ইরান কি ‘ডার্টি বোমা’ বানাতে পারে, যুক্তরাষ্ট্রে হামলার সক্ষমতা কি সত্যিই তেহরানের আছে

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে দাবি করেছে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে কর্মকর্তাদের ওপর হামলার পরিকল্পনা করছে ইরান। হোয়াইট হাউস বলেছে, তারা সম্ভাব্য সব ধরনের হুমকির ওপর নজর রাখছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কের ব্রুকলিন এলাকায় নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) নেতৃত্বে পরিচালিত ‘ডার্টি বোমা’ মহড়ার সময় তেজস্ক্রিয়তার মাত্রা শনাক্তকারী যন্ত্র হাতে পুলিশের একজন সদস্য
ফাইল ছবি: রয়টার্স

মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী, ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ওপর ‘ডার্টি বোমা’ বা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন এমন খবর দিয়েছে। নাম প্রকাশ না করা সাতজন মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করেছে সংবাদমাধ্যমটি। তবে এসব দাবির পক্ষে প্রতিবেদনে কোনো প্রমাণ তুলে ধরা হয়নি।

এখন প্রশ্ন হলো, ইরানের হাতে কি সত্যিই ডার্টি বোমা আছে? তারা কি এই বোমা তৈরি করতে পারে? এই বোমা দিয়ে যুক্তরাষ্ট্রে হামলা চালানোর সক্ষমতা কি তেহরানের আছে?

সিএনএনের সূত্রগুলোর ভাষ্য, তেহরান প্রয়োজনে ব্যবহারের জন্য এমন পরিকল্পনা তৈরি করছে। এর অর্থ এই নয় যে শিগগিরই হামলা হবে। একটি সূত্র বলেছে, মার্কিন গোয়েন্দারা ইরানিদের এমন কিছু ‘কথাবার্তা’ জানতে পেরেছেন, যা থেকে ইংগিত মেলে, যুক্তরাষ্ট্রের ভেতরে বোমা তৈরির উপকরণ লুকিয়ে রাখা হয়েছে। এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

হোয়াইট হাউস বলেছে, তারা ‘সম্ভাব্য সব ধরনের হুমকির ওপর নজর রাখছে। তবে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে হামলার কোনো বিশ্বাসযোগ্য হুমকি নেই।’ জাতিসংঘে ইরানের মিশন বলেছে, তেহরান ‘এসব মিথ্যা ও বানোয়াট অভিযোগ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে এবং দ্ব্যর্থহীনভাবে নাকচ করছে’।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বন্ধের আলোচনা যখন থমকে আছে, তখন প্রতিবেদনটি প্রকাশ করা হলো। ট্রাম্প গত সপ্তাহে বলেছেন, যুদ্ধ বন্ধের জন্য তেহরানের সঙ্গে ওয়াশিংটনের কোনো চুক্তি করার ‘প্রয়োজন নেই’। ট্রাম্পের ওই বক্তব্যের পর মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এতে ওই অঞ্চলে মার্কিন বিমানবাহী রণতরির সংখ্যা বেড়ে তিনটিতে দাঁড়িয়েছে। সব মিলে নতুন করে সংঘাত বাড়ার আশঙ্কাও জোরালো হয়েছে।

এই পরিস্থিতিতে সামনে এল ডার্টি বোমা বা রাসায়নিক বোমার কথা।

‘ডার্টি বোমা’ আসলে কী?

ডার্টি বোমার কারিগরি নাম ‘রেডিওলজিক্যাল ডিসপারসাল ডিভাইস’ বা তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে দেওয়ার যন্ত্র। এতে ডিনামাইটের মতো প্রচলিত বিস্ফোরকের সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ মেশানো হয়। বোমার বিস্ফোরণ ঘটলে সেই তেজস্ক্রিয় পদার্থ আশপাশে ছড়িয়ে পড়ে।

পারমাণবিক অস্ত্রের মতো ডার্টি বোমায় সমৃদ্ধ ইউরেনিয়াম বা পারমাণবিক শৃঙ্খল বিক্রিয়ার প্রয়োজন হয় না। হাসপাতাল ও গবেষণাপ্রতিষ্ঠানে ব্যবহৃত যন্ত্রসহ চিকিৎসা বা শিল্পকারখানার সরঞ্জাম থেকে তেজস্ক্রিয় পদার্থ পাওয়া যেতে পারে। এ কারণে পারমাণবিক বোমার তুলনায় ডার্টি বোমা তৈরি অনেক সস্তা ও সহজ। এর ধ্বংসক্ষমতাও অনেক কম।

