হিজাব–বিতর্কের মধ্যেই কর্ণাটকে কাল কলেজ খুলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিজাব নিয়ে বিতর্কের মধ্যেই কর্ণাটকে কলেজ খুলছে কাল
ছবি: এএনআই

হিজাব নিয়ে বিতর্কের মধ্যেই ভারতের কর্ণাটক রাজ্যের কলেজ ও ডিপ্লোমা ইনস্টিটিউট কাল বুধবার থেকে খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বাসাভারাজ বোম্মাই। উচ্চশিক্ষামন্ত্রী সি এন অশ্বত্থ নারায়ণ, সংখ্যালঘু কল্যাণমন্ত্রী শ্রীমন্ত পাতিল ও রাজস্বমন্ত্রী আর অশোকার সঙ্গে স্থানীয় সময় গতকাল সোমবার সন্ধ্যায় এক বৈঠকে মুখ্যমন্ত্রী এ আহ্বান জানান। খবর এনডিটিভির

কলেজ ক্যাম্পাসে নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে বলেছেন মুখ্যমন্ত্রী। উচ্চশিক্ষামন্ত্রী অশ্বত্থ নারায়ণের কার্যালয় বলেছে, পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা এবং অন্য সব কলেজ কাল থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ওই বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী কলেজগুলো খোলার পর নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন।

আরও পড়ুন

আদালতের নির্দেশে গতকাল সকাল থেকে কর্ণাটকে সব স্কুল খুলে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, স্কুল ক্যাম্পাসে ঢোকার আগে শিক্ষার্থীদের হিজাব খুলে ফেলতে বলা হয়েছে। কিছু শিক্ষার্থী হিজাব খুলতে রাজি না হওয়ায় বাড়িতে ফিরে যান।

বেশ কিছুদিন ধরে ভারতের দক্ষিণি রাজ্য কর্ণাটকে হিজাব-বিতর্ক গুরুতর আকার ধারণ করেছে। এই সংকটের শুরু হয়েছিল কর্ণাটকের উদুপি জেলায়। গত ডিসেম্বরের ঘটনা এটি। হিজাব পরার জন্য শ্রেণিকক্ষে ঢুকতে দেওয়া হচ্ছে না, এমন অভিযোগ করেন উদুপি জেলায় সরকারি গার্লস পিইউ কলেজের ছয় শিক্ষার্থী। এরপর মুসলিম ছাত্রীরা এর প্রতিবাদ শুরু করেন। এ নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যেই রাজ্যটিতে হিজাব নিয়ে বিতর্ক শুরু হয়। এই প্রতিবাদ এখন বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে। এমনকি বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। হিজাব আপাতত পরতে নিষেধ করেছেন কর্ণাটকের হাইকোর্ট। সেই সঙ্গে দেশটির সুপ্রিম কোর্ট এ বিতর্ক জাতীয় পর্যায়ে ছড়িয়ে না দেওয়ার পরামর্শ দিয়েছেন।