মধ্যপ্রাচ্যে রণতরি পাঠাল যুক্তরাষ্ট্র, হামলার জন্য অপেক্ষা করবে না ইরান

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস থিওডর রুজভেল্টফাইল ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার আড়ালে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালানোর পাঁয়তারা করছে বলে অভিযোগ তুলেছে ইরান। সেই সঙ্গে তেহরান হুঁশিয়ারি দিয়েছে, এমন হলে ইরান আগেই হামলা চালাবে।

ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আগে হামলার জন্য তেহরান অপেক্ষা করে থাকবে না।

আরও পড়ুন

এমন এক সময় ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী এ হুঁশিয়ারি দিলেন, যখন মধ্যপ্রাচ্যে নতুন করে মার্কিন রণতরি মোতায়েনের খবর জানা গেছে।

বিষয়টির সঙ্গে জানাশোনা রয়েছে এমন একজন মার্কিন কর্মকর্তা (নাম প্রকাশ করা হয়নি) আল-জাজিরাকে বলেন, রণতরি ইউএসএস থিওডর রুজভেল্ট এরই মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছে গেছে।

মধ্যপ্রাচ্যে আগে থেকেই দুটি মার্কিন রণতরি রয়েছে। ওই কর্মকর্তা জানান, বিমানবাহী রণতরি ইউএসএস থিওডর রুজভেল্ট সেখানে সেই দুটির সঙ্গে যুক্ত হবে। মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) দায়িত্বাধীন এলাকায় কার্যক্রম চালাবে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সতর্ক করে দিয়ে বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র যতই আত্মবিশ্বাসী হোক না কেন, তাদের পরাজয়ের মুখোমুখি হতে হবে।

আরও পড়ুন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আব্বাস আরাগচি লেখেন, ‘তলোয়ার হাতে থাকা ব্যক্তির সামনে আইনের কথা বল না—কথাটি একজন রোমান সেনাপতির। অথচ শেষ সামরিক অভিযানে তাঁকে শোচনীয় পরাজয় মেনে নিতে হয়। যদিও সংখ্যার বিবেচনায় তিনি এগিয়ে ছিলেন। যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যান। পরে তাঁর শিরশ্ছেদ করা হয়েছিল।’

আরাগচি আরও লেখেন, ‘এটার চেয়ে ভালো নীতিবাক্য হলো: যাঁরা অতীত ভুলে যান, তাঁরাই এর পুনরাবৃত্তি করতে বাধ্য হন।’

এ বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র আর ইসরায়েল একযোগে ইরানে সর্বাত্মক হামলা শুরু করে। যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কড়াকড়ি আরোপ করে তেহরান।

আরও পড়ুন

জাহাজগুলোকে ইরানের অনুমোদিত পথ ব্যবহার করতে হচ্ছে। অনুমতি ছাড়া চলা জাহাজগুলোকে নিয়মিত নিশানা করেছে দেশটি।

এর জবাবে ইরানের বন্দরগুলোয় নৌ অবরোধ দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। হরমুজ পার হতে তেলবাহী জাহাজগুলোকে সহায়তা করছে মার্কিন বাহিনী। যুদ্ধের আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল এ পথ দিয়ে পরিবাহিত হতো।

সেন্টকম সম্প্রতি দাবি করেছে, হরমুজ প্রণালির প্রধান নৌপথগুলো থেকে তারা সব মাইন সরিয়ে ফেলেছে। এর আগে সেন্টকম গত মাসে জানিয়েছিল, গ্রীষ্মের পর থেকে হরমুজ প্রণালি দিয়ে তারা উপসাগরীয় দেশগুলোর ১৫০ কোটি ব্যারেল জ্বালানি তেল রপ্তানিতে সহায়তা করেছে।

সম্প্রতি আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, হরমুজ প্রণালির পরিস্থিতি আর কখনোই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর আগের অবস্থায় ফিরবে না।

আরও পড়ুন