ইরানে আজ রাতেও হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, বন্দর আব্বাস–চাবাহারে বিস্ফোরণ

হরমুজ প্রণালিতে ইরানি নৌযানের টহলফাইল ছবি: এএফপি

ইরানের বিভিন্ন জায়গায় গত রাতের মতো আজ রাতেও (বুধবার দিবাগত রাত) হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বন্দর আব্বাস, সিরিকসহ দেশের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হামলা হয়েছে বন্দর নগরী চাবাহারেও।

স্থানীয় সংবাদমাধ্যম ফারস ও মেহের–এর বরাতে আল–জাজিরার খবর, ইরানের দক্ষিণাঞ্চলে উপসাগরীয় উপকূল ঘেঁষে অন্তত দুটি জায়গায় হামলার খবর পাওয়া গেছে।

সংবাদমাধ্যম মেহের বলছে, কোনারাক ও চাবাহারের পাশে বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের পর চাবাহারের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এ ছাড়া ইরানের দক্ষিণ–পশ্চিমাঞ্চলের বুশেহর প্রদেশেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। বুশেহরের পারমাণবিক স্থাপনা অক্ষত আছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, দক্ষিণাঞ্চলের বন্দর আব্বাসে অন্তত আটটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। বন্দর নগরীটিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। ইরানি প্রেস টিভির খবর, আবু মুসা দ্বীপেও হামলা হয়েছে। হামলা হয়েছে দক্ষিণের সিরিক শহরেও।

ইরানজুড়ে এসব হামলায় ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর প্রাথমিকভাবে জানা যায়নি।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই এসব হামলা চালানো হয়েছে। মূলত হরমুজ প্রণালিতে স্বাধীনভাবে নৌযান চলাচলে হুমকি দেওয়ার ক্ষমতা আরও কমিয়ে আনতে ইরানের বিরুদ্ধে হামলা চালানো হচ্ছে।

এর আগে গত রাতেও ইরানের বিভিন্ন জায়গায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। সেন্টকম বলেছে, এদিন তারা ইরানের ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে নির্ভুল নিশানায় হামলা চালিয়েছে। তাদের বাহিনী ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, কমান্ড ও নিয়ন্ত্রণ নেটওয়ার্ক, উপকূলীয় রাডার স্থাপনা এবং জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র সক্ষমতার ওপর এ হামলা চালিয়েছে।

পাল্টা জবাব দেয় তেহরানও। ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলার জবাব হিসেবে বাহরাইন ও কুয়েতে ৮৫টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

মঙ্গলবার ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষবিদায় উপলক্ষে টানা সাত দিনের আনুষ্ঠানিক কর্মসূচি চলার মধ্যে এসব হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার জন্মশহর মাশহাদে আয়াতুল্লাহ আলী খামেনির দাফন হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

ট্রাম্পের হুমকি

ইরানে আজ রাতে আরও কঠিন হামলা চালানোর হুমকি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তুরস্কের আঙ্কারায় গতকাল পশ্চিমা সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি সতর্ক করে দিচ্ছি, আজ রাতে আমরা তাদের (ইরানের) ওপর কঠিন আঘাত হানব।’

যুদ্ধ বন্ধে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে গত ১৮ জুন একটি সমঝোতা স্মারকে সই করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন এই সমঝোতা ভেঙেছে বলে অভিযোগ করেছে তেহরান। 

এ বিষয়ে আঙ্কারায় ট্রাম্প সরাসরি বলেন, দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতি এখন শেষ।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি তাদের সঙ্গে আর কোনো লেনদেন করতে চাই না, তারা “জঘন্য”। তারা “অসুস্থ মানুষ”এবং অসুস্থ মানুষেরা তাদের নেতৃত্ব দিচ্ছেন। তারা “নৃশংস ও সহিংস প্রকৃতির”লোক।’

আরও পড়ুন

তেহরানের হুঁশিয়ারি

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনির সামরিক উপদেষ্টা মোহসিন রাজেয়ি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছেন।

পবিত্র কোরআনের একটি আয়াত পোস্ট করেন তিনি। এর অর্থ—‘যে তোমাকে লাঞ্ছিত করেছে, সে তোমাকে যেভাবে লাঞ্ছিত করেছে, তাঁকেও সেভাবে আক্রমণ কর।’

সতর্ক করে দিয়ে মোহসিন রায়েয়ি আরও লিখেন, ‘আগ্রাসনকারী শত্রু ও তার সহযোগীদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।’

আরও পড়ুন
আরও পড়ুন