বিস্ফোরণস্থলের কাছে শ্বাসের সঙ্গে তেজস্ক্রিয় ধুলা শরীরে ঢুকলে স্বাস্থ্যের প্রধান ঝুঁকি তৈরি হয়। তেজস্ক্রিয় পদার্থ যত ছড়িয়ে পড়ে, তার ঘনত্ব তত কমে। ক্ষতিকর প্রভাবও কমতে থাকে। ক্ষয়ক্ষতি কতটা হবে, তা নির্ভর করে বিস্ফোরকের পরিমাণ, তেজস্ক্রিয় পদার্থের ধরন ও পরিমাণ এবং আবহাওয়ার ওপর। বিশেষ করে বাতাসের প্রভাব এখানে গুরুত্বপূর্ণ।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেসের তথ্য অনুযায়ী, বেশির ভাগ ডার্টি বোমা বিস্ফোরণের পরপরই শহরের এক বা দুটি ব্লক দূষিত হবে। তবে বাতাস তেজস্ক্রিয় কণা কয়েক বর্গমাইল এলাকাজুড়ে ছড়িয়ে দিতে পারে।

এটা বোঝা জরুরি যে ডার্টি বোমা চাইলেই পাওয়া যায়, এমন কোনো পারমাণবিক বোমা নয়। এর বিস্ফোরণে মাশরুমের মতো মেঘ তৈরি হয় না। প্রচণ্ড বিস্ফোরণতরঙ্গে ভবন ধসে পড়ে না বা চোখের পলকে লাখ লাখ মানুষ মারাও যায় না।
তালহা আবদুলরাজ্জাক, যুক্তরাজ্যের এক্সেটার বিশ্ববিদ্যালয়ের গবেষক

বিশেষজ্ঞরা বলেছেন, ডার্টি বোমায় ব্যাপক প্রাণহানির আশঙ্কা কম। ২০০২ সালে মার্কিন সিনেটে দেওয়া সাক্ষ্যে দেশটির পারমাণবিক নিয়ন্ত্রণ কমিশনের তৎকালীন চেয়ারম্যান রিচার্ড মেসার্ভ বলেছিলেন, অধিকাংশ পরিস্থিতিতে মৃত্যুর সংখ্যা কয়েক দশকের মধ্যে থাকবে। তা শত বা হাজারের ঘরে পৌঁছাবে না।

যুক্তরাজ্যের এক্সেটার বিশ্ববিদ্যালয়ের স্ট্র্যাটেজি অ্যান্ড সিকিউরিটি ইনস্টিটিউটের গবেষক তালহা আবদুলরাজ্জাক আল–জাজিরাকে বলেন, ‘এটা বোঝা জরুরি যে ডার্টি বোমা চাইলেই পাওয়া যায়, এমন কোনো পারমাণবিক বোমা নয়। এর বিস্ফোরণে মাশরুমের মতো মেঘ তৈরি হয় না। প্রচণ্ড বিস্ফোরণতরঙ্গে ভবন ধসে পড়ে না বা চোখের পলকে লাখ লাখ মানুষ মারাও যায় না।’ তিনি বলেন, ‘বরং যে দেশে হামলা হবে, সেখানে মানুষের মধ্যে ভয় ও তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়াই হবে এর প্রধান প্রভাব। পাশাপাশি তেজস্ক্রিয় দূষণে আক্রান্ত এলাকাটি এমন জায়গায় পরিণত হবে, যেখানে যাওয়া যাবে না।’

এ কারণেই বিশেষজ্ঞরা ডার্টি বোমাকে ‘গণবিধ্বংসী অস্ত্র’ না বলে ‘ব্যাপক বিপর্যয় সৃষ্টিকারী অস্ত্র’ বলেন।

ইরানের কি এমন বোমা তৈরির সক্ষমতা আছে

যদি তাত্ত্বিকভাবে বলা হয়, তাহলে বলা যায় এই বোমা তৈরির সক্ষমতা ইরানের আছে। তবে অনেক রাষ্ট্র ও সশস্ত্র গোষ্ঠীরও এই সক্ষমতা রয়েছে।

নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভের পারমাণবিক উপকরণ নিরাপত্তাবিষয়ক ভাইস প্রেসিডেন্ট স্কট রোকার ২০২২ সালে আল–জাজিরাকে বলেছিলেন, ডার্টি বোমা তৈরি করা ‘খুবই সহজ’। চিকিৎসা ও শিল্প খাতে ব্যবহৃত তেজস্ক্রিয় উৎস অনেক দেশেই পাওয়া যায়। আর সাধারণ মানের একটি বোমা বানাতে উন্নত কারিগরি জ্ঞানের প্রয়োজন হয় না।

ইরানের জাতীয় পতাকা
ফাইল ছবি: রয়টার্স

ইরানের বড় আকারের একটি বেসামরিক পারমাণবিক কর্মসূচি রয়েছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সর্বশেষ মূল্যায়ন অনুযায়ী, ২০২৫ সালের জুন পর্যন্ত দেশটির কাছে ৬০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ করা প্রায় ৪৪০ কেজি বা ৯৭০ পাউন্ড ইউরেনিয়াম ছিল।

এপ্রিলে ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনসের জন্য লেখা এক বিশ্লেষণে আটলান্টিক কাউন্সিলের জ্যেষ্ঠ ফেলো ইয়াতসেক সিয়েভিয়েরা বলেন, এই মজুত পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রায় না পৌঁছালেও ‘তেজস্ক্রিয়তা ও নাশকতার দিক থেকে অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে’। তিনি সতর্ক করে বলেন, ডার্টি বোমা ‘ইচ্ছাকৃতভাবে সংঘাত বাড়ানোর উপায় হতে পারে। আবার কেন্দ্রীয় নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ার অনিচ্ছাকৃত পরিণতিও হতে পারে’। কারণ, ইরানের পারমাণবিক উপকরণ মজুতের স্থাপনাগুলো কার নিয়ন্ত্রণে আছে, তা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো এখন আর জানে না।

আরও পড়ুন

তবে সমৃদ্ধ ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তাও কম। তাই ডার্টি বোমার জন্য এটি তেমন উপযোগী নয়। অনেক বিশ্লেষকের যুক্তি, যে উপকরণ তৈরিতে তেহরান কয়েক দশক ব্যয় করেছে, তা এভাবে নষ্ট করার সম্ভাবনাও কম।

বুখারেস্টভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান ইউরো-আটলান্টিক রেজিলিয়েন্স সেন্টারের জন্য ২০২৫ সালের জুনে লেখা এক বিশ্লেষণে ক্রিস ক্রেমিদাস-কোর্টনিও একই ধরনের সিদ্ধান্তে পৌঁছান। তিনি লেখেন, ‘ডার্টি বোমায় ব্যবহারের জন্য যথেষ্ট তেজস্ক্রিয় পদার্থ ইরানের নাগালে আছে বলেই ব্যাপকভাবে ধারণা করা হয়। বিশেষ করে দেশটির বেসামরিক পারমাণবিক ও শিল্প খাতের উৎসগুলো থেকে এসব পদার্থ পাওয়া সম্ভব।’ উদাহরণ হিসেবে তিনি ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত সিজিয়াম-১৩৭ এবং শিল্প খাতের রেডিওগ্রাফিতে ব্যবহৃত কোবাল্ট-৬০-এর মতো আইসোটোপের কথা উল্লেখ করেন।

এর মজুত পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রায় না পৌঁছালেও তেজস্ক্রিয়তা ও নাশকতার দিক থেকে অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে।...ডার্টি বোমা ‘ইচ্ছাকৃতভাবে সংঘাত বাড়ানোর উপায় হতে পারে। আবার কেন্দ্রীয় নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ার অনিচ্ছাকৃত পরিণতিও হতে পারে।
ইয়াতসেক সিয়েভিয়েরা, আটলান্টিক কাউন্সিলের জ্যেষ্ঠ ফেলো

তবে ক্রেমিদাস-কোর্টনি ডার্টি বোমাকে ‘চরম পরিস্থিতিতে শেষ উপায় হিসেবে ব্যবহারের’ সম্ভাব্য একটি অস্ত্র বলে উল্লেখ করেন। তাঁর মূল্যায়ন, যুক্তরাষ্ট্রে ‘গোপনে সরাসরি অনুপ্রবেশ করা অত্যন্ত কঠিন’। বরং বন্দর ও হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ সংকীর্ণ নৌপথগুলো লক্ষ্যবস্তু হওয়ার আশঙ্কা বেশি।

