সৌদি আরবের রাজধানী রিয়াদে একাধিক বিস্ফোরণ
সৌদি আরবের রাজধানী রিয়াদে আজ মঙ্গলবার একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রিয়াদের দিকে আসার পথে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করার কথা জানিয়েছে সৌদির নেতৃত্বাধীন সামরিক জোট।
বার্তা সংস্থা এএফপির সাংবাদিকেরা রিয়াদে একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন।
এ সময় রিয়াদের বাসিন্দাদের মুঠোফোনে সতর্কবার্তা পাঠানো হয়। সতর্কবার্তায় আকাশপথে হামলার আশঙ্কার কথা জানিয়ে তাঁদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়।
সৌদির নেতৃত্বাধীন সামরিক জোট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, ‘সন্ত্রাসী’ হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ধ্বংস করা হয়েছে।
বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব কয়েক সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই ইয়েমেনের হুতিদের হামলার শিকার হচ্ছে। দীর্ঘদিনের সংঘাতের মধ্যে দুই পক্ষের মধ্যে হওয়া যুদ্ধবিরতি গত জুলাইয়ে ভেঙে পড়ে।
পরে দেশটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এক বার্তায় জানায়, বিপদ কেটে গেছে।
এর আগে জোট জানিয়েছিল, গতকাল সোমবার রাতে সৌদি আরবের দক্ষিণাঞ্চলের দিকে ছোড়া আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে।
বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব কয়েক সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই ইয়েমেনের হুতিদের হামলার শিকার হচ্ছে।
দীর্ঘদিনের সংঘাতের মধ্যে দুই পক্ষের মধ্যে হওয়া যুদ্ধবিরতি গত জুলাইয়ে ভেঙে পড়ে।
গত রোববার রিয়াদের বাণিজ্যিক এলাকায় হামলার দাবি করে হুতিরা। প্রত্যক্ষদর্শীরা জানান, এই হামলায় সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ জানায়, হামলার চেষ্টা ব্যর্থ হওয়ার পর ক্ষেপণাস্ত্রের ভাঙা অংশ পড়ে ভবনটির সামান্য ক্ষতি হয়েছে।
আজ সৌদি প্রেস এজেন্সি প্রকাশিত ছবিতে রিয়াদ অঞ্চলের উপগভর্নরসহ কয়েকজন কর্মকর্তাকে ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শন করতে দেখা যায়। ভবনটির কয়েকটি তলায় ক্ষয়ক্ষতির চিহ্ন ছিল।
হুতিরা এর আগেও একাধিকবার আরামকোর তেলবাহী জাহাজ, তেল শোধনাগার, তেল সংরক্ষণাগার ও কোম্পানিটির প্রধান কার্যালয় লক্ষ্য করে হামলা চালিয়েছে।
২০১৫ সালের মার্চে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হুতিদের বিরুদ্ধে অভিযান শুরু করে। এর কয়েক মাস আগে গোষ্ঠীটি ইয়েমেনের রাজধানী সানা দখল করে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল।