মানব উন্নয়ন ৫ বছর পিছিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউএনডিপি
ফাইল ছবি

বর্তমান বিশ্ব এক অভূতপূর্ব সংকটকাল পার করছে। এর পেছনে প্রধানত দায়ী করোনা মহামারি। করোনাসহ বিভিন্ন সংকটের ফলে মানব উন্নয়ন পাঁচ বছর পিছিয়ে গেছে এবং বৈশ্বিক অনিশ্চয়তাকেও উসকে দিয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ঘোষণা করেছে, তিন দশক আগে সংস্থাটি প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো ঘোষণা করল যে বিশ্বের মানব উন্নয়ন সূচক টানা দুই বছর (২০২০ ও ২০২১) নিম্নগামী। বিভিন্ন দেশের মানুষের গড় আয়ু, শিক্ষা, জীবনযাত্রার মানসহ বিভিন্ন বিষয় ধরে এ সূচক করা হয়।

ইউএনডিপির প্রধান আচিম স্টেইনার বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘মানব উন্নয়ন সূচকে নিম্নমুখী হওয়ার অর্থ আমরা দ্রুত মারা যাব, শিক্ষার হার কমে যাবে এবং আমাদের আয় আরও কমে যাবে।’ তিনি আরও বলেন, মাত্র তিনটি দিক বিবেচনা করলেই বোঝা যাবে, মানুষ এখন কেন এত মরিয়া, হতাশ ও তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে রয়েছে।

ইউএনডিপির প্রতিবেদনে বলা হয়, মানব উন্নয়ন সূচকে কয়েক দশক ধরে ধারাবাহিকভাবে অগ্রগতি দেখা গেছে। তবে ২০২০ সাল থেকে তা নিম্নমুখী হতে শুরু করে। ২০২১ সালেও এ ধারা অব্যাহত থাকতে দেখা যায়। এর আগে গত পাঁচ বছরে যে অর্জন হয়েছিল, তা ম্লান হয়ে গেছে।

‘আনসার্টেইন টাইমস আনসেটেলড লাইভস’ শীর্ষক প্রতিবেদনে আরও বলা হয়েছে, বৈশ্বিক এই পশ্চাৎপদতার প্রধান চালক হলো করোনা মহামারি। এর সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও জলবায়ু সংক্রান্ত আরও কিছু সংকট মানুষকে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে বাধার সৃষ্টি করেছে।

স্টেইনার বলেন, ‘অতীতেও অনেক দুর্যোগ হয়েছে। আগেও অনেক সংঘাত দেখেছে বিশ্ব। কিন্তু এখন আমরা যে সংকটের মুখোমুখি হয়েছি, তা মানব জাতির অগ্রযাত্রার জন্য বড় বাধা।’

জাতিসংঘের গবেষণা অনুসারে, বর্তমান বৈশ্বিক সংকটের প্রভাব পড়েছে বিশ্বের ৯০ শতাংশের বেশি দেশের ওপর।

ইউএনডিপি মানব উন্নয়ন সূচকে সুইজারল্যান্ড, নরওয়ে ও আইসল্যান্ড শীর্ষস্থান ধরে রেখেছে। অন্যদিকে দক্ষিণ সুদান, চাদ ও নাইজারের অবস্থান সবার নিচে। কিছু দেশ করোনা মহামারি থেকে পুনরুদ্ধার পাওয়ার পথে হাঁটতে শুরু করেছিল। কিন্তু লাতিন আমেরিকা, আফ্রিকা, দক্ষিণ এশিয়া ও ক্যারিবীয় অঞ্চলের কিছু দেশ ইউক্রেন যুদ্ধের মতো সংকট সৃষ্টি হওয়ায় মানব উন্নয়ন সূচকে এখনো আগের অবস্থায় ফিরতে পারেনি। আস্থার সংকট সৃষ্টি হয়েছে স্টেইনার বলেন, ২০২১ সালের মানব উন্নয়ন সূচকে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ফলে সৃষ্ট খাদ্য ও জ্বালানিসংকটের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়নি। তাই ২০২২ সালের সূচকে পরিস্থিতি নিঃসন্দেহে আরও খারাপ হবে। মানব উন্নয়ন অগ্রগতির চিত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখে মানুষের গড় আয়ু। কিন্তু সেটিও কমে গেছে। ২০১৯ সালে মানুষের গড় আয়ু ছিল ৭৩ বছর, যা ২০২১ সালে কমে দাঁড়িয়েছে ৭১ দশমিক ৪ বছরে। গবেষণা প্রতিবেদনটি শীর্ষ লেখক পেদ্রো কনসেইকাও গড় আয়ু কমে যাওয়ার বিষয়টিকে বড় ধরনের ধাক্কা হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের মতো দেশে মানুষের গড় আয়ু দুই বছর কমেছে।

জাতিসংঘের প্রতিবেদনে আরও বলা হয়েছে, জলবায়ু পরিবর্তন, বিশ্বায়ন এবং রাজনৈতিক মেরুকরণ ও বর্তমান মানবতার দিকটি মানুষের মধ্যে যে জটিল অনিশ্চয়তা তৈরি করেছে, তা মানব ইতিহাসে আর দেখা যায়নি।

আরও পড়ুন

স্টেইনার বলেন, ‘মানুষ একে অন্যের ওপর আস্থা হারিয়েছে। প্রতিষ্ঠানগুলোকে পাত্তা না দেওয়া, প্রতিবেশীকে সবচেয়ে বড় হুমকি মনে করার মতো বিষয়গুলো আমাদের পঙ্গু করে দিচ্ছে।’ তিনি আরও বলেন, ‘সত্যি বলতে গেলে ভবিষ্যৎ সুরক্ষায় আমাদের রূপান্তর ঘটাতে হবে। এর মধ্যে কম কার্বন নিঃসরণ, অসমতা কমানো ও স্থিতিশীলতার মতো বিষয়গুলো বিবেচনায় আনতে হবে।’

প্রতিবেদনের তথ্যমতে, পুনর্নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ, ভবিষ্যতের মহামারির প্রস্তুতি, বিমা এবং ভবিষ্যতের সংকট মোকাবিলার সক্ষমতা জোরদারের জন্য নতুন উদ্ভাবনের মধ্য দিয়ে মানব উন্নয়ন সূচক এগিয়ে নেওয়া যেতে পারে। ইউএনডিপির প্রধান বলেন, ‘আমরা এখন যে পথে চলছি, তা ধরে চলতে থাকলে তা হবে বড় ভুল। জাতি হিসেবে একসঙ্গে কাজ করার ক্ষেত্রে আমাদের সক্ষমতার প্রভাবকে অবমূল্যায়ন করা উচিত হবে না।’

আরও পড়ুন