ইতিহাসের এই দিনে
অ্যান্টার্কটিকায় শত বছর আগের ফ্রুট কেক
বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১০ আগস্ট। চলুন দেখি, বিশ্বে এদিন কী বড় বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।
সময়টা ২০১৭ সালের ১০ আগস্ট। নিউজিল্যান্ডের একদল বিজ্ঞানী অ্যান্টার্কটিকায় একটি ফ্রুট কেক খুঁজে পান। পরীক্ষা করে জানা যায়, এই ফ্রুট কেকটি ১০০ বছর আগের। ব্রিটিশ অনুসন্ধানকারীরা শত বছর আগে বরফে ঢাকা অ্যান্টার্কটিকা মহাদেশে এটি ফেলে এসেছিলেন।
শ্রবণ প্রতিবন্ধীদের জন্য প্রথম অলিম্পিক
ফ্রান্সের প্যারিসে ১৯২৪ সালের ১০ আগস্ট বসেছিল শ্রবণ প্রতিবন্ধীদের অলিম্পিক। কানে শুনতে না পারা খেলোয়াড়দের জন্য এটাই ছিল প্রথম অলিম্পিকের আসর। এই আসরে ৯টি দেশ অংশ নেয়।
বৈদ্যুতিক গিটার উদ্ভাবন
সংগীতপ্রেমীদের কাছে গুরুত্বপূর্ণ একটি বাদ্যযন্ত্র বৈদ্যুতিক গিটার। বিশেষত, ব্যান্ড সংগীতে বহুল ব্যবহৃত এই বাদ্যযন্ত্র। ১৯৩৭ সালের এই দিনে পেটেন্ট পায় বৈদ্যুতিক গিটার। উদ্ভাবন করেছিলেন মার্কিন উদ্ভাবক জি ডি বাউচ্যাম্প। তাঁর উদ্ভাবিত গিটারের নাম ছিল রিকেনবেকার ফ্রাইং প্যান। এটি বিংশ শতকের সংগীতে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসে।
ডুবে যায় সুইডিশ যুদ্ধজাহাজ ‘ভাসা’
সময়টা ১৬২৮ সালের ১০ আগস্ট। ‘ভাসা’ নামে একটি যুদ্ধজাহাজ সাগরে ভাসায় সুইডেন। মাত্র ২০ মিনিটের মাথায় সেটি ডুবে যায়। আধুনিক প্রত্নতত্ত্ববিদদের ধারণা, যুদ্ধজাহাজটিতে ব্রোঞ্জের তৈরি কামান ছিল। ভারী এসব কামান আর অত্যধিক সাজসজ্জার কারণে যুদ্ধজাহাজটি ডুবে গিয়েছিল।