাগরিক পরিষেবা পাওয়া যাচ্ছে না। তাঁদের ধরনা তুলে নিতে জোর দেওয়া হচ্ছে।

যন্তর মন্তরে গিয়ে আন্দোলনরত কুস্তিগীরদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা। নয়াদিল্লি, ২৯ এপ্রিল
ছবি: এএনআই

কুস্তিগীরেরা গত জানুয়ারি মাসে যখন প্রথম আন্দোলন শুরু করেন, তখন তাঁরা ধরনা মঞ্চে কোনো রাজনৈতিক নেতাকে উপস্থিত হতে দেননি। তাঁরা বলেছিলেন, এই লড়াই অরাজনৈতিক। কিন্তু কেন্দ্রীয় সরকারের ‘টালবাহানা ও নিষ্ক্রিয়তার’ ফলে দ্বিতীয় দফার আন্দোলন তাঁরা উন্মুক্ত করে দেন। তাঁরা জানান, আন্দোলনের সমর্থনে যাঁরা এগিয়ে আসবেন প্রত্যেকেই স্বাগত। ফলে এবার দেখা গেল কংগ্রেস, সিপিএম, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টির নেতারা ধরনা মঞ্চে গিয়ে আন্দোলনকারীদের পাশে দাঁড়াচ্ছেন। শনিবার যন্তর মন্তরে যান কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা। এর আগে গিয়েছিলেন হরিয়ানার সাবেক কংগ্রেস মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা। সিপিএমের বৃন্দা কারাতও তাঁদের সমর্থনে পাশে দাঁড়িয়েছেন। সদলে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের দুই সংসদ সদস্য দোলা সেন ও অপরূপা পোদ্দার। আম আদমি পার্টির নেত্রী দিল্লির মন্ত্রী আতিশি সমাবেশে গিয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, ক্রীড়ামন্ত্রী খেলোয়ারদের ‘উচ্ছৃঙ্খল’ বলেছেন। ভারতের সাবেক ক্রীড়া নক্ষত্র পি টি ঊষাও কুস্তিগীরদের সমালোচনা করে এক বিবৃতি দেন। তাতে তিনি বিভিন্ন মহলের প্রবল সমালোচনার মুখে পড়েছেন।

ফেডারেশন সভাপতি ব্রিজভূষণ বলেছেন, এই অভিযোগের পেছনে আছে এক বিশেষ ‘আখড়া’ ও ‘একটি বিশেষ পরিবার’। তিনি তাদের রাজনীতির শিকার। নিজেকে নির্দোষ প্রতিপন্নের পাশাপাশি তিনি আইন ও বিচারব্যবস্থার প্রতি বিশ্বস্ত থাকার কথা বলেছেন। পদত্যাগ করতে অনীহার কথাও জানিয়েছেন।

প্রশ্ন অনেক। প্রথম প্রশ্ন, সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ সত্ত্বেও এত দিন কেন ব্রিজভূষণের বিরুদ্ধে দিল্লি পুলিশ অভিযোগ দায়ের করেনি? দ্বিতীয় প্রশ্ন, সরকারি অনুসন্ধান কমিটির রিপোর্ট কেন এত দিনেও প্রকাশ করা হয়নি? তৃতীয় প্রশ্ন, নাবালিকার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ সত্ত্বেও কেন অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হয়নি? ‘পকসো’ আইন অনুযায়ী কেন পুলিশ ব্যবস্থা নেয়নি? সবচেয়ে বড় কথা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাতজন নারী ক্রীড়াবিদের অভিযোগ সত্ত্বেও সরকার গত চার মাস ধরে কেন নীরব? কেন সুপ্রিম কোর্টের নির্দেশের জন্য দিল্লি পুলিশকে অপেক্ষা করতে হয়? কেনই–বা ব্রিজভূষণকে স্বপদে বহাল রাখা হয়?

স্পষ্টতই, উত্তর প্রদেশের প্রভাবশালী সংসদ সদস্য ব্রিজভূষণের বিরুদ্ধে বিজেপি ও কেন্দ্রীয় সরকার কোনো রকম ব্যবস্থা গ্রহণে প্রস্তুত নয়। কৃষক আন্দোলনের সময় উত্তর প্রদেশের লখিমপুর খেরি জেলায় আন্দোলনরত কৃষকদের সমাবেশে গাড়ি চালিয়ে কৃষক হত্যার অভিযোগে ধৃত আশিস মিশ্রর বাবা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রকেও মন্ত্রিসভা থেকে সরানো হয়নি। কুস্তিগীরদের আন্দোলন এত দিন ছিল অরাজনৈতিক। এখন রাজনীতির রং লেগেছে। সুপ্রিম কোর্টও আসরে অবতীর্ণ। এই আবহে কেন্দ্রীয় সরকারের অবস্থান কী হয়, সেদিকে সবার নজর।

আরও পড়ুন