ভারতে ৮০০ বছরের পুরোনো মসজিদ নিয়ে বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মহারাষ্ট্র রাজ্যের জলগাঁও জেলার জুমা মসজিদ
ছবি: টুইটার থেকে নেওয়া

মসজিদের নাম জুমা মসজিদ। ভারতের মহারাষ্ট্র রাজ্যের উত্তরাঞ্চলীয় জলগাঁও জেলার এরন্দোল তালুকে এই মসজিদ প্রায় ৮০০ বছরের পুরোনো। বর্তমানে এটি ওয়াকফ বোর্ডের অধীনে নিবন্ধিত সম্পত্তি।

প্রাচীন এই মসজিদে এখনো মানুষ নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। তবে এত বছর পর মসজিদ নিয়ে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে।

জলগাঁওয়ের কালেক্টর আমান মিত্তালের কাছে চলতি বছরের মে মাসে পান্ডবওয়াদা সংগ্রাম সমিতি নামের স্থানীয় অনিবন্ধিত একটি হিন্দুত্ববাদী সংগঠন আনুষ্ঠানিক অভিযোগ এনেছে। এই সংগঠনের মতে, মসজিদটি একটি হিন্দু উপাসনালয়ের ওপর নির্মাণ করা হয়েছে। সেই হিসাবে, মসজিদ কমিটি বেআইনিভাবে এ জায়গা দখলে রেখেছে। স্থানীয় কর্তৃপক্ষের উচিত জায়গাটি পুনরুদ্ধার করা।

পান্ডবওয়াদা সংগ্রাম সমিতির পক্ষে এই অভিযোগ করেন প্রসাদ মধুসূদন ডান্ডাওয়াতে নামের এক ব্যক্তি। তাঁর ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখা গেছে, তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস), বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) এবং বজরং দলের সদস্য।

জুমা মসজিদ ট্রাস্টের সদস্যরা বলেন, গত জুনের শেষের দিকে এ-সংক্রান্ত নোটিশ পান তাঁরা। এর আগে তিনি অভিযোগের বিষয়ে কিছুই জানতেন না।

বুঝতে শেখার পর থেকে আমি এই মসজিদে মুসল্লিদের নামাজ পড়তে দেখছি
—আসলাম, জুমা মসজিদ ট্রাস্টের অ্যাডহক সদস্য।

ট্রাস্টের অ্যাডহক সদস্য আসলাম বলেন, জেলা কালেক্টর ইতিমধ্যে শুনানি করেছেন। ১১ জুলাই এই মসজিদে প্রবেশ করার বিষয়ে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছেন। এটা নজিরবিহীন। বুঝতে শেখার পর থেকে আমি এই মসজিদে মুসল্লিদের নামাজ পড়তে দেখছি।

আরও পড়ুন

মসজিদের ট্রাস্ট কমিটির পাশাপাশি ওয়াকফ বোর্ড ও আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়াকে (এএসআই) নোটিশ দিয়েছে কালেক্টরের দপ্তর। ট্রাস্ট কমিটি এই মসজিদকে ‘প্রাচীন স্থাপনা’ বলে উল্লেখ করেছে। তাতে সায় দিয়েছে এএসআই। এমনকি ১৯৮৬ সাল থেকে মসজিদটির দেখভালের কাজে যুক্ত রয়েছে এএসআই। সংস্থাটি বলেছে, এই মসজিদ প্রাচীনকাল থেকেই মুসলিম সম্প্রদায়ের জন্য একটি উন্মুক্ত জায়গা হিসেবে পরিচিত।

আরও পড়ুন

ওয়াকফ বোর্ড জানিয়েছে, মসজিদে মুসল্লিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে আদেশ জারির এখতিয়ার কালেক্টরের নেই। ওয়াকফ আইন অনুযায়ী তিনি এটা করতে পারেন না। বোর্ডের ডেপুটি সিইও জুনায়েদ সায়েদ বলেন, আইন মেনে চললে বিরোধ নিষ্পত্তির দায়িত্ব একমাত্র ওয়াকফ বোর্ডের।

ওয়াকফ বোর্ডের সিইও মঈন তহশিলদার বলেন, মসজিদে মুসল্লিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে কালেক্টর স্পষ্টতই তাঁর এখতিয়ার-বহির্ভূত কাজ করেছেন। তিনি ওয়াকফ ট্রাইব্যুনালের আইনি এখতিয়ার লঙ্ঘন করেছে। তিনি শুধু আইনশৃঙ্খলার দিকটি দেখতে পারেন, বাকি সবকিছুর দায়িত্ব বোর্ডের।

আরও পড়ুন

মঈন তহশিলদার বলেন, ‘আমরা এই আদেশ চ্যালেঞ্জ করেছি। ১৩ জুলাই মুম্বাই হাইকোর্টে শুনানির দিন ধার্য ছিল। কিন্তু কালেক্টরের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ১৮ জুলাই (আগামীকাল মঙ্গলবার) পর্যন্ত তা পিছিয়েছেন। শুনানি না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। মসজিদটির ট্রাস্টের পক্ষ থেকে পুরোনো সব নথিপত্র আদালতে জমা দেওয়া হয়েছে।

আরও পড়ুন