কলকাতা হাইকোর্টে এবার ভোট পুনর্গণনার আরজি বিজেপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতা হাইকোর্টের ফাইল ছবি।
প্রথম আলো

ভারতের পশ্চিমবঙ্গের এবারের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার প্রায় দুই মাস হতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করেছে। এরপরও নির্বাচন নিয়ে জটিলতা কাটছে না। রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস নন্দীগ্রামসহ পাঁচটি আসনে কারচুপির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে আগেই পিটিশন দায়ের করেছে। দাবি তুলেছে ভোট পুনর্গণনার। এবার একই পথে হাঁটল বিজেপিও। গতকাল মঙ্গলবার বিজেপি প্রার্থীদের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে দুটি আসনের ফল পুনর্গণনার আবেদন করা হয়েছে।  

এবারের বিধানসভা নির্বাচনে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর ও পূর্ব মেদিনীপুরের মহিষাদল আসনে ভোটে কারচুপির অভিযোগ বিজেপির। পাণ্ডবেশ্বরে বিজেপির প্রার্থী ছিলেন আসানসোলের সাবেক মেয়র জিতেন্দ্র তিওয়ারি। তিনি তৃণমূলের প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর কাছে পরাজিত হয়েছেন। ভোটের ব্যবধান ছিল ৩ হাজার ৮০৩। অন্যদিকে মহিষাদলে বিজয়ী হয়েছেন তৃণমূলের তিলক চক্রবর্তী। তাঁর কাছে মাত্র ২ হাজার ৩৮৬ ভোটের ব্যবধানে হেরেছেন বিজেপির বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়। এ দুটি আসনে ভোটের ফল পুনর্গণনার আবেদন করা হয়েছে। রাজ্য বিজেপির পক্ষ থেকে জানা গেছে, পশ্চিমবঙ্গের এবারের বিধানসভা নির্বাচনে আরও আটটি আসনের ফল পুনর্গণনার আরজি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবে বিজেপি।

যদিও এবারের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিনেই কারচুপির অভিযোগ প্রথম তুলেছিলেন মমতা নিজেই। পূর্ব মেদিনীপুরের আলোচিত নন্দীগ্রাম আসনে বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন তিনি। ব্যবধান ছিল ১ হাজার ৯৫৬ ভোটের। শুভেন্দু একসময় মমতার ঘনিষ্ঠ মিত্র ছিলেন। পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে মতবিরোধের জের ধরে এবারের নির্বাচনের আগে মমতার পক্ষ ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। পরে মমতার বিরুদ্ধে তাঁকে প্রার্থী করে বিজেপি। জয়ী হয়ে এখন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের নেতা হয়েছেন শুভেন্দু।

শুভেন্দুকে চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণা করার আগে চরম নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল নন্দীগ্রামে। শুরুতে মমতাকে জয়ী বলা হলেও নাটকীয়তা শেষে চূড়ান্ত জয় পান শুভেন্দু। তবে শুভেন্দুর এ জয় মানতে পারেননি মমতা। তখন থেকেই নন্দীগ্রামে ভোট কারচুপির অভিযোগ করে আসছেন মমতা। ফল ঘোষণার দিনই এ বিষয়ে আদালতে যাওয়ার ঘোষণা দেন। সেই মোতাবেক ১৭ জুন মমতা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। মমতার ওই আবেদনের শুনানি চলছে।

এদিকে মমতার পথ ধরে তৃণমূলের পরাজিত আরও চার প্রার্থী নির্বাচনে কারচুপির অভিযোগ এনে কলকাতা হাইকোর্টে পিটিশন দায়ের করেছেন। এবারের বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ দক্ষিণ আসনের তৃণমূলের প্রার্থী ছিলেন আলো রানী সরকার। তিনি বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের কাছে ২ হাজার ৪ ভোটে হেরেছেন। পুরুলিয়ার বলরামপুর আসনে তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাত মাত্র ৪২৩ ভোটের ব্যবধানে হেরেছেন বিজেপির বানেশ্বর মাহাতের কাছে। হুগলির গোঘাট আসনে তৃণমূল প্রার্থী মানস মজুমদার ৪ হাজার ১৪৭ ভোটে হেরেছেন বিজেপি প্রার্থী বিশ্বনাথ কারকের কাছে। আর পূর্ব মেদিনীপুরের ময়না আসনে ১ হাজার ২৬০ ভোটে তৃণমূল প্রার্থী সংগ্রাম কুমার দলুই হেরে যান বিজেপি প্রার্থী অশোক দিন্দার কাছে। এই চারজন ভোটের ফল চ্যালেঞ্জ করে পুনর্গণনার দাবিতে কলকাতা হাইকোর্টে আইনি লড়াইয়ে নেমেছেন।

আরও পড়ুন