নাটকীয়ভাবে ফের টাটা গ্রুপের চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি

২০১৬ সালে টাটা গ্রুপের চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল সাইরাস মিস্ত্রিকে। তিন বছর পর আদালতের নির্দেশে আবারও সেই পদ ফিরে পাচ্ছেন তিনি। ভারতের ন্যাশনাল কোম্পানি ল আপিল ট্রাইব্যুনাল (এনসিএলএটি) আজ বুধবার এ সিদ্ধান্ত দিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সুপ্রিম কোর্টে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার জন্য টাটা গ্রুপকে চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে। চার সপ্তাহ পর কোম্পানির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব বুঝে নিতে পারবেন মিস্ত্রি।
এনসিএলএটির দুই সদস্যবিশিষ্ট প্যানেল আজ জানিয়েছেন, সাইরাস মিস্ত্রিকে জোরপূর্বক চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দিয়েছিলেন রতন টাটা। সাইরাস মিস্ত্রি সরে দাঁড়ানোর পর রতন টাটা কোম্পানির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। টাটা গ্রুপকে ব্যক্তিমালিকানাধীন কোম্পানিতে রূপান্তর করার প্রক্রিয়াকেও বেআইনি বলে ঘোষণা দিয়েছেন ট্রাইব্যুনাল। ২০১৭ সালের সেপ্টেম্বরে ব্যক্তিমালিকানাধীন কোম্পানিতে রূপান্তরিত হওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় টাটা গ্রুপ।
চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়ার পর মামলা করেন সাইরাস মিস্ত্রি। মিস্ত্রি দাবি করেছিলেন, পরিচালনা বোর্ডের ব্যর্থতা ঢাকতে তাঁকে ‘বলির পাঁঠা’ বানানো হচ্ছে। তবে গত বছরের জুলাইয়ে মিস্ত্রির আবেদন খারিজ করে দেন ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল তখন বলেন, মিস্ত্রিকে চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়ার ক্ষমতা টাটা সন্স বোর্ডের আছে। বোর্ডের সদস্যরা চেয়ারম্যানের ওপর আস্থা হারিয়ে ফেলেছেন বলেই তাঁকে অপসারণ করা হয়েছে, এমন মন্তব্যও করেছিলেন ট্রাইব্যুনাল। এরপর মিস্ত্রি এনসিএলএটি বরাবর আপিল করেন।
সাইরাসের বিরুদ্ধে পরিবারের ‘মূল্যবান সম্পদ বিক্রির অভিপ্রায়ের’ অভিযোগ উঠেছিল। এ ছাড়া জাপানি কোম্পানি ডোকোমোর সঙ্গে মামলায় ১২০ কোটি ডলার খোয়ানোয় ব্যর্থতার অভিযোগও তোলা হয়েছিল তাঁর বিরুদ্ধে।
২০১৬ সালের অক্টোবরে সাইরাস মিস্ত্রিকে সরিয়ে আবার রতন টাটাকে অন্তর্বর্তীকালীন চেয়ারম্যানের দায়িত্ব দেয় টাটা সন্স বোর্ড। ওই বছরের ডিসেম্বরেই টাটা সন্স কোম্পানির পরিচালক পদ থেকেও সরে দাঁড়ান মিস্ত্রি। ২০০৬ সালে টাটা বোর্ডের সদস্য হিসেবে যুক্ত হন তিনি। ২০১১ সালে কোম্পানির ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান। মিস্ত্রিই টাটা অ্যান্ড সন্স কোম্পানিতে প্রথম চেয়ারম্যান ছিলেন, যিনি এই পরিবারের সরাসরি সদস্য ছিলেন না। সাইরাস ছিলেন টাটা অ্যান্ড সন্সের অন্যতম বড় সহযোগী গোষ্ঠী শাপুরজি পালোনজি পরিবারের সদস্য। বিশ্বের প্রায় ১০০টি দেশে এই গোষ্ঠীর কার্যক্রম রয়েছে।