বিহারে জেডিইউ-বিজেপি জোট সরকার ভাঙনের মুখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ডানে)
ফাইল ছবি: এএনআই

ভাঙনের দ্বারপ্রান্তে বিহারের জনতা দল-ইউনাইটেড (জেডিইউ) ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জোট সরকার। শিগগিরই বিজেপির সঙ্গ ত্যাগের ঘোষণা দিতে পারে জেডি। সূত্রগুলো জানিয়েছে, বিকল্প সরকার গঠনের পরিকল্পনা করছে জেডিইউ। খবর এনডিটিভির।

সূত্রগুলো জানায়, তেজস্বী যাদবের নেতৃত্বাধীন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি), লেফট ফ্রন্ট ও কংগ্রেসকে সঙ্গে নিয়ে বিকল্প সরকার গঠনের পরিকল্পনা করছে নীতিশ কুমারের নেতৃত্বাধীন জেডিইউ। বেশির ভাগ বিধায়ক মধ্যবর্তী নির্বাচন চান না বলেই বিকল্প জোট গঠিত হচ্ছে।

বিজেপির বিরুদ্ধে দলে ভাঙন ধরানোর অভিযোগ এনেছে জেডিইউ। বিজেপির সঙ্গে দলের সাবেক প্রধান আরসিপি সিংয়ের ঘনিষ্ঠতাকে সর্বশেষ জটিলতা হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন

আগামীকাল মঙ্গলবার জেডিইউয়ের সব বিধায়ক ও পার্লামেন্ট সদস্যকে নিয়ে বৈঠক ডেকেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এতে বিজেপির সঙ্গে তাঁর ক্রমবর্ধমান দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে আসতে পারে বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

নীতিশের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, বিহারের বিজেপি নেতারা যেভাবে তাঁকে আক্রমণ করে কথা বলেছেন, এতে তিনি হতাশ। একই সময়ে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব অন্য পথ খুঁজছে।

গত মাসে আরসিপি সিংকে আরেকটি আসন দিতে অস্বীকৃতি জানিয়েছে নীতিশ কুমারের দল। তাঁর বিরুদ্ধে অভিযোগ, নীতিশ কুমারের সঙ্গে আলোচনা না করেই গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় যোগ দেন তিনি। তাঁর পরিবারের সম্পদ নিয়ে দলের পক্ষ থেকে প্রশ্ন উঠলে আরসিপি সিং দল থেকে পদত্যাগ করেন।

তবে জেডিইউয়ের সাবেক সভাপতি ও ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের (আইএএস) সাবেক এই কর্মকর্তা বলেন, ‘আমি কেন্দ্রীয় মন্ত্রী হওয়ায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমি শুধু এ কথাই বলব—ঈর্ষাকাতরতার কোনো চিকিৎসা নেই।’

গতকাল রোববার জেডিইউ ছেড়ে যাওয়ার সময় তিনি আরও বলেন, ‘সাত জনমেও প্রধানমন্ত্রী হতে পারবেন না নীতিশ কুমার।’ জেডিইউকে ডুবন্ত জাহাজ বলেও মন্তব্য করেন দলটির সাবেক এই প্রধান।

আরও পড়ুন

তাঁর বক্তব্যের জবাবে জেডিইউয়ের জাতীয় সভাপতি রাজিব রঞ্জন বলেন, কেন্দ্রীয় সরকারে যোগ দেওয়ার কি প্রয়োজন ছিল? মুখ্যমন্ত্রী ২০১৯ সালে সিদ্ধান্ত নিয়েছিলেন, দল কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগ দেবে না।

জেডিইউ অদূর ভবিষ্যতেও কেন্দ্রীয় সরকারে যোগ দেবে না বলে সাংবাদিকদের জানান তিনি। ফলে এই দ্বন্দ্বের অবসান হচ্ছে না বলেই গুঞ্জন বাড়ছে।