কাশ্মীর নিয়ে সর্বদলীয় বৈঠক ‘সফল’ বলে মনে করছে ভারতের কেন্দ্রীয় সরকার। গত বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে সাড়ে তিন ঘণ্টার বৈঠক নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের খুশির প্রধান কারণ, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের ‘বাস্তবতাকে’ অধিকাংশ রাজনৈতিক দলের মেনে নেওয়া। কাশ্মীরিদের কাছে অত্যন্ত স্পর্শকাতর এই বিষয় নিয়ে বৈঠকে জল ঘোলা না হওয়া এবং বৈঠক ছেড়ে কোনো দলের চলে না যাওয়াও কেন্দ্রীয় সরকারের খুশির কারণ। সরকার এই উদ্যোগকে তাদের সাফল্য বলেই মনে করছে।
সরকার অবশ্য চিন্তিত জম্মু-কাশ্মীরে রাজনৈতিক প্রক্রিয়া শুরুর পদ্ধতিকে ঘিরে। নির্বাচনী কেন্দ্রের পুনর্বিন্যাস বা ‘ডিলিমিটেশন’-এর পর বিধানসভার ভোট করানোর যে পরিকল্পনা কেন্দ্র ভেবে রেখেছে এবং বৈঠকেও জানিয়েছে, তা কতটা বাস্তবায়ন করা সম্ভবপর হবে, চিন্তা তা নিয়েই। কেননা, অধিকাংশ রাজনৈতিক দল এই বিষয়ে একমত নয়। তারা চায় আগে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ফেরত দেওয়া হোক, তারপর নির্বাচন।
ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসের দাবি, সারা দেশে ডিলিমিটেশন হওয়ার কথা ২০২৬ সালে। কাশ্মীরেও তখনই করা উচিত। বিশেষত সরকার যখন জম্মু-কাশ্মীরকে সারা দেশের সঙ্গে মেলাতে সচেষ্ট। এই দাবির সঙ্গে উপত্যকার অধিকাংশ দলই সহমত।
ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের ‘বাস্তবতাকে’ অধিকাংশ রাজনৈতিক দলের মেনে নেওয়ায় খুশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা, যা কিনা সংবিধানের ৩৭০ অনুচ্ছেদে দেওয়া হয়েছিল, প্রত্যাহৃত হওয়ার পর কেন্দ্রীয় সরকার যে তা ফিরিয়ে দেবে না, এই উপলব্ধি উপত্যকার রাজনীতিকদের হয়েছে। ন্যাশনাল কনফারেন্স নেতা সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সংবাদমাধ্যমকে বলেছেন, ‘যারা ৭০ বছর ধরে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের সুযোগ খুঁজেছে, অবশেষে সফল হয়েছে, তারা যে তা ফেরত দেবে না, তা সহজেই অনুমেয়।
কিন্তু তাই বলে আমরাও দাবি ছাড়তে পারি না। আইনি লড়াইয়ের পাশাপাশি রাজনৈতিক লড়াইও জারি থাকবে। সেটা ৭০ সপ্তাহ হতে পারে, ৭০ মাস কিংবা ৭০ বছর।’ একই মনোভাব পিডিপি নেত্রী সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিরও। সরকারের আপত্তি সত্ত্বেও বৈঠকে তিনি জোরের সঙ্গে ৩৭০ অনুচ্ছেদ পুনর্বহালের পক্ষে কথা বলেছেন। কিন্তু তিনিও জানেন, ফেরত দেবে বলে সরকার ওই অনুচ্ছেদ খারিজ করেনি। শুক্রবার সংবাদমাধ্যমকে মেহবুবা বলেছেন, সরকার উপত্যকাকে যেভাবে দেখতে চেয়েছে, সেভাবে দেখতে পারছে না। তাই বাধ্য হয়েই এখন সহযোগিতার হাত বাড়াতে চাইছে।
মেহবুবা বলেন, ৩৭০ অনুচ্ছেদ পুনর্বহাল না হওয়া পর্যন্ত কোনো নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত তিনি নিয়েছেন। কারণ, তা হলে উপত্যকার মানুষ ভাববে, ৩৭০ আমাদের কাছে স্রেফ একটা স্লোগান।’ একই রকমভাবে ওমর আবদুল্লা বলেছেন, পূর্ণ রাজ্যের মর্যাদা না ফেরানো পর্যন্ত তিনিও ভোটে দাঁড়াবেন না। এটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় মেহবুবার অঙ্গীকারকে ততটা গুরুত্ব না দিলেও ওমরের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। মন্ত্রণালয়ের এক সূত্রের কথায়, সারা দেশের সঙ্গে ২০২৬ সালে একযোগে ডিলিমিটেশন করানোর যে দাবি বৈঠকে তোলা হয়েছে, তা ‘অযৌক্তিক’ বলা কঠিন। বিশেষত যখন ৩৭০ খারিজের যুক্তি ছিল কাশ্মীরকে দেশের অন্য অংশের সঙ্গে সমান চোখে দেখা।
সূত্রটির মতে, ডিলিমিটেশনকে কেন্দ্র করে উপত্যকার রাজনীতিকদের ধারণা, আসনসংখ্যা বাড়িয়ে জম্মু ও কাশ্মীরের ফারাক ঘোচাতে কেন্দ্র ব্যগ্র। বিশ্বাসের এই ঘাটতি কেন্দ্রকে সর্বপ্রথম মেটাতে হবে। তিনি বলেন, পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ফেরত পেতে অধিকাংশ রাজনৈতিক নেতা জোরালো দাবি জানিয়েছেন। পরিস্থিতিও আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক। রাজনৈতিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে শুরু করতে গেলে উপত্যকার রাজনীতিকদের মনোভাবকে কতটা গুরুত্ব দেওয়া সম্ভব, আপাতত সরকারি স্তরে সেই সিদ্ধান্ত নিতে হবে। সূত্রটি বলেছে, প্রথম বৈঠকের সাফল্য এমন ধরনের আরও বৈঠকের সম্ভাবনা উজ্জ্বলতর করে তুলেছে। তবে আগে ডিলিমিটেশন ও ভোট এবং তারপর পূর্ণাঙ্গ রাজ্য, নাকি প্রথমে পূর্ণাঙ্গ রাজ্য পরে ডিলিমিটেশন, সরকারকে সেই মীমাংসা প্রথমে করতে হবে।
সরকারের পক্ষে আরও একটি দাবি অগ্রাহ্য করা কঠিন। এই দাবি জোরালোভাবে তুলেছেন গুপকর অ্যালায়েন্স ছেড়ে বেরিয়ে আসা পিপলস কনফারেন্স নেতা মুজফফর হুসেন বেগ। পিডিপির এই সাবেক উপমুখ্যমন্ত্রী এবং ২০২০ সালে পদ্মভূষণ সম্মানপ্রাপ্ত রাজনীতিক বৈঠকে বলেন, কাশ্মীরি জনতার আবেগকে সম্মান দিয়ে ৩৭০ অনুচ্ছেদের বিষয়গুলো সরকার ৩৭১ অনুচ্ছেদের অন্তর্ভুক্ত করুক। এভাবে উপত্যকার বাসিন্দাদের জমি ও চাকরির অধিকার নিশ্চিত করুক। স্থানীয়দের মনের আশঙ্কা তাতে দূর হবে। তিনি বলেন, নাগাল্যান্ডসহ উত্তর-পূর্বাঞ্চলের অধিকাংশ রাজ্য ৩৭১ অনুচ্ছেদের বিশেষ ক্ষমতা পেয়ে চলেছে। জম্মু-কাশ্মীরের ক্ষেত্রেও তেমন করা বিবেচকের কাজ হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রটি বলেন, পরামর্শটি প্রণিধানযোগ্য।
কাশ্মীর নিয়ে পরবর্তী সিদ্ধান্তগুলোর আগে কেন্দ্রীয় সরকার গুপকর জোটের ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিত হতে চায়। ২০১৯ সালের ৪ আগস্ট ‘গুপকর ডিক্লারেশনে’ সই করেছিল ৭ দল। পরবর্তী সময়ে গুপকর জোট গঠিত হয় কংগ্রেসকে বাদ দিয়ে। জেলা উন্নয়ন পর্ষদের নির্বাচনে কংগ্রেস জোটের সঙ্গে সমঝোতা করে আলাদা লড়েছিল।
জোট থেকে বেরিয়ে গেছে সাজ্জাদ লোনের পিপলস কনফারেন্সও। বিজেপির সঙ্গে তাদের সম্পর্ক মধুর। বিধানসভা ভোটে ন্যাশনাল কনফারেন্স, পিডিপি, সিপিএম, আওয়ামী ন্যাশনাল কনফারেন্স ও পিপলস মুভমেন্ট এক থেকে গুপকর জোট হিসেবে লড়াই করে নাকি আলাদাভাবে, শাসক বিজেপি তা নিশ্চিত হতে চায়। জোটবদ্ধ থাকলে জেলা উন্নয়ন পর্ষদের মতো বিধানসভাতেও সিংহভাগ আসন তাদেরই পাওয়ার সম্ভাবনা বেশি। সেটা হবে বিজেপির রাজনৈতিক ব্যর্থতা, কারণ, প্রধানমন্ত্রী এদের হাত থেকেই কাশ্মীরের রাজনীতিকে মুক্ত করার কথা বলেছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রটি বলেন, আমন্ত্রিত কাশ্মীরি নেতারা সবাই বৈঠকে যোগ দেবেন কি না, সে বিষয়ে একটা সংশয় ছিল। যোগ দিলেও উত্তপ্ত বাক্যবিনিময়ের আশঙ্কা ছিল। বৈঠক ছেড়ে মাঝপথে কোনো কোনো দলের নেতারা চলে যেতে পারেন, এমন সন্দেহও ছিল। কিন্তু কিছুই হয়নি, বরং সব কাশ্মীরি নেতাই বলেছেন, বৈঠক ফলপ্রসূ। সূচনাও শুভ। প্রধানমন্ত্রী আন্তরিকভাবেই সবার সব কথা শুনেছেন। নেতাদের এই ‘ইতিবাচক ও সদর্থক’ মনোভাব কাশ্মীর নিয়ে কেন্দ্রকে আশাবাদী করে তুলেছে।