মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার কৃতিত্ব নতুন আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে দিচ্ছে ইরান
এক দিনে দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার কৃতিত্ব দেশটির নতুন আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে দিয়েছে ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ কথা জানিয়েছে।
ইরান দাবি করেছে, গতকাল শুক্রবার তারা দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এর একটি ছিল দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আকাশসীমায় উড়তে থাকা এফ-১৫ই। অন্যটি ওই যুদ্ধবিমানের ক্রুদের উদ্ধার অভিযানে অংশ নেওয়া এ-১০ ওয়ারথগ।
ইরানের যৌথ সামরিক কমান্ড মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি বলেছেন, শুক্রবারের ঘটনা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য একটি ‘লজ্জাজনক পরাজয়’। তিনি এই সাফল্যের কৃতিত্ব দিয়েছেন ইরানের ‘নিজ দেশে উৎপাদিত’ নতুন আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে।
জোলফাকারি আরও বলেন, এই নতুন আকাশ প্রতিরক্ষাব্যবস্থাগুলো একে একে মোতায়েন করার মাধ্যমে ইরান অবশ্যই দেশের আকাশসীমার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করবে।
তবে ঠিক কোন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দিয়ে যুদ্ধবিমানগুলো ভূপাতিত করা হয়েছে, তার নাম উল্লেখ করেননি ইরানের যৌথ সামরিক কমান্ডের এই মুখপাত্র।
সিএনএন জানিয়েছে, শুক্রবার যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি এফ-১৫ই এবং একটি এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এর মাধ্যমে ইরানের সঙ্গে চলমান যুদ্ধে ধ্বংস হওয়া মার্কিন সামরিক উড়োজাহাজের সংখ্যা বেড়ে সাতে দাঁড়িয়েছে। অবশ্য বাকি পাঁচটি সামরিক উড়োজাহাজের তিনটি কুয়েতে, একটি ইরাকে এবং একটি সৌদি আরবে ধ্বংস হয়েছিল।