শুধু পশ্চিমবঙ্গে নয়, দেবাঞ্জনের কুকীর্তি কেন্দ্রেও

পশ্চিমবঙ্গে একাধিক কেন্দ্রে করোনার ভুয়া টিকা দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে দেবাঞ্জন দেবকে।ফাইল ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার চাঞ্চল্যকর ভুয়া টিকাকাণ্ডের মূল হোতা দেবাঞ্জন দেব। এখন আর শুধু টিকাকাণ্ডে সীমিত নেই তাঁর নাম; আটকের পর থেকে দেবাঞ্জনকে ঘিরে একের পর এক কেলেঙ্কারি প্রকাশিত হতে শুরু করেছে। জানা যাচ্ছে, তাঁর কুকীর্তি শুধু পশ্চিমবঙ্গে সীমিত ছিল না; বরং ভারতের কেন্দ্রীয় সরকারের নামেও প্রতারণার আশ্রয় নিয়েছিলেন তিনি।

জানা গেছে, দেবাঞ্জন দেব নিজেকে সমাজসেবী হিসেবে দেখতে চেয়েছিলেন। নিজের ভাবমূর্তি প্রতিষ্ঠায় কলকাতার তালতলায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি আবক্ষ মূর্তি স্থাপনের উদ্যোগ নেন তিনি। উদ্যোক্তা প্রতিষ্ঠান হিসেবে সামনে রাখেন ত্রিপুরা শঙ্কর সেন শাস্ত্রী পাঠাগারের নাম। গত ২৬ ফেব্রুয়ারি উদ্বোধন করা হয় মূর্তিটি। মূর্তির নিচে লাগানো হয় একটি পাথরের নামফলক। তাতে মূর্তি উন্মোচনকারী হিসেবে লেখা রয়েছে মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিমের নাম। এর ঠিক নিচেই লেখা রয়েছে দেবাঞ্জন দেবের নাম। পদবি লেখা রয়েছে মুখ্য উপদেষ্টা ও যুগ্ম সচিব, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তাঁদের দুজনের ছাড়াও ফলকে রয়েছে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী তাপস রায়, ডেপুটি মেয়র অতীন ঘোষ ও স্থানীয় বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের নাম।

আরও পড়ুন

এখন টিকাকাণ্ডে দেবাঞ্জনের গ্রেপ্তারের পরে এ বিষয় নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। গত বৃহস্পতিবার ফলক থেকে দেবাঞ্জনের নাম কালো কালি দিয়ে মুছে দেওয়া হয়েছে। পরে কলকাতা সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের প্রধান অতীন ঘোষের নির্দেশে ওই নামফলক ভেঙে ফেলেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
তাতেও মানুষের সমালোচনা থামেনি। মানুষের প্রশ্ন, একজন প্রতারক কীভাবে যুগ্ম সচিব পদবি ব্যবহার করে কলকাতার বুকে নামফলক বসাতে পারেন? তাও মন্ত্রী-সাংসদদের নামের পাশে। যদিও ফিরহাদ হাকিমসহ নামফলকে থাকা অন্যরা দাবি করেছেন, এ ধরনের কোনো অনুষ্ঠানে তাঁরা উপস্থিত ছিলেন না।

আরও পড়ুন

এখানেই শেষ নয়, দেবাঞ্জনের কুকীর্তি কেন্দ্রীয় সরকারকে সমালোচনার মুখে ফেলেছে। অভিযোগ উঠেছে, দেবাঞ্জন নিজেকে কেন্দ্রীয় সরকারের একজন যুগ্ম সচিব ও অফিসার অন স্পেশাল ডিউটির ভুয়া পরিচয় দিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সচিবালয় নবান্নে চিঠি দিয়ে প্রতারণা চালিয়েছেন। ঘটনাটি গত ডিসেম্বরের। ওই সময় দেবাঞ্জন নিজের নিরাপত্তার জন্য বিএসএর অবসরপ্রাপ্ত জওয়ান অরবিন্দ বৈদ্যকে নিয়োগ দেন। এই নিয়োগ ঘিরে তিনি নিজেকে কেন্দ্রীয় সরকারের যুগ্ম সচিব পরিচয় দিয়ে নবান্নে একটি চিঠি দেন। তাতে বলা হয়, তাঁর দেহরক্ষী শুভাশিস দাস ব্যক্তিগত কারণে কাজ করতে পারছেন না, ছুটিতে আছেন। তাই বেসরকারি সংস্থা থেকে তিনি একজন দেহরক্ষীকে নিয়োগ দিতে চান। এ বিষয়ে কলকাতার পুলিশ কমিশনার, সিবিআই ও ইডির কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি পাওয়ার কথাও চিঠিতে উল্লেখ করেন তিনি। এসবই ছিল ভুয়া।

