ভারতে বিবিসি কার্যালয়ে দিনভর তল্লাশি, কিছুই জানায়নি আয়কর বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গে গতকাল বাজেট অধিবেশনে বিবিসির কার্যালয়ে তল্লাশির সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ছবি: এএনআই

ভারতে বিবিসির দিল্লি ও মুম্বাই কার্যালয়ে আজ বুধবারও সারা দিন ধরে আয়কর বিভাগের কর্মকর্তারা তল্লাশি চালাচ্ছেন। আয়কর বিভাগ যদিও এ তল্লাশিকে ‘আয়কর জরিপ’ বলে দাবি করছে। তল্লাশিতে কী কী নথি ও তথ্য পাওয়া গেছে, সে বিষয়ে আজ সন্ধ্যা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

অবশ্য কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, কর্মকর্তাদের আয়কর জরিপের কাজ শেষ হলে সংস্থার পক্ষ থেকে নিয়মমাফিক বিবৃতি দেওয়া হবে।

আজ সন্ধ্যায় তল্লাশি চলছে কি না, সে ব্যাপারেও স্পষ্ট কিছু জানা যায়নি। তবে আয়কর কর্মকর্তাদের তল্লাশি শেষ হওয়ার আগে জল্পনা চলছে, তাঁদের এ তল্লাশি বৃহস্পতিবারও জারি থাকবে কি না।

আরও পড়ুন

বিবিসির পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের সবাইকে আয়কর বিভাগের তদন্তকারী দলকে সহযোগিতা করতে বলা হয়েছে। অধিকাংশকে বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে। সংস্থার কর্মীদের সঙ্গে আয়কর কর্মকর্তাদের বচসার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। এ নিয়ে দেশের রাজনীতি সরগরম।

বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যের সরকার পরিস্থিতির ওপর নজর রেখেছে। সে দেশের প্রধানমন্ত্রী ঋষি সুনক বা তাঁর সরকার আনুষ্ঠানিকভাবে এখনো কোনো মন্তব্য করেনি।

গতকাল মঙ্গলবার সকালে তল্লাশি অভিযান শুরুর পর ভারতের বিভিন্ন বিরোধী দল ও নেতারা এ তল্লাশি অভিযানের সমালোচনা ও নিন্দা জানান। পাল্টা সরব হয় বিজেপিও। শাসক দল বিজেপির মুখপাত্র বিরোধীদের ‘ভন্ড, ভারতবিরোধী, ঔপনিবেশিক মানকিসতাসম্পন্ন’ সংগঠন বলে মন্তব্য করেছেন। বিজেপির মতে, ভারত ও প্রধানমন্ত্রী মোদিকে কালিমালিপ্ত করতে তারা ষড়যন্ত্র করছে।

বিরোধীদের সমালোচনা আজও অব্যাহত। কংগ্রেস মুখপাত্র পবন খেরা সংবাদ সম্মেলনে বিস্ময় প্রকাশ করে বলেন, এই নরেন্দ্র মোদিই একটা সময় বিবিসির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। তাদের নিরপেক্ষতা নিয়ে মুখর ছিলেন। অথচ আজ তারা খারাপ হয়ে গেল গুজরাট দাঙ্গা নিয়ে তথ্যচিত্র তৈরির জন্য!

আরও পড়ুন

পবন খেরা বলেন, বিদেশি গণমাধ্যমে ভারতের শাসক দলের সাম্প্রদায়িকতা বা মানবাধিকার রক্ষা নিয়ে প্রশ্ন তুললেই দেশদ্রোহী হয়ে যায়। ষড়যন্ত্র ও চক্রান্তের অভিযোগে দুষ্ট হয়। তাঁর প্রশ্ন, তাহলে কি ধরে নিতে হবে এই সরকারের পররাষ্ট্রনীতি এতটাই দুর্বল? দেশি গণমাধ্যমের ওপরে তাহলে কেন এত আক্রমণ নেমে আসছে?

কংগ্রেসের মুখপাত্র বলেন, ভারত যদি ‘গণতন্ত্রের মা’ হয়, তাহলে নরেন্দ্র মোদি ‘ভন্ডামির পিতা’। তিনি বিদেশিদের কাছে থেকে পুরস্কার পেলে উৎফুল্ল হন। অথচ সমালোচিত হলেই গোটা দল নিয়ে ঝাঁপিয়ে পড়েন।

বিবিসির কার্যালয়ে তল্লাশির বিরুদ্ধে সরব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আজ পশ্চিমবঙ্গে বাজেট পেশ অনুষ্ঠানে তিনি বলেন, নরেন্দ্র মোদির বিরুদ্ধে সত্য প্রকাশের অপরাধে বিবিসিকে কেন্দ্রীয় সরকার নিশানা করেছে। বিবিসি সত্য এবং হালনাগাদ তথ্য দেয়। তারা এই সরকারের বিরুদ্ধে কিছু বলেছে বলেই প্রতিহিংসাবশত সরকার ঝাঁপিয়ে পড়েছে।

মমতা বলেন, সরকার সংবাদমাধ্যমের কণ্ঠ রোধ করছে। যা ইচ্ছা তা–ই করছে। এমন চলতে থাকলে একদিন দেশে কোনো মিডিয়ার অস্তিত্ব থাকবে না।

আরও পড়ুন