ইরানে মৃত্যুদণ্ডের সাজা পাওয়া সেই এরফান সোলতানি জামিনে মুক্তি পেয়েছেন
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া ও মৃত্যুদণ্ডের সাজা পাওয়া এরফান সোলতানিকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। ২৬ বছর বয়সী দোকানি সোলতানির আইনজীবী এ খবর জানিয়েছেন।
আইনজীবী আমির মউসাখানি বার্তা সংস্থা এএফপিকে বলেন, গত শনিবার তাঁর মক্কেল জামিনে মুক্তি পেয়েছেন। মুক্তির সময় এরফান সোলতানির কাছ থেকে রেখে দেওয়া মুঠোফোনসহ সব জিনিস ফেরত দেওয়া হয়েছে।
প্রায় ১২ হাজার ৬০০ ডলারের বিনিময়ে এরফান সোলতানিকে জামিন দেওয়া হয়েছে বলেও জানান আইনজীবী আমির।
নরওয়েভিত্তিক মানবাধিকার সংগঠন হেনগো অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস, আইএসএনএসহ ইরানের কয়েকটি সংবাদমাধ্যম এরফান সোলতানির জামিন পাওয়ার বিষয়ে প্রতিবেদন করেছে।
এরফান সোলতানির বাড়ি ইরানের রাজধানী তেহরানের উত্তর–পশ্চিমের শহর কারাজের ফারদিসে। ৮ জানুয়ারি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ইন্টারনেট বন্ধ করে দেওয়ার আগে তখন শহরটিতে বিক্ষোভ তুঙ্গে ছিল।
গ্রেপ্তার হওয়ার তিন দিনের মাথায় এরফান সোলতানির পরিবারের সদস্যদের জানানো হয়, ‘বিচার শেষ হয়ে গেছে। এরফান সোলতানি মৃত্যুদণ্ডের সাজা পেয়েছেন। ১৪ জানুয়ারি ফাঁসির সাজা কার্যকর করা হবে।’
এরফান সোলতানির গ্রেপ্তার হয়ে মৃত্যুদণ্ডের সাজার খবর নিজেদের ওয়েবসাইটে প্রথম প্রকাশ করে নরওয়েভিত্তিক হেনগো অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস। প্রতিষ্ঠানটি ইরান ও কুর্দিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কাজ করে।
এ খবর প্রকাশের পরপর বিশ্বজুড়ে শোরগোল পড়ে যায়। একের পর এক মৃত্যুদণ্ড নিয়ে আগে থেকেই ইরানের বিরুদ্ধে সরব ছিল পশ্চিমারা। তার ওপর মাত্র দুই দিনের বিচারে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া নিয়ে সমালোচনায় মুখর হয় মানবাধিকার সংগঠনগুলো।
বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়া নিয়ে ইরানকে হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরান সরকার যদি বিক্ষোভকারীদের ফাঁসি দিতে শুরু করে, তবে যুক্তরাষ্ট্র ‘অত্যন্ত কঠোর ব্যবস্থা’ নেবে।
বিশ্বজুড়ে তুমুল আলোচনা ও সমালোচনার মুখে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত থেকে সরে আসে তেহরান। আর ইরানের একটি আদালত এরফান সোলতানির মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে তাঁকে কারাদণ্ড দেন। ইরানের বিচার বিভাগ দাবি করেছে, তাঁকে নিরাপত্তা-সম্পর্কিত অভিযোগে কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে।