ভারতের পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে ভোট কারচুপির অভিযোগ তুলেছিল তৃণমূল কংগ্রেস। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে পিটিশন দায়ের করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একক বেঞ্চে শুনানিও হয়েছিল মামলাটির। তবে তৃণমূল জানায়, বিচারপতি কৌশিক চন্দের বিজেপির সঙ্গে সম্পৃক্ততা রয়েছে। এই কারণে পিটিশনটি অন্য বেঞ্চে স্থানান্তরের আবেদন করেছিলেন মমতা। সেই আবেদনে সাড়া না দিয়ে আজ বৃহস্পতিবার আগের একক বেঞ্চেই মমতার ওই মামলার শুনানি হয়েছে।
নন্দীগ্রামে প্রার্থী ছিলেন মমতা নিজেই। ভোটের লড়াইয়ে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে ১ হাজার ৯৫৬ ভোটের ব্যবধানে হেরেছেন তিনি। শুভেন্দু একসময় মমতার ঘনিষ্ঠ মিত্র ছিলেন। পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তবে মতবিরোধের জের ধরে এবারের নির্বাচনের আগে মমতার পক্ষ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। পরে মমতার বিরুদ্ধে তাঁকে প্রার্থী করে বিজেপি। তাই নন্দীগ্রাম আসনটি নিয়ে এবারের বিধানসভা নির্বাচনে সবার আগ্রহ ছিল অসীম।
শুভেন্দুকে চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণা করার আগে চরম নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল নন্দীগ্রামে। শুরুতে মমতাকে জয়ী বলা হলেও নাটকীয়তা শেষে চূড়ান্ত জয় পান শুভেন্দু। তখন থেকেই নন্দীগ্রামে ভোট কারচুপির অভিযোগ তোলেন মমতা। আদালতে যাওয়ার ঘোষণা দেন। সেই মোতাবেক ১৭ জুন মমতা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। পরের দিন শুনানিতে মমতা হাজির না থাকায় আদালত পরবর্তী তারিখ নির্ধারণ করে ২৪ জুন।
তবে তৃণমূল অভিযোগ তোলে, হাইকোর্টের একক বেঞ্চের বিচারপতি কৌশিক চন্দ বিজেপি ঘনিষ্ঠ। এই অভিযোগে মামলাটি অন্য বেঞ্চে স্থানান্তর করতে ওই দিনই মমতার পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়। শুধু তা–ই নয়, তৃণমূলের সঙ্গে যুক্ত আইনজীবীরা মামলা স্থানান্তরের দাবিতে ওই দিন হাইকোর্টে বিক্ষোভ প্রদর্শন করেন। তবে আদালতের পক্ষ থেকে মমতার এই আবেদনে সাড়া মেলেনি। আজ বৃহস্পতিবার কৌশিক চন্দের একক বেঞ্চে মামলাটির শুনানি হয়েছে।
তবে মমতার পক্ষ থেকে বিচারক বদলের আবেদনের তীব্র সমালোচনা করেছেন বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তিনি মামলায় হেরে যাবেন। এই কারণে তিনি এসব বাহানা করছেন।
দিলীপ ঘোষ আরও বলেন, ‘বিচারপতি কৌশিক চন্দ যখন আইনজীবী ছিলেন, তখন বিজেপির কোনো এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই কারণে তাঁর নিরপেক্ষতা নিয়ে এখন প্রশ্ন উঠবে? উনি নিজের মেধায় ও যোগ্যতায় আইনজীবী থেকে বিচারপতি হয়েছেন। তৃণমূলের সমর্থক অনেকে বিচারপতি হয়েছেন। পশ্চিমবঙ্গের স্পিকারও ওদের দলের। তাতে কি আমরা স্পিকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছি?’
এদিকে মমতার পথ ধরে তৃণমূলের পরাজিত আরও চার প্রার্থী নির্বাচনে কারচুপির অভিযোগ এনে কলকাতা হাইকোর্টে পিটিশন দায়ের করেছেন। এবারের বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ দক্ষিণ আসনের তৃণমূলের প্রার্থী ছিলেন আলো রানী সরকার। তিনি বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের কাছে ২ হাজার ৪ ভোটে হেরেছেন। পুরুলিয়ার বলরামপুর আসনে তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাত মাত্র ৪২৩ ভোটের ব্যবধানে হেরেছেন বিজেপির বানেশ্বর মাহাতের কাছে। হুগলির গোঘাট আসনে তৃণমূল প্রার্থী মানস মজুমদার ৪ হাজার ১৪৭ ভোটে হেরেছেন বিজেপি প্রার্থী বিশ্বনাথ কারকের কাছে। আর পূর্ব মেদিনীপুরের ময়না আসনে ১ হাজার ২৬০ ভোটে তৃণমূল প্রার্থী সংগ্রাম কুমার দলুই হেরে যান বিজেপি প্রার্থী অশোক দিন্দার কাছে। এই চারজন ভোটের ফল চ্যালেঞ্জ করে পুনর্গণনার দাবিতে কলকাতা হাইকোর্টে আইনি লড়াইয়ে নেমেছেন।