আরও পড়ুন

তবে অবাক করার বিষয় হলো, নবান্ন থেকে বেসরকারি প্রতিষ্ঠানের দেহরক্ষী নিয়োগের অনুমতি চান দেবাঞ্জন। এরপর অরবিন্দ বৈদ্যকে একটি ভুয়া নিয়োগপত্র দেন তিনি। তখন থেকে দেবাঞ্জনকে নিরাপত্তা দিয়ে আসছিলেন অরবিন্দ। এখন দেবাঞ্জনের গ্রেপ্তারের পরে তিনি বুঝতে পেরেছেন, তাঁকে ভুয়া চিঠি দিয়ে নিয়োগ করা হয়েছিল। তিনি বলেন, ‘নিয়োগের সময় আমাকে কেন্দ্রীয় সরকারের চিঠি দেখিয়েছিলেন দেবাঞ্জন। সেটাও হয়তো ভুয়া ছিল।’

এর আগে করোনার ভুয়া টিকার বিষয়টি সামনে এসেছে। গত মঙ্গলবার কলকাতার কসবায় একটি কেন্দ্রে গিয়ে টিকা নেন তৃণমূলের সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তী। এ সময় তাঁকে দেওয়া হয়নি কোনো সনদ। জানানো হয়, মুঠোফোনে পাঠানো হবে টিকার সনদ। কিন্তু সেই সনদ না আসায় সন্দেহ হয় মিমির। পুলিশ ডাকেন তিনি। আটক করা হয় ওই কেন্দ্রের পরিচালক দেবাঞ্জন দেবকে। এরপরই কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে আসে সাপ।

পুলিশি তদন্তে জানা গেছে, নিজেকে একজন আইএএস কর্মকর্তা ও কলকাতা করপোরেশনের যুগ্ম কমিশনার হিসেবে পরিচয় দিয়ে ভুয়া টিকার কেন্দ্র চালাতেন দেবাঞ্জন। সরকারি স্টিকার বসানো গাড়িতে চড়তেন। ছিল সশস্ত্র নিরাপত্তারক্ষীও। দেবাঞ্জন ১৩ জনের একটি দল তৈরি করে তাঁদের দিয়ে ভুয়া টিকা দেওয়ার কেন্দ্র পরিচালনা করতেন। দেবাঞ্জনের কসবার দপ্তরে অভিযান চালিয়ে বেশ কিছু ভুয়া করোনার টিকা উদ্ধার করেছে পুলিশ।

এসব কীর্তিকলাপ সামনে আসায় এখন সাধারণের প্রশ্ন, দেবাঞ্জন কীভাবে রাজ্য ও কেন্দ্র সরকারের নামে কয়েক বছর ধরে একের পর এক প্রতারণা চালিয়ে গেলেন? পুলিশ, সরকারি দপ্তর, গোয়েন্দা—কিছুই টের পেলেন না? যদিও এখন নড়েচড়ে বসেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়া টিকাকাণ্ডের পরে কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্রকে নির্দেশ দিয়েছেন, অবিলম্বে এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। দেবাঞ্জনের বিরুদ্ধে দায়ের করতে হবে অনিচ্ছাকৃত খুনের প্রচেষ্টার মামলা। কলকাতা পুলিশও ভুয়া টিকাকাণ্ডের তদন্তে জন্য গোয়েন্দা কর্মকর্তা সৈকত ঘোষের নেতৃত্বে ১০ সদস্যের একটি বিশেষ তদন্ত দল গঠন করেছে।

এদিকে দেবাঞ্জনের কেলেঙ্কারিতে রাজ্য সরকারকে সমালোচনার তিরে বিঁধেছেন বিজেপি নেতারা। পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির দাবি, ভুয়া টিকাকাণ্ডের সঙ্গে জড়িত ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের নেতারা। এ জন্য প্রকৃত দোষী ব্যক্তিদের খুঁজে বের করতে এ ঘটনার তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে দেওয়ার দাবি তুলেছেন বিজেপি নেতারা। গত শুক্রবার সিবিআইয়ের তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থে মামলা করেছেন আইনজীবী সন্দীপন দাস।