মুম্বাইয়ে ৫১% শিশুর শরীরে করোনার অ্যান্টিবডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি: রয়টার্স

ভারতে করোনার সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত রাজ্যগুলোর মধ্যে অন্যতম মহারাষ্ট্র। বিশেষত বাণিজ্যিক শহর মুম্বাই সংক্রমণের ধাক্কায় বেশি ভুগেছে। বিশেষজ্ঞদের ধারণা, করোনার তৃতীয় ঢেউ এলে জনবহুল এই শহর আবার বিপর্যয়ের মুখে পড়তে পারে।

তবে এর আগেই বড় একটি সুখবর শুনিয়েছে বোম্বে মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি)। প্রতিষ্ঠানটির এক প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের ৫০ শতাংশ শিশুর শরীরে করোনার অ্যান্টিবডির উপস্থিতি মিলেছে। তার মানে, করোনার তৃতীয় ঢেউয়ের বিরুদ্ধে লড়তে বাড়তি সুরক্ষা পাবে শহরটির প্রায় অর্ধেক শিশু।

বিএমসির চতুর্থ সমীক্ষায় মুম্বাইয়ের ১ থেকে ১৮ বছর বয়সীদের ৫১ দশমিক ১৮ শতাংশের শরীরে করোনার অ্যান্টিবডি পাওয়া গেছে। মুম্বাইয়ের বিওয়াইএল নায়ার হাসপাতাল ও কস্তুরবা মলিকুলার ডায়াগনস্টিক সেন্টার যৌথভাবে এ সমীক্ষা পরিচালনা করে।

আরও পড়ুন

১ এপ্রিল থেকে ১৫ জুন পর্যন্ত মুম্বাইয়ের ২৪টি ওয়ার্ডের ২ হাজার ১৭৬ শিশুর ওপর সমীক্ষা করা হয়েছে। সমীক্ষায় দেখা গেছে, মুম্বাইয়ে ১০ থেকে ১৪ বছর বয়সী শিশুরা করোনায় বেশি ভুগেছে। এ সমীক্ষার জন্য বিওয়াইএল নায়ার হাসপাতালে ১ হাজার ২৮৩ শিশু ও কস্তুরবা মলিকুলার ডায়াগনস্টিক সেন্টারে আরও ৮৯৩ শিশুর নমুনা সংগ্রহ করা হয়েছিল।

আরও পড়ুন

এদিকে করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় বিএমসি মুম্বাইয়ের ২৪টি ওয়ার্ডে পঞ্চম সমীক্ষা করতে চলেছে। এ সমীক্ষার মাধ্যমে ১৮ বছরের বেশি বয়সীদের শরীরে করোনার অ্যান্টিবডির বিষয়ে তথ্য জানা যাবে। গত বছরের জুলাইয়ে প্রথমবার, আগস্টে দ্বিতীয়বার ও মার্চে তৃতীয়বার মুম্বাইয়ে সমীক্ষা করা হয়েছিল। তৃতীয়বারের সমীক্ষায় মুম্বাইয়ে ৪১ দশমিক ৬ শতাংশ বস্তিবাসীর শরীরে করোনার অ্যান্টিবডি পাওয়ার তথ্য মিলেছে।