করোনার ভুয়া টিকা নিয়ে পশ্চিমবঙ্গে তুলকালাম, মামলা দায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গে একাধিক কেন্দ্রে করোনার ভুয়া টিকা দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে দেবাঞ্জন দেবকে।
ছবি: ভাস্কর মুখার্জি

করোনার ভুয়া টিকা দেওয়ার ঘটনা নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতি। অভিযোগের আঙুল উঠেছে রাজ্যে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের নেতাদের দিকে। যদিও এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ছাড় দিতে নারাজ মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রাজ্য বিজেপির দাবি, এ ঘটনার মদদদাতাদের খুঁজে বের করতে হবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে তদন্তের ভার দিতে হবে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে।

ভুয়া টিকা দেওয়ার ঘটনা প্রকাশের পরে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশও। কলকাতা পুলিশের গোয়েন্দা কর্মকর্তা সৈকত ঘোষের নেতৃত্বে ১০ সদস্যের একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আটক দেবাঞ্জন দেবকে। কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্রকে এ ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন মমতা। তাঁর নির্দেশ, এ ঘটনায় পুলিশ যেন কোনো আপস না করে, সহানুভূতি না দেখায়।

মমতার এমন কড়া নির্দেশনার পরও রাজ্য বিজেপির নেতারা ভুয়া টিকাকাণ্ড নিয়ে সরব হয়েছেন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘কলকাতায় ভুয়া টিকা দেওয়ার ক্যাম্প চলছে। দুর্ভাগ্যের বিষয়, একজন সাংসদও এই ভুয়া টিকা নিয়েছেন। আমার মনে হয়, এর পেছনে বহু প্রভাবশালী যুক্ত রয়েছেন। তাঁদের চিহ্নিত করা উচিত। পশ্চিমবঙ্গের মানুষ গিনিপিগ নয়।’
দিলীপ ঘোষ আরও বলেন, এর পেছনে বড় কোনো ষড়যন্ত্র থাকতে পারে। তাই সিবিআইকে দিয়ে এ ঘটনার তদন্ত করাতে হবে। তাহলেই বেরিয়ে পড়বে আসল দোষী ব্যক্তিদের নাম।

অনেকটা একই সুরে কথা বলেছেন বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ। তিনি অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূলের মন্ত্রী ফিরহাদ হাকিম, পৌর করপোরেশনের স্বাস্থ্য বিভাগের প্রধান অতীন ঘোষ ও তৃণমূল সাংসদ শান্তনু সেনের বিরুদ্ধে। তাঁর প্রশ্ন, রাজ্যের ক্ষমতাসীন দলের নেতা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে কেন মামলা হবে না?

ভুয়া টিকাকাণ্ডের বিষয়ে সিবিআইয়ের তদন্ত চেয়ে গতকাল শুক্রবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থে একটি মামলা হয়েছে। মামলার বাদী আইনজীবী সন্দীপন দাস। আগামী সপ্তাহে মামলাটির শুনানি হতে পারে।

গত মঙ্গলবার কলকাতার কসবায় একটি কেন্দ্রে গিয়ে করোনার টিকা নেন তৃণমূলের সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তী। এ সময় তাঁকে দেওয়া হয়নি কোনো সনদ। জানানো হয়, মোবাইলে পাঠানো হবে টিকার সনদ। কিন্তু সেই সনদ না আসায় সন্দেহ হয় মিমির। পুলিশ ডাকেন তিনি। আটক করা হয় ওই কেন্দ্রের পরিচালক দেবাঞ্জন দেবকে। এরপরই কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে আসে সাপ।

পুলিশি তদন্তে জানা গেছে, নিজেকে একজন আইএএস কর্মকর্তা ও কলকাতা করপোরেশনের যুগ্ম কমিশনার হিসেবে পরিচয় দিয়ে ভুয়া টিকার কেন্দ্র চালাতেন দেবাঞ্জন। সরকারি স্টিকার বসানো গাড়িতে চড়তেন। ছিল সশস্ত্র নিরাপত্তারক্ষীও। দেবাঞ্জন ১৩ জনের একটি দল তৈরি করে তাদের দিয়ে ভুয়া টিকা দেওয়ার কেন্দ্র পরিচালনা করতেন। পুলিশ ইতিমধ্যে ১১ জনকে চিহ্নিত করেছে। দেবাঞ্জনের কসবার দপ্তরে অভিযান চালিয়ে বেশ কিছু ভুয়া করোনার টিকা উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন

