ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্তের প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসরায়েলে বিক্ষোভ চলছে
ছবি: রয়টার্স

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন কয়েক লাখ মানুষ। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়েছে।
তেল আবিবে কয়েক লাখ মানুষ সড়ক বন্ধ করে প্রতিবাদ করেছেন।

জেরুজালেমে নেতানিয়াহুর বাড়ির সামনে প্রচুর বিক্ষোভকারী জমায়েত হন। তাঁদের সরাতে চায় পুলিশ। এ নিয়ে পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভকারীরা নিজেদের গায়ে দেশের পতাকা জড়িয়ে রাস্তায় নেমেছেন।

গত এক সপ্তাহ ধরেই নেতানিয়াহুর বিচারব্যবস্থার সংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন বিক্ষোভকারীরা। নেতানিয়াহুর প্রস্তাবিত সংস্কারে বলা হয়েছে, যে কমিটি বিচারপতিদের নিয়োগ করে, তার ওপর সরকারের পুরো নিয়ন্ত্রণ থাকবে। আদালত যাতে চট করে কোনো নেতাকে ক্ষমতাচ্যুত না করতে পারে, তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। ইসরায়েলে বিক্ষোভকারীদের সরাতে পুলিশ জলকামান ব্যবহার করেছে।

আরও পড়ুন

প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করার সিদ্ধান্তে লিকুদ পার্টির মধ্যেও অসন্তোষ দেখা দিয়েছে। কয়েকজন মন্ত্রী বলেছেন, নেতানিয়াহুকে বিচারবিভাগীয় সংস্কার আপাতত স্থগিত রাখতে হবে। জোট শরিকেরা আজ সোমবার বৈঠকে বসেছেন। ফলে দল ও জোটেও অস্বস্তিকর অবস্থায় পড়েছেন নেতানিয়াহু।

বিক্ষোভকারীরা বলেছেন, তারা এই সংস্কার মানবেন না। বিক্ষোভে যোগ দেওয়া এক সরকারি কর্মী বিবিসিকে বলেছেন, ‘নেতানিয়াহু সব সীমা ছাড়িয়ে গেছেন। আমরা গণতান্ত্রিক ব্যবস্থা বাঁচাতে মরিয়া।’

বিরোধী নেতা ইয়াইর লাপিদ ও গ্রান্টজ বলেছেন, ‘নেতানিয়াহু এইভাবে রাজনৈতিক স্বার্থে জাতীয় নিরাপত্তা নিয়ে খেলতে পারেন না।’ নিউইয়র্কে ইসরায়েলের কনসাল জেনারেল পদত্যাগ করেছেন। ইসরায়েলের রিসার্চ ইউনিভার্সিটি জানিয়েছে, তাদের বিশ্ববিদ্যালয়ে ক্লাস বন্ধ থাকবে। শ্রমিক ফেডারেশনগুলির শীর্ষ সংস্থা নেতানিয়াহুর সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছে।

আরও পড়ুন

জেরুসালেমের থিংক ট্যাংক ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের গবেষক গাই লুরি এএফপিকে বলেছেন, ইসরায়েল এখন রাজনৈতিক সংকটে পড়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রধানমন্ত্রী কার্যালয় এ কথা জানিয়েছে। নেতানিয়াহু সরকারের নেওয়া ‘বিচারব্যবস্থা সংস্কারের’ উদ্যোগের বিরুদ্ধে কথা বলার পরদিন রোববার গ্যালান্টকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো।