ইরান যুদ্ধে বহুল ব্যবহৃত শব্দ কোনগুলো, অর্থ কী

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সংঘর্ষের মধ্যে একটি পুলিশ স্টেশনে আগুন জ্বলছে। তেহরান, ইরান, ২ মার্চছবি: রয়টার্স

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরু হয়েছে প্রায় দুই মাস হলো। এই যুদ্ধে ইতিমধ্যে হাজারো মানুষ প্রাণ হারিয়েছেন এবং বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের ব্যঘাত ঘটেছে। এই সংকটের কেন্দ্রে রয়েছে হরমুজ প্রণালি। বিশ্বের মোট জ্বালানি তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। যুক্তরাষ্ট্র ও ইরান—উভয় পক্ষই বারবার এই জলপথ বন্ধ করার হুমকি দিয়েছে।

যুদ্ধের খবরে এমন অনেক শব্দ উঠে আসছে, যেগুলোর পেছনে গভীর ঐতিহাসিক, ধর্মীয় ও রাজনৈতিক তাৎপর্য রয়েছে। যুদ্ধের গতিপ্রকৃতি বুঝতে সহায়ক এমন ১০টি গুরুত্বপূর্ণ শব্দ এবং সেগুলোর অর্থ নিচে তুলে ধরা হলো।

হরমুজ

হরমুজ প্রণালি হলো ইরান ও ওমানের মধ্যবর্তী একটি সরু জলপথ, যা পারস্য উপসাগরকে আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। যুদ্ধ শুরুর পর থেকে এই প্রণালিতে চলাচল ব্যাপকভাবে সীমিত হয়ে পড়েছে, মাঝেমধ্যে আংশিক বা প্রায় পুরোপুরি বন্ধও রাখা হয়েছে।

হরমুজ নামের উৎস নিয়ে বিতর্ক আছে। তবে সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো, এর সঙ্গে প্রাচীন পারসিক ‘আহুরা মাজদা’ শব্দের সম্পর্ক রয়েছে। এটি জরাথুস্ত্রবাদের প্রধান দেবতার নাম, যার অর্থ জ্ঞানী প্রভু।

কম প্রচলিত একটি মত হলো, ফারসি শব্দ হুর (বদ্ধ জলাভূমি) এবং মোগ (খেজুরগাছ) থেকে শব্দটি তৈরি হয়েছে। এর অর্থ দাঁড়ায় খেজুরের স্থান। আবার কেউ কেউ মনে করেন, গ্রিক শব্দ হরমোস (খাঁড়ি বা উপসাগর) থেকে হরমুজ শব্দের উৎপত্তি।

ঐতিহাসিকভাবে মধ্যযুগের হরমুজ সাম্রাজ্য এই প্রণালিকে ঘিরেই গড়ে উঠেছিল। এটি ছিল এক সমৃদ্ধ সামুদ্রিক রাজ্য, যার প্রভাব পশ্চিমে বাহরাইন পর্যন্ত বিস্তৃত ছিল।

শাহেদ

শাহেদ ড্রোন ইরানের কম খরচে তৈরি আত্মঘাতী অস্ত্রগুলোর একটি। এগুলোকে ‘কামিকাজে ড্রোন’ও বলা হয়। বিস্ফোরক বহনকারী এই ড্রোন অপেক্ষাকৃত সাধারণ ও নিম্নমানের প্রযুক্তি দিয়ে তৈরি।

যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে ইরান এই ড্রোনগুলো ছুড়েছে। এগুলো সাধারণত নিচু দিয়ে উড়ে এবং একসঙ্গে অনেকগুলো পাঠিয়ে শত্রুর আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে ব্যস্ত রাখা হয়। এতে শত্রুপক্ষকে বিপুল অর্থ ব্যয় করতে হয়।

