ইতিহাসের এই দিনে
হিরোশিমায় আণবিক বোমা হামলা
বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ৬ আগস্ট। চলুন দেখি, বিশ্বে এদিন কী বড় বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। সময়টা ১৯৪৫ সালের ৬ আগস্ট। জাপানের হিরোশিমা শহরের মানুষের কাছে এ দিনের সকালটা আর দশটা সকালের মতোই রোদঝলমল ছিল। কিন্তু পরক্ষণেই নেমে আসে প্রলয়যজ্ঞ। হিরোশিয়ায় ‘লিটল বয়’ নামের আণবিক বোমা ফেলে মার্কিন বাহিনী। মুহূর্তে প্রাণ যায় ৮০ হাজার মানুষের। পরে তেজস্ক্রিয়তায় মারা যান আরও হাজার হাজার মানুষ। বিশ্বে এটাই ছিল প্রথম আণবিক বোমা হামলা।
চালু হয় প্রথম ওয়েবসাইট
১৯৯১ সালের ৬ আগস্ট, বিশ্বে চালু হয় প্রথম ওয়েবসাইট। যুক্তরাজ্যের কম্পিউটারবিজ্ঞানী টিম বার্নার্স-লি এই ওয়েবসাইট তৈরি করেছিলেন। ইউরোপের আণবিক গবেষণা কেন্দ্রের তথ্য আদান–প্রদান সহজ করতে এটা চালু করা হয়েছিল।
নারী সাঁতারুর ইংলিশ চ্যানেল পাড়ি
মার্কিন সাঁতারু গার্টরুড এডেরলে। অনন্য একটি কীর্তি রয়েছে এই নারী সাঁতারুর। ইংলিশ চ্যানেল সাঁতরে পাড়ি দেওয়া প্রথম নারী তিনি। ১৯২৬ সালের এ দিনে তিনি অনন্য এই কীর্তি গড়েন। শুধু তাই নয়, দুই ঘণ্টায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে পুরুষদের রেকর্ড ভেঙে দেন তিনি। হিমশীতল পানি, তুমুল স্রোত ও জেলিফিশ—কিছুই দমাতে পারেনি তাঁকে।
ভোটাধিকার নিয়ে আইন পাস
সময়টা ১৯৬৫ সাল। যুক্তরাষ্ট্রের ক্ষমতায় তখন প্রেসিডেন্ট লিন্ডে জনসন। ওই বছরের আজকের দিনে ভোটাধিকার নিয়ে একটি আইন পাস করেন তিনি। এতে বলা ছিল, নির্বাচনী কর্মকর্তারা ভোট দেওয়ার ক্ষেত্রে কৃষ্ণাঙ্গ ভোটারদের বিরুদ্ধে কোনো বৈষম্য করতে পারবেন না, করলে তা বেআইনি হবে।