দেবাঞ্জন শুরুতে কলকাতার পাইকারি ওষুধের বাজার বড়বাজারের বাগরি মার্কেটের এক ওষুধ ব্যবসায়ীর কাছ থেকে একধরনের অ্যান্টিবায়োটিক ইনজেকশন কিনেছিলেন। পরে লেবেল পরিবর্তন করে করোনার টিকা কোভিশিল্ড, কোভ্যাকসিন ও স্পুতনিক-ভির লেবেল লাগিয়ে নেন। এসব ভুয়া টিকা ব্যবহার করা হতো তাঁর টিকাদান কেন্দ্রে।

দেবাঞ্জনের চালচলনে এতটুকু ঘাটতি ধরা পড়েনি। তিনি কসবার টিকাকেন্দ্রে গত ১০ দিনে বিনা মূল্যে প্রায় দেড় হাজার মানুষকে করোনার ভুয়া টিকা দিয়েছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, শুধু কসবায় নয়, কলকাতার সিটি কলেজেও টিকাদান কেন্দ্র খুলে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদেরও ভুয়া টিকা দিয়েছেন তিনি। এমনকি নিজের প্রতিষ্ঠানের কর্মীদেরও তিনি এই ভুয়া টিকা দিয়েছেন। কসবায় সাংসদ মিমিকেও করোনার এই ভুয়া টিকা দেওয়া হয়েছে।

বাগরি মার্কেটের ওষুধ ব্যবসায়ী সঞ্জয় মুকিমের কাছ থেকে অ্যান্টিবায়োটিক ইনজেকশন কিনেছিলেন দেবাঞ্জন। সঞ্জয় মুকিম বলেন, দেবাঞ্জন নিজেকে কলকাতা পৌর করপোরেশনের যুগ্ম কমিশনার পরিচয় দিয়ে পৌরসভার জন্য দুই দফায় অ্যান্টিবায়োটিক ইনজেকশন কিনেছিলেন। ২২ হাজার রুপি পরিশোধ করলেও এখনো ৫৫ হাজার রুপি পাওনা রয়ে গেছে।

অ্যান্টিবায়োটিক ইনজেকশন নিয়ে কলকাতার চিকিৎসকেরা বলছেন, এই অ্যান্টিবায়োটিক যকৃৎ ও স্নায়ুর ক্ষতি করে। ডায়াবেটিক রোগীদের কিডনির ক্ষতি করে। এই অ্যান্টিবায়োটিক সাধারণত ইউরিন ইনফেকশন সারাতে ব্যবহৃত হয়।

শুধু তা–ই নয়, কলকাতা পৌর করপোরেশনের বিশেষ কমিশনার তাপস চৌধুরীর সই জাল করে দেবাঞ্জন তিনটি ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন। এ সময় তিনি পৌর করপোরেশনের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছেন। কসবার এক ব্যবসায়ীর কাছ থেকে কমিউনিটি সেন্টার গড়ার নামে ৯০ লাখ রুপি ও আরেক ব্যবসায়ীর কাছ থেকে ২৬ লাখ রুপি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দেবাঞ্জনের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, দেবাঞ্জন সরলা ডেভেলপমেন্ট মাইক্রো ফিন্যান্স নামের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে করোনার টিকা দেওয়ার নাম করে ১ লাখ ১১ হাজার রুপি নিয়েছেন।

এদিকে দেবাঞ্জনের কেন্দ্রে যাঁদের করোনার ভুয়া টিকা দেওয়া হয়েছে, তাঁদের স্বাস্থ্য পরীক্ষার জন্য চারজন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে একটি দল গঠন করা হয়েছে। তাঁদের কাজ হবে, ভুয়া টিকা নেওয়া মানুষের পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কা আছে কি না বা এরই মধ্যে তা হয়েছে কি না, সেগুলো পরীক্ষা করা। মুখ্যমন্ত্রী মমতা এই বিশেষজ্ঞ দল গঠনের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন