নারদা মামলায় মমতার আবেদনের শুনানি আজ
পশ্চিমবঙ্গের আলোচিত নারদা ঘুষ কেলেঙ্কারি মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনের শুনানি আজ শুক্রবার ভারতের সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হবে। এই আবেদনের শুনানির জন্য সুপ্রিম কোর্ট দুই সদস্যের একটি ডিভিশন বেঞ্চ গঠন করেছেন। এই বেঞ্চের দুই বিচারপতি হলেন বিচারপতি বিনীত শরণ ও বিচারপতি দীনেশ মহেশ্বরী।
এর আগে মমতা কলকাতা হাইকোর্টে নারদা মামলায় তাঁদের বক্তব্য পেশের জন্য হলফনামা জমা দিতে ব্যর্থ হন। পরে তিনি সুপ্রিম কোর্টে আবেদন করেন। ওই সময় সুপ্রিম কোর্ট এই আবেদন শুনানির জন্য বিচারপতি হেমন্ত গুপ্ত ও বিচারপতি অনিরুদ্ধ বসুর সমন্বয়ে ডিভিশন বেঞ্চ গড়েন।
২২ জুন এই বেঞ্চে মমতার আবেদনের শুনানির তারিখ নির্ধারিত ছিল। কিন্তু এই ডিভিশন বেঞ্চের বিচারপতি অনিরুদ্ধ বসু শুনানি গ্রহণে আপত্তি জানালে নতুন করে বিচারপতি বিনীত শরণ ও বিচারপতি দীনেশ মহেশ্বরীকে নিয়ে ডিভিশন বেঞ্চ গঠন করেন সুপ্রিম কোর্ট।
এদিকে নারদা মামলাটি কলকাতার আদালত থেকে অন্য কোনো রাজ্যের আদালতে স্থানান্তর করার আবেদন করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। কলকাতা হাইকোর্টের পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চে এই আবেদনের শুনানি এখনো চলমান।
এই মামলায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে পক্ষ করায় অসন্তুষ্ট হয় তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রী তাঁদের জড়িত করার বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে বক্তব্য পেশ করার আবেদন জানান। তবে হাইকোর্ট ওই আবেদন খারিজ করে দেন। এরপরই হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মমতা।
গত ১৭ মে কলকাতার আলোচিত নারদা মামলায় সিবিআই গ্রেপ্তার করে তৃণমূল ও বিজেপির চার নেতাকে। এঁরা হলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম, তৃণমূলের বিধায়ক মদন মিত্র ও কলকাতার সাবেক মেয়র ও বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়। গ্রেপ্তারের দিন মমতা কলকাতার সিবিআই দপ্তর নিজাম প্যালেসে ছুটে গিয়ে ওই নেতাদের মুক্তি দাবি করেন। সেখানে অবস্থান নেন মমতা। একই সঙ্গে অভিযুক্ত চার নেতাকে কলকাতা সিবিআইয়ের বিশেষ আদালতে তোলার সময় রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক সেখানে উপস্থিত হয়ে তৃণমূলের পক্ষে অবস্থান নেন।
এই ঘটনার পরপরই কলকাতা হাইকোর্টে নারদা মামলা বিচারের জন্য গঠিত পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চ মামলাটির পক্ষভুক্ত করেন মমতা ও মলয়কে। সিবিআই দপ্তরে মমতার অবস্থান ও সিবিআইয়ের বিশেষ আদালতে রাজ্যের আইনমন্ত্রীর উপস্থিতির মধ্য দিয়ে এই মামলার বিচার প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ তুলেছে সিবিআই।