ভারতে করোনার শনাক্ত ও মৃত্যু কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: এএফপি

ভারতে করোনার সংক্রমণ ও মৃত্যু দুটোই কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪৪ হাজার ১১১ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৭৩৮ জন। আজ শনিবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল শুক্রবার এনডিটিভি জানিয়েছিল, ভারতে আগের ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৬১৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। মারা গিয়েছিল ৮৫৩ জন। হালনাগাদ তথ্য অনুযায়ী, ভারতে করোনা সংক্রমণের সর্বমোট সংখ্যা ৩ কোটি ৫ লাখ ২ হাজার ৩৬২। আর করোনায় আক্রান্ত হয়ে ভারতে মোট ৪ লাখ ১ হাজার ৫০ জন মারা গেছেন।

ভারতে টানা ২৬ দিন ধরে ৫ শতাংশের নিচে করোনা রোগী শনাক্ত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৮০ শতাংশ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, কোনো দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে কি না, তা বোঝার একটি নির্দেশক হলো রোগী শনাক্তের হার। কোনো দেশে টানা দুই সপ্তাহের বেশি সময় পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৫ শতাংশের নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরা যায়।

করোনার দ্বিতীয় ঢেউ বেশ খানিকটা স্তিমিত হয়ে এলেও কয়েক সপ্তাহের মধ্যে ভারতে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে। দেশটিতে সম্ভাব্য তৃতীয় ঢেউ ভয়াবহ করে তুলতে পারে করোনার নতুন রূপ ‘ডেলটা প্লাস’।

গত মার্চের মাঝামাঝি ভারতে ১ দিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তারপর দেশটিতে সংক্রমণ লাফিয়ে বাড়ে। গত ৭ মে ভারতে ১ দিনে সর্বোচ্চ ৪ লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেলটা ধরন এর পেছনে ভূমিকা রেখেছে।

আরও পড়ুন

গত ৪ এপ্রিল ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটির মাইলফলক ছাড়ায়। ২৩ জুন ছাড়ায় তিন কোটির মাইলফলক। আর ২৩ মে করোনায় মৃত্যু তিন লাখের মাইলফলক ছাড়িয়ে যায়।

ডেলটা ধরনের জেরে করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানলে মাস কয়েক আগে ভারতের বিভিন্ন রাজ্য বিধিনিষেধ আরোপ করে। এখন সংক্রমণ কমতে থাকায় বিভিন্ন রাজ্য সতর্কতার সঙ্গে বিধিনিষেধ শিথিল করছে। একই সঙ্গে করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউয়ের ব্যাপারেও রাজ্যগুলো প্রস্তুত হচ্ছে।

আরও পড়ুন