আবদুলরাজ্জাক বলেন, ডার্টি বোমা তৈরি করা ‘আসলে প্রচলিত পারমাণবিক অস্ত্র তৈরির চেয়ে অনেক সহজ’। এর জন্য উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামেরও প্রয়োজন নেই।

২০২৪ সালের অক্টোবরে স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা
ছবি: রয়টার্স

তিনি আল–জাজিরাকে বলেন, ইরানের ফোরদো ও নাতাঞ্জের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পরও ‘সক্ষমতা কমে যাওয়ার অর্থ এই নয় যে তা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে’। তাঁর ভাষায়, ‘ডার্টি বোমার মতো সাধারণ একটি বোমা তৈরির জন্য প্রয়োজনীয় সব উপকরণ ও দক্ষতা অবশ্যই ইরানের আছে।’

আবদুলরাজ্জাক বলেন, ‘১০ হাজার কিলোমিটার বা ৬ হাজার ২০০ মাইল কিংবা তারও বেশি দূরে যুক্তরাষ্ট্রের কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করার মতো ক্ষেপণাস্ত্র বা ড্রোন সক্ষমতা ইরানের নেই।’ তাই ওয়াশিংটন ডিসিতে কোনো হামলা চালাতে হলে প্রায় নিশ্চিতভাবেই গোপন চোরাচালান চক্র বা সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগের ওপর নির্ভর করতে হবে।

ইরানের কারিগরি সক্ষমতা থাকলেও দেশটি ডার্টি বোমা বানাতে চায়—এমন প্রমাণ প্রকাশ্যে খুব কমই পাওয়া গেছে। আর যুক্তরাষ্ট্রের মাটিতে এমন বোমার বিস্ফোরণ ঘটানোর ইচ্ছার প্রমাণ তো আরও কম।

আরও পড়ুন

আবদুলরাজ্জাক বলেন, তেজস্ক্রিয় অস্ত্র ব্যবহার করলে কূটনৈতিক অঙ্গনে ইরানের অবশিষ্ট গ্রহণযোগ্যতা মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে। এর জেরে দেশটিতে সামরিক আক্রমণ হতে পারে এবং সরকারের পতন ঘটতে পারে। তিনি বলেন, ‘ইরানের কৌশলবিদেরা এই বাস্তবতা জানেন না, এমনটা আমার একেবারেই মনে হয় না। তাই তেহরানের ডার্টি বোমা ব্যবহারের সম্ভাবনা অতি সামান্যই রয়ে গেছে।’

হুমকি কতটা বাস্তব?

সিএনএনের সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, এ বিষয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ আছে। একটি সূত্র বলেছে, এমন হামলা চালানোর মতো লোকবল ইরানের আদৌ নির্দিষ্ট জায়গায় আছে কি না, তা নিয়ে কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, তেহরান এই পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে—এমন কোনো প্রমাণ নেই।

মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের নজির অবশ্য ইরানের আছে। ট্রাম্পকে হত্যার জন্য ভাড়াটে খুনি নিয়োগের কথিত ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ২০২৪ সালে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক সদস্যের বিরুদ্ধে মামলা করেন মার্কিন কৌঁসুলিরা। তবে সিএনএন উল্লেখ করেছে, এ ধরনের ষড়যন্ত্রে মূলত মার্কিন কর্মকর্তাদের বিদেশ সফরের সময় হামলার সুযোগ খোঁজা হয়েছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সদস্যদের প্যারেড
ফাইল ছবি: রয়টার্স

ইরানের কথিত ষড়যন্ত্র নিয়ে মার্কিন সংবাদমাধ্যমে ধারাবাহিকভাবে বেশ কিছু খবর প্রকাশের পর সর্বশেষ সিএনএনের প্রতিবেদনটি এল। অক্টোবরে সংবাদভিত্তিক ওয়েবসাইট অ্যাক্সিওস ও প্রভাবশালী দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের একটি স্মারক নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। ওই স্মারকে সতর্ক করা হয়, বিদেশে মার্কিন কর্মীদের বিরুদ্ধে ইরানের হামলার পরিকল্পনা ‘অনেক দূর এগিয়েছে’। একজন কর্মকর্তা বলেন, ইরানের কিছু সদস্য ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ভেতরে সক্রিয় থাকতে পারেন। স্মারকে নির্দিষ্ট কোনো লক্ষ্যবস্তু বা হামলার পদ্ধতি উল্লেখ করা হয়নি।

