শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার দাবি কুয়েতের
কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার এমনটা বলেছে তারা। তবে এসব হামলা কোথা থেকে চালানো হচ্ছে, সে বিষয়ে কিছু বলা হয়নি।
সেনাবাহিনী আরও বলেছে, দেশটিতে বিস্ফোরণের যে শব্দ শোনা যাচ্ছে, তা আসলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ওই হামলাগুলো ঠেকানোর ফল। একই সঙ্গে জনগণকে কর্তৃপক্ষের দেওয়া নিরাপত্তা ও সুরক্ষা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোরে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর কুয়েতের সেনাবাহিনী এসব বক্তব্য দিয়েছে। ওয়াশিংটনের দাবি, ইরানের ড্রোন দিয়ে চালানো একটি অভিযানকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। কারণ, এ অভিযান হরমুজ প্রণালিতে মার্কিন বাহিনী ও বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হুমকি হয়ে উঠেছিল।
ইরান যুক্তরাষ্ট্রের হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলেছে, স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিটে তারা একটি মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালায়। ইরানের দাবি, এর আগে ভোরে বন্দর আব্বাস বিমানবন্দরের কাছে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছিল। তবে কোন মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, তা জানানো হয়নি।
কুয়েতে যুক্তরাষ্ট্রের একটি বিমানঘাঁটি রয়েছে। তবে ইরানই হুমকি তৈরি করছে কিনা সে সম্পর্কে কুয়েত কিছু বলেনি।
এর আগে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর কুয়েতসহ উপসাগরীয় বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছিল। গত এপ্রিল মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর পরিস্থিতি অনেকটাই শান্ত হয়। তবে এরপরও ইরাক থেকে সৌদি আরব ও কুয়েতসহ উপসাগরীয় দেশগুলোর দিকে ড্রোন ছোড়ার ঘটনা ঘটেছে।