উত্তেজনা বাড়লে ইরানেরই সবচেয়ে বড় ক্ষতি হবে: হুমকি সৌদি আরবের

ইরানের এক হামলার পর সৌদি আরবের রিয়াদ শহরে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। ৫ মার্চ, ২০২৬ছবি: রয়টার্স

সৌদি আরব ও তার সহযোগী উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্যদেশগুলোর ওপর ইরানের অব্যাহত হামলার তীব্র নিন্দা জানিয়েছে রিয়াদ। তেহরানকে হুমকি দিয়ে দেশটি বলেছে, অব্যাহতভাবে উত্তেজনা বাড়লে শেষ পর্যন্ত ইরানই চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে।

আজ সোমবার এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, প্রতিবেশীদের প্রতি ইরানের এমন বৈরিতা ‘কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’। একই সঙ্গে নিজেদের জনগণ, ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার অধিকার সৌদি আরবের রয়েছে বলেও বিবৃতিতে পুনর্ব্যক্ত করা হয়েছে।

আরও পড়ুন

বেসামরিক বিমানবন্দর এবং জ্বালানি অবকাঠামোয় হামলার নিন্দা জানিয়েছে রিয়াদ। এসব হামলাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং অঞ্চলটিকে অস্থিতিশীল করার সুপরিকল্পিত চেষ্টা হিসেবে অভিহিত করেছে দেশটি।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাম্প্রতিক বক্তব্যেরও কড়া জবাব দিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। পেজেশকিয়ান প্রকাশ্যে দাবি করেছিলেন, প্রতিবেশী দেশগুলোতে হামলা চালানোর কোনো পরিকল্পনা তেহরানের নেই।

আরও পড়ুন

সৌদি কর্মকর্তারা ইরানি প্রেসিডেন্টের এই আশ্বাসকে ‘ফাঁপা বুলি’ বলে প্রত্যাখ্যান করেছেন। রিয়াদের দাবি, ওই ভাষণের সময় এবং পরবর্তীকালেও তথাকথিত ভিত্তিহীন অজুহাতে ইরানের হামলা অব্যাহত ছিল।

অন্যদিকে তেহরান অভিযোগ করেছিল, ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে সৌদি আরব নিজের ভূখণ্ড থেকে যুদ্ধবিমান এবং জ্বালানি সরবরাহকারী বিমান উড্ডয়নের অনুমতি দিয়েছে। রিয়াদ এ অভিযোগ সরাসরি অস্বীকার করেছে।

আরও পড়ুন