সমালোচকেরা বলেছেন, এ ধরনের প্রতিবেদনে (সিএনএনের রিপোর্ট) প্রায়ই নাম প্রকাশ না করা কর্মকর্তাদের উদ্ধৃত করা হয়। যুদ্ধ যখন ব্যাপকভাবে অজনপ্রিয়, তখন এসব প্রতিবেদন সংঘাত বাড়ানোর পক্ষে জনসমর্থন তৈরির ঝুঁকি সৃষ্টি করে। অক্টোবরে শিকাগো কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্সের এক জরিপে দেখা যায়, প্রায় ৭০ শতাংশ উত্তরদাতা মনে করেন, যুক্তরাষ্ট্রের ইরান যুদ্ধ শুরু করার কোনো দরকার ছিল না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সিএনএনের প্রতিবেদনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জনগণকে ভয় দেখানো এবং ইরানের বিরুদ্ধে আরও বৈরী পদক্ষেপের পক্ষে সমর্থন তৈরির উদ্দেশ্যে এসব দাবি করা হয়েছে।

অক্টোবরে সংবাদভিত্তিক ওয়েবসাইট অ্যাক্সিওস ও প্রভাবশালী দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের একটি স্মারক নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। ওই স্মারকে সতর্ক করা হয়, বিদেশে মার্কিন কর্মীদের বিরুদ্ধে ইরানের হামলার পরিকল্পনা ‘অনেক দূর এগিয়েছে’।

আবদুলরাজ্জাক উল্লেখ করেন, এসব দাবি এসেছে ‘মার্কিন গোয়েন্দা মূল্যায়ন থেকে, তেহরানের সরাসরি কোনো হুমকি থেকে নয়’। তিনি বলেন, ‘২০০৩ সালের ইরাক যুদ্ধ এবং দেশটির গণবিধ্বংসী অস্ত্র নিয়ে ছড়ানো মিথ্যাই যুদ্ধকালীন তথ্যের পরিবেশে প্রকাশ্যে তুলে ধরা গোয়েন্দা মূল্যায়নগুলো নিয়ে সন্দেহ করার জন্য যথেষ্ট।’

আরও পড়ুন

তিনি আরও বলেন, ডার্টি বোমা হামলা হলে তা ইরানের বিরুদ্ধে বড় ধরনের মার্কিন যুদ্ধের ‘রাজনৈতিক যুক্তি তুলে দেওয়ার’ শামিল হবে। সেই যুদ্ধে স্থল অভিযানও থাকতে পারে। ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পরও এতে দুই দলের সমর্থন থাকবে। তিনি বলেন, ‘ইরানের কৌশলবিদেরা বোকা নন। আমি যদি আপনাদের এসব বলতে পারি, তাহলে তাঁরা নিশ্চয়ই একই ধরনের মূল্যায়ন করেছেন। তাই এসব গোয়েন্দা প্রতিবেদনের সত্যতা নিয়ে আমার প্রবল সন্দেহ আছে।’

যুক্তরাষ্ট্র কি এর আগে ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যুদ্ধে জড়িয়েছে

এই প্রশ্নের সরাসরি উত্তর হলো ‘হ্যাঁ’। এর একটি উদাহরণ ইরাক।

২০০৩ সালে ইরাকে হামলার আগে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের প্রশাসন দাবি করেছিল, ইরাকি নেতা সাদ্দাম হোসেনের কাছে গণবিধ্বংসী অস্ত্র আছে এবং আল-কায়েদার সঙ্গে তাঁর যোগসূত্র রয়েছে। ২০০৩ সালের ফেব্রুয়ারিতে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মার্কিন সরকারের বক্তব্য তুলে ধরেন। ইরাকের ভ্রাম্যমাণ জীবাণু অস্ত্রের গবেষণাগার আছে বলেও দাবি করেন তিনি।

মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ওপর দাঁড়িয়ে ইরাকে মূল সামরিক অভিযান সমাপ্তির ঘোষণা দেন তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। ২০০৩ সালের ১ মে
ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে হামলার পর এ ধরনের অস্ত্রের কোনো মজুত পাওয়া যায়নি। ২০০৫ সালে প্রেসিডেন্টের গঠিত একটি কমিশন সিদ্ধান্তে পৌঁছায়, ইরাকের অস্ত্র নিয়ে মার্কিন গোয়েন্দা তথ্য ‘পুরোপুরি ভুল’ ছিল। এসব দাবির বড় অংশই নির্ভর করেছিল অবিশ্বাসযোগ্য সূত্রের ওপর। তাদের মধ্যে ছিলেন ইরাক থেকে পালিয়ে আসা এক ব্যক্তি, যাঁর সাংকেতিক নাম ছিল ‘কার্ভবল’— ভ্রাম্যমাণ গবেষণাগার নিয়ে তাঁর দাবিগুলো বানোয়াট বলে প্রমাণিত হয়।

সংবাদমাধ্যমের ভূমিকাও প্রশ্নের মুখে পড়ে। ২০০৪ সালে দ্য নিউইয়র্ক টাইমস সম্পাদকদের একটি নোট প্রকাশ করে। এতে স্বীকার করা হয়, যুদ্ধের আগে প্রকাশিত কিছু প্রতিবেদনে যতটা কঠোরভাবে তথ্য যাচাই করা উচিত ছিল, তা করা হয়নি। এসব প্রতিবেদনের বড় অংশই নাম প্রকাশ না করা কর্মকর্তা ও নির্বাসিত ইরাকিদের বক্তব্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল।

জনগণকে ভয় দেখানো এবং ইরানের বিরুদ্ধে আরও বৈরী পদক্ষেপের পক্ষে সমর্থন তৈরির উদ্দেশ্যে ‘ডার্টি বোমার’ পরিকল্পনার ষড়যন্ত্রের দাবি করা হয়েছে।
ইসমাইল বাঘাই, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

এর চার দশক আগে টনকিন উপসাগরে মার্কিন ডেস্ট্রয়ারে দুটি হামলার খবরকে ভিয়েতনামে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা ব্যাপকভাবে বাড়ানোর যুক্তি হিসেবে ব্যবহার করা হয়। মার্কিন সরকার দাবি করেছিল, কোনো উসকানি ছাড়াই হামলা দুটি চালানো হয়েছিল। তবে ১৯৬৪ সালে উত্তর ভিয়েতনাম প্রথম হামলাটি চালায় দেশটির উপকূলে মার্কিন দলের পর। আর এর দুই দিন পর উত্তর ভিয়েতনাম দ্বিতীয় হামলা চালিয়েছে বলে যে খবর দেওয়া হয়েছিল, পরবর্তী প্রমাণে দেখা যায়, সেই হামলা সম্ভবত ঘটেইনি।

কখনো কি ডার্টি বোমা ব্যবহার করা হয়েছে

এখন পর্যন্ত সফল কোনো ডার্টি বোমা হামলার ঘটনা নথিভুক্ত হয়নি। ১৯৯৫ সালে চেচেন যোদ্ধারা মস্কোর ইজমাইলোভস্কি পার্কে তেজস্ক্রিয় সিজিয়ামভর্তি একটি পাত্র রেখেছিলেন। তবে সেটির বিস্ফোরণ ঘটেনি। ১৯৯৮ সালে চেচনিয়ায় একটি রেললাইনের কাছে বিস্ফোরক যুক্ত করা তেজস্ক্রিয় পদার্থের একটি পাত্র পাওয়া যায়। পরে সেটি নিষ্ক্রিয় করা হয়।

আরও কিছু ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। ২০০২ সালে ডার্টি বোমা হামলার ষড়যন্ত্রের অভিযোগে মার্কিন নাগরিক হোসে পদিয়াকে গ্রেপ্তার করে মার্কিন কর্তৃপক্ষ। তবে ওই অভিযোগে তাঁর বিরুদ্ধে কখনো আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি। ২০১৩ সালে মেক্সিকোয় একটি হাসপাতাল থেকে তেজস্ক্রিয় কোবাল্ট-৬০ বহনকারী ট্রাক চুরি হয়। এরপর জাতিসংঘ সতর্ক করে জানায়, এই পদার্থ ডার্টি বোমা তৈরিতে ব্যবহার করা হতে পারে।

২০২২ সালে রাশিয়া অভিযোগ করে, ইউক্রেন একটি ডার্টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে মস্কোর ওপর দায় চাপানোর প্রস্তুতি নিচ্ছে। পশ্চিমা সরকারগুলো এই দাবিকে ‘স্পষ্টতই মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছিল।

আরও পড়ুন