ইয়েমেনে শান্তি প্রচেষ্টায় সমর্থন যুক্তরাষ্ট্রের
ইরানের সঙ্গে সৌদি আরবের চুক্তি ও ইয়েমেন যুদ্ধ বন্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। গত মঙ্গলবার মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমিয়ে আনার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তাঁরা। সৌদির এই শান্তি প্রচেষ্টায় সমর্থনের কথা বলেছে যুক্তরাষ্ট্র। তবে ইরান বিষয়ে সতর্কও করে দিয়েছে।
চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের চুক্তির পর ওয়াশিংটনের পক্ষ থেকে এই প্রথম এ নিয়ে আলোচনা হলো। অবশ্য মধ্যপ্রাচ্যের দুই আঞ্চলিক শক্তির মধ্যে আলোচনাপ্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে যুক্ত করা হয়নি।
দীর্ঘদিনের কূটনৈতিক বিভেদ ভুলে ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা গত সপ্তাহে বেইজিংয়ে বৈঠক করেন। দুই দেশের মধ্যে বৈরী সম্পর্কের কারণে মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ ফয়সাল বিন ফারহান সৌহার্দ্যপূর্ণ আলোচনার পর পরিস্থিতি পাল্টে গেছে। তেহরান বলেছে, চীনের মধ্যস্থতায় করা এ চুক্তির অধীন দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের পথ প্রশস্ত হয়েছে।
গত মঙ্গলবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, ‘ইরান ও অন্য দেশের হুমকির বিরুদ্ধে প্রতিরোধ গড়ার প্রয়োজনীয়তার পাশাপাশি সুলিভান ও মোহাম্মদ বিন সালমান মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা নিরসনের বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করেছেন। ইরান যাতে কখনোই পারমাণবিক অস্ত্রের সক্ষমতা অর্জন করতে না পারে, সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অটুট প্রতিশ্রুতির কথাও তিনি স্মরণ করিয়ে দেন।’
এদিকে সৌদি আরব ও ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী দুই মাসের মধ্যে পুনরায় দূতাবাস চালু করার ক্ষেত্রে তারা পদক্ষেপ নিয়েছে।
বিশ্লেষকেরা মনে করছেন, সৌদি-ইরান চুক্তির ক্ষেত্রে বেইজিং যে ভূমিকা রেখেছে, তাতে সৌদি আরবের ওপর যুক্তরাষ্ট্রের প্রভাব কমে গেছে। সৌদির তেল উৎপাদন কমিয়ে দেওয়া, মানবাধিকারসহ নানা বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে।
ওমানের মধ্যস্থতায় সৌদি আরব ও ইয়েমেনে হুতিদের মধ্যে গত রোববার ইয়েমেনের রাজধানী সানায় বৈঠক হয়েছে। দেশটিতে দীর্ঘদিনের যুদ্ধ থামাতে হুতিদের সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছে রিয়াদ। ইরান ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের ছায়াযুদ্ধ হিসেবে দেখা হয় একে। হুতিদের সমর্থন দিয়ে আসছে ইরান। ২০১৪ সালে সৌদি-সমর্থিত সরকারকে হটিয়ে সানার ক্ষমতা দখল করে হুতিরা। এরপর থেকে সৌদি সামরিক জোটের সঙ্গে তাদের লড়াই শুরু হয়।
বন্দী বিনিময়প্রক্রিয়া শুরু
ইয়েমেন ও সৌদি আরবের চুক্তির পর দুই দেশের বন্দী বিনিময় প্রক্রিয়া শুরু হচ্ছে। ইয়েমেনের এক সরকারি কর্মকর্তা বলেছেন, আজ বৃহস্পতিবার বন্দী বিনিময় শুরু হবে। এ প্রক্রিয়ার মধ্য দিয়ে দুই দেশের মধ্যে শান্তির আভাস পাওয়া যাচ্ছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইয়েমেন যুদ্ধ শুরুর পর থেকে হাজারো মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষ কারণে মারা গেছেন। বিশ্বের সবচেয়ে মানবিক সমস্যায় পড়েছে দেশটি। ২০২০ সালের অক্টোবর মাসের পর থেকে এটাই সবচেয়ে বড় বন্দী বিনিময়ের ঘটনা। ইয়েমেনের সরকারি মুখপাত্র মাজিদ ফাদায়েল বলেন, তিন দিন ধরে চলবে বন্দী বিনিময়। ইয়েমেন ও সৌদি আরবের কয়েকটি শহরে বন্দী বিনিময় ঘটবে। দুই দেশের মধ্যে প্রায় ৯০০ বন্দী বিনিময় হবে। এর মধ্যে বেশির ভাগই হুতি বিদ্রোহী।
সৌদি আরব ও ইয়েমেনের সরকারি বাহিনীর হাতে আটক ৭০৬ বন্দীর বিনিময়ে হুতিরা ১৮১ বন্দীকে মুক্তি দেবে। তাঁদের অধিকাংশই সৌদি ও সুদানি নাগরিক। ফাদায়েল বলেন, বন্দী বিনিময়ের সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নিরাপদে বন্দী স্থানান্তর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছে বিশ্বের বৃহত্তম মানবিক সংস্থা রেড ক্রস।
হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সৌদি যুবরাজের সঙ্গে আলোচনায় ইয়েমেন যুদ্ধ বন্ধে সৌদির প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন এবং যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন।
রিয়াদ সফরে ইরানি প্রতিনিধিদল
চুক্তির শর্ত অনুযায়ী দূতাবাস খোলার প্রক্রিয়া শুরু করতে তেহরানের একটি প্রতিনিধিদল রিয়াদ সফর শুরু করেছে। গত বুধবার তেহরানের একটি প্রতিনিধিদল রিয়াদে পৌঁছেছে বলে জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা আইআরএনএ। এর দুই দিন আগে তেহরান সফর করেছিল সৌদি প্রতিনিধিদল।