আর্টেমিস-২ নভোচারীদের পাঠানো পৃথিবীর প্রথম ছবি প্রকাশ করল নাসা
আর্টেমিস–২ অভিযানে থাকা নভোচারীরা ওরিয়ন মহাকাশযান থেকে পৃথিবীর কিছু ছবি তুলেছেন। ছবিগুলো প্রকাশ করেছে নাসা। এগুলো ওরিয়ন মহাকাশযান থেকে তোলা পৃথিবীর প্রথম উচ্চ–রেজল্যুশনের ছবি।
আর্টেমিস–২ অভিযানের অংশ হিসেবে নভোচারীরা চাঁদের চারপাশে ভ্রমণ করে পৃথিবীতে ফিরে আসবেন।
নাসা বলেছে, আর্টেমিস মিশনের কমান্ডার রিড উইজম্যান মহাকাশযান থেকে পৃথিবীর ‘চমকপ্রদ’ ছবিগুলো তুলেছেন।
প্রথম ছবিটির নাম দেওয়া হয়েছে ‘হ্যালো, ওয়ার্ল্ড’। ছবিটিতে দেখা যাচ্ছে, বিশাল নীল আকাশের মতো আটলান্টিক মহাসাগর। এর চারপাশে পৃথিবীর বায়ুমণ্ডলের আবছা আলো পড়েছে। আর দুই প্রান্তে দেখা যাচ্ছে সবুজ মেরুজ্যোতির উজ্জ্বল আলো।
ছবিতে পৃথিবীকে আমাদের চোখে উল্টো অবস্থায় দেখা যাচ্ছে, বাঁ দিকে পশ্চিম সাহারা মরুভূমি এবং আইবেরীয় উপদ্বীপ, আর ডান দিকে দক্ষিণ আমেরিকার পূর্ব অংশ দৃশ্যমান।
নাসা ছবির নিচের অংশে ডান প্রান্তে উজ্জ্বল গ্রহকে শনাক্ত করেছে—এটি হলো শুক্র গ্রহ। গতকাল শুক্রবার ভোরের দিকে এই ছবি তোলা হয়েছে। নভোচারীরা সফলভাবে একটি ট্রান্স-লুনার ইনজেকশন বার্ন সম্পন্ন করার পর ছবিটি তোলা হয়।
বার্নের মাধ্যমে ওরিয়ন মহাকাশযানকে পৃথিবীর কক্ষপথ থেকে বের করা হয়। মহাকাশযানের ভেতরে থাকা চারজন নভোচারী চাঁদের দিকে ২ লাখ মাইলের বেশি পথ যাত্রার লক্ষ্য নিয়ে চলছেন।
আর্টেমিস–২ অভিযানের অংশ হিসেবে চার নভোচারী চাঁদের চারপাশে ঘুরে আবার পৃথিবীতে ফিরবেন। ১৯৭২ সালের পর এবারই প্রথম কোনো মানুষ পৃথিবীর কক্ষপথের বাইরে ভ্রমণ করছে।
নভোচারীরা ৬ এপ্রিল চাঁদের পেছনের পাশ দিয়ে ঘুরে আসবেন। ১০ এপ্রিল তাঁদের পৃথিবীতে ফিরে আসার কথা।