এক দিনে ৭২৬ হামলায় ১২১ হুতি যোদ্ধা হতাহত হওয়ার দাবি ইয়েমেনের সরকারি বাহিনীর

হুতি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষ চলাকালে একটি সাঁজোয়া যানে ইয়েমেনের সরকারি বাহিনীর সদস্যরা। ৯ সেপ্টেম্বর ২০২৬ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের সরকারি বাহিনী বলেছে, তারা হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে ২৪ ঘণ্টায় ৭২৬টি হামলা চালিয়েছে। এসব হামলায় হুতিদের ১২১ জন যোদ্ধা ও কমান্ডার হতাহত হয়েছেন।

তবে সেনাবাহিনীর দেওয়া হতাহতের এই পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

আরও পড়ুন

ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার প্রতিবেদনে বলা হয়, দেশটির সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি বলেছেন, ‘ডন অব ইয়েমেন’ নামের অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়েছে। এর মধ্যে ২৩টি বিমান হামলা, ৬৪২টি গোলাবর্ষণ, ৩৫টি ড্রোন অভিযান ও ২৬টি রকেট হামলা রয়েছে।

একদিকে হুতি বিদ্রোহীরা সৌদি আরবে হামলা চালিয়ে যাচ্ছেন, অন্যদিকে তাঁদের দমনে অভিযান জোরদার করেছে ইয়েমেনের সরকারি বাহিনী ও সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

মাজেদ আল-নুজাইলি আরও বলেন, হামলায় হুতিদের ৮১টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সরকারি বাহিনী বলেছে, তারা হুতিদের আক্রমণ প্রতিহত করছে। তাদের ঘাঁটি ও সেনাদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তাইজ, মারিব, আল-জাওফ, লাহিজ, আল-দালে ও শাবওয়াসহ বেশ কয়েকটি রণাঙ্গনে লড়াই চলছে।

আরও পড়ুন

ইয়েমেনে তীব্র সংঘাতের মধ্যেই এ অভিযানের খবর এল। একদিকে হুতি বিদ্রোহীরা সৌদি আরবে হামলা চালিয়ে যাচ্ছেন, অন্যদিকে তাঁদের দমনে অভিযান জোরদার করেছে ইয়েমেনের সরকারি বাহিনী ও সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

এর আগে গতকাল শুক্রবার হুতি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো জানায়, তাইজ প্রদেশের আল-তুরবাহ এলাকায় সৌদি জোটের বিমান হামলায় ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাঁদের বেশির ভাগই শিশু।

আরও পড়ুন