ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বালিয়া এলাকার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এমএলএ সুরেন্দ্র সিং বলেছেন, ‘মেয়েকে ভালো শিক্ষা দেওয়া ও সাংস্কৃতিক আবহে বড় করে তোলা প্রত্যেক মা-বাবার দায়িত্ব।’ উত্তর প্রদেশ রাজ্যের হাথরাস এলাকায় ২০ বছরের দলিত সম্প্রদায়ের তরুণী গণধর্ষণের শিকার হয়ে মারা যান। প্রতিবাদে বিক্ষোভ চলছে ভারতে। এর পরিপ্রেক্ষিতে মেয়েদের ভালো শিক্ষা দিতে অভিভাবককে পরামর্শ দিলেন বিজেপি নেতা সুরেন্দ্র সিং।
এনডিটিভির খবরে জানা যায়, গতকাল শনিবার এক ভিডিওতে বিজেপির এই নেতা বলেন, ‘আমি এমএলএর পাশাপাশি একজন শিক্ষক। ধর্ষণের মতো ঘটনা কেবল সাংস্কৃতিক শিক্ষা দিয়েই বন্ধ করা সম্ভব। শাসন বা অস্ত্র দিয়ে নয়।’ তিনি বলেন, ‘এটা আমার ধর্ম, সরকারের ধর্ম, কিন্তু পরিবারেরও ধর্ম। সরকার নারীদের রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে পরিবারকেও সন্তানদের সুশিক্ষা দিতে হবে। সাংস্কৃতিক শিক্ষা ও সরকার মিলে সুন্দর ভারতবর্ষ গড়ে তুলতে পারে। এ ছাড়া আর কোনো বিকল্প নেই।’ মানুষ যেটিকে রামরাজ্য বলে, সেখানে ধর্ষণের মতো ঘটনা কীভাবে ঘটে? সাংবাদিকের এমন এক প্রশ্নের উত্তরে বিজেপি নেতা এ কথা বলেন।
অতীতেও বিতর্কিত নানা মন্তব্য করেছেন বিজেপির এই এমএলএ। গত বছর তিনি মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডস ‘সন্ত্রাসী নয়’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘নাথুরাম গডস ভুল করেছেন।’ এ বছরের শুরুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তিনি ‘নিষ্ঠুর হৃদয়ের নারী’ বলেন।
হাথরাসে নারীকে গণধর্ষণের ঘটনায় যোগী আদিত্যনাথের সরকার ব্যাপকভাবে সমালোচিত। হাথরাসজুড়ে বিক্ষোভ চলছে। বিরোধী নেতারাও যোগী আদিত্যনাথের সরকারের সমালোচনা করেছেন। গতকাল কংগ্রেসের সাবেক প্রধান রাহুল গান্ধী ও তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র হাথরাসে গণধর্ষণের শিকার ওই নারীর পরিবারের সঙ্গে দেখা করেন। এর আগে হাথরাসে যাওয়ার পথে উত্তর প্রদেশের পুলিশ তাঁদের বাধা দেয়।
গণধর্ষণের শিকার ওই নারীর পরিবারের সঙ্গে দেখা করার পর প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘কোনো বাহিনী আমাদের থামাতে পারবে না।’ ওই নারীর পরিবার সুবিচার না পাওয়া পর্যন্ত সরকারকে চাপ প্রয়োগ করবেন বলে জানান প্রিয়াঙ্কা।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গতকাল সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনকে এ ঘটনা তদন্তের দায়িত্ব দিয়েছেন।
ধর্ষণের মতো ঘটনা কেবল সাংস্কৃতিক শিক্ষা দিয়েই বন্ধ করা সম্ভব। শাসন বা অস্ত্র দিয়ে নয়।
ভারতে গণধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া তরুণীর মরদেহ পরিবারের অনুমতি ছাড়া দাহ করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। দলিত পরিবারের ওই তরুণী দুই সপ্তাহ আগে নিজ গ্রামের উচ্চবর্ণের চার ব্যক্তির দ্বারা নিগ্রহের শিকার হন। ধর্ষণের শিকার ওই তরুণী মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে মারধরের পাশাপাশি শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন। এতে তাঁর দুই পা ও একটি হাত অবশ হয়ে যায়। স্নায়ুতন্ত্র, ঘাড় ও জিব ক্ষতিগ্রস্ত হয়। অভিযুক্ত চার ব্যক্তি বর্তমানে কারাগারে আছেন। মেয়েটির ভাই বলেছেন, তাঁর বোনের ওপর বর্বরোচিত ওই ঘটনার প্রথম ১০ দিনে কোনো গ্রেপ্তারের ঘটনার ঘটেনি।