ইরানে হামলা নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে ‘ভুয়া খবর’ ছড়ানোর অভিযোগ আরব আমিরাতের
ইরানের একটি পানি শোধনাগারে (ডিস্যালিনেশন প্ল্যান্টে) হামলায় আবুধাবির অংশগ্রহণ নিয়ে ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত খবর অস্বীকার করেছেন সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারা।
গতকাল রোববার আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতি জারি করে বলা হয়, ইরানের হামলার প্রতিক্রিয়ায় সংযুক্ত আরব আমিরাত ‘প্রতিরক্ষামূলক অবস্থান’ গ্রহণ করে সে অনুযায়ী কাজ করছে। দেশটি ‘এই সংঘাতে বা উত্তেজনা বৃদ্ধিতে নিজেকে জড়াতে চায় না’।
এই বিবৃতি প্রকাশের আগে ইসরায়েলের বেশ কয়েকটি সংবাদমাধ্যম নাম প্রকাশ না করে সূত্রের বরাত দিয়ে বলেছে, ইরানের একটি পানি শোধনাগারে হামলার পেছনে সংযুক্ত আরব আমিরাত জড়িত।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শনিবার একটি বিবৃতিতে জানিয়েছিলেন, হরমুজ প্রণালির কাশম দ্বীপে ইরানের একটি পানি শোধনাগারে যুক্তরাষ্ট্র বোমা হামলা চালিয়েছে। এর ফলে প্রায় ৩০টি গ্রামে সুপেয় পানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ই হামলার অভিযোগ অস্বীকার করেছে।
এ সময় ইসরায়েলে সংবাদ সম্মেলনে বলা হয়েছিল, সম্ভবত সংযুক্ত আরব আমিরাত ওই হামলায় জড়িত।
আমিরাতের কর্মকর্তারা দ্রুত নিজেদের অবস্থান পরিষ্কার করে বলেন, তাঁরা ওই হামলায় জড়িত নন।
সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল ন্যাশনাল কাউন্সিলের সদস্য এবং প্রতিরক্ষা, অভ্যন্তরীণ ও পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান আলী রশিদ আল নুয়াইমি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত খবরগুলোকে ‘ভুয়া খবর’ বলে বর্ণনা করেন।
আল–নুয়াইমি বলেন, ‘যখন আমরা কিছু করি, সেটি ঘোষণা দেওয়ার মতো সাহস আমাদের আছে।’
ইরানে হামলায় আরব আমিরাত জড়িত থাকার খবর প্রথম যেসব সংবাদমাধ্যমে প্রকাশ পায়, তার একটি দ্য জেরুজালেম পোস্ট।
পরে আমিরাতের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জেরুজালেম পোস্টকে বলেন, আবুধাবি ইসরায়েলের এ ধরনের আচরণ এবং যে ধরনের সংবাদ ব্রিফিং প্রকাশ করছে, তার কারণ বুঝতে হিমশিম খাচ্ছে।
আল–নুয়াইমির অভিযোগ, ইসরায়েলি সূত্র এ খবর ফাঁস করেছে।
ওই কর্মকর্তা আরও বলেন, ‘যে উচ্চপদস্থ ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করা হয়েছে, সে ব্যক্তির আমাদের হয়ে কথা বলা বা অন্য কোনো সার্বভৌম দেশের কর্মকাণ্ড নিয়ে গুজব ছড়ানো একেবারেই উচিত হয়নি।’
গত সপ্তাহ থেকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসন শুরুর পর এ নিয়ে ইসরায়েলি গণমাধ্যমগুলো নানা ভুয়া খবর প্রকাশ করছে।
গত সপ্তাহে তারা বলেছিল, কাতার ইরানের ভেতর হামলা চালিয়েছে। দ্রুতই দোহা ওই খবর অস্বীকার করে।
ইসরায়েলি সংবাদমাধ্যমে বারবার এমন খবর প্রকাশ করছে, সৌদি আরবসহ পারস্য উপসাগরীয় দেশগুলো ইরানে তীব্র বোমাবর্ষণের জন্য প্রস্তুত হচ্ছে।