শাহেদ আরবি শব্দ, যার অর্থ সাক্ষী। শব্দটি ফারসি ভাষায়ও একই অর্থে প্রচলিত।

হরমুজ প্রণালীতে চলছে নৌযান
ফাইল ছবি: এএফপি

টমাহক

মূলত টমাহক বলতে উত্তর আমেরিকার আদিবাসীদের ব্যবহৃত একটি এক হাতের কুঠার বোঝাত, যা শিকার, কাঠ কাটা ও যুদ্ধে ব্যবহৃত হতো। অনলাইন ইটিমোলজি ডিকশনারি অনুযায়ী, শব্দটি আলগনকুইয়ান ভাষা থেকে এসেছে, অর্থ ‘কাটার সরঞ্জাম’।

আধুনিক সামরিক পরিভাষায় এটি যুক্তরাষ্ট্রের তৈরি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রকে বোঝায়। শক্তিশালী এই ক্ষেপণাস্ত্র ১ হাজার মাইলের বেশি দূর থেকে লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে পারে।

মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, যুদ্ধের শুরুতে ইরানের মিনাব শহরে মেয়েশিশুদের একটি স্কুলে সম্ভবত টমাহক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছিল। ওই ঘটনায় প্রায় ১৭০ জন নিহত হয়, যাদের বেশির ভাগই ছিল শিশু।।

মিনাব

ইরানের মিনাব শহর সবুজ কৃষিজমির জন্য পরিচিত। ‘শাজারেহ তাইয়েবাহ’ স্কুলটি এই শহরেই অবস্থিত। হরমুজ প্রণালির কাছে অবস্থিত এই শহর বিশেষত লেবুজাতীয় ফল ও খেজুরের জন্য বিখ্যাত।

‘মিনাব’ নামের নিশ্চিত উৎস জানা না গেলেও ধারণা করা হয়, ফারসিতে এর অর্থ ‘নীলাভ’ বা ‘স্বচ্ছ পানি’। কিছু ইরানি সূত্র বলে, এলাকার ঐতিহাসিক দুর্গ ‘কালা-ই-মিনা’ থেকে নামটি এসেছে। এনসাইক্লোপিডিয়া ইরানিকার তথ্য অনুযায়ী, ‘মিনা’ শব্দের অর্থ নীল রং—সে হিসেবে এর অর্থ দাঁড়ায় ‘নীল দুর্গ’। তবে এটিও অনুমানভিত্তিক।

বাব এল-মান্দেব

বাব এল-মান্দেব শব্দের আক্ষরিক অর্থ কান্নার দুয়ার বা শোকের তোরণ। আরবিতে বাব মানে দরজা এবং মান্দেব শব্দটি শোক বা বিলাপের সঙ্গে সম্পর্কিত। এটি একটি সরু প্রণালি, যা লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে।

ইয়েমেন ও জিবুতির মধ্যে অবস্থিত এই প্রণালি ভারত মহাসাগর থেকে লোহিত সাগরে প্রবেশের একমাত্র দক্ষিণাঞ্চলীয় পথ এবং এটি সুয়েজ খালের সঙ্গে যুক্ত। এশিয়া ও ইউরোপের মধ্যে বাণিজ্যের অন্যতম প্রধান পথ এটি।

যুদ্ধ শুরুর পর থেকে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বাহিনী বারবার এই প্রণালি বন্ধ করার হুমকি দিয়েছে।

ইরানের তৈরি ড্রোনগুলো প্রদর্শনীতে রাখা হয়েছে
ফাইল ছবি: এএফপি

এপিক ফিউরি

অপারেশন এপিক ফিউরি হলো ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক আগ্রাসনের ছদ্মনাম। গত ২৮ ফেব্রুয়ারি এই আগ্রাসন শুরু হয়। হোয়াইট হাউসের আনুষ্ঠানিক বিবৃতিতে শুরু থেকেই নামটি ব্যবহৃত হয়ে আসছে।

এপিক শব্দটি প্রাচীন গ্রিক শব্দ এপোস থেকে এসেছে, যার অর্থ শব্দ, গল্প বা বীরত্বগাথা। ফরাসির মাধ্যমে ইংরেজিতে আসার পর ১৭৩১ সালের দিকে এটি বিশাল বা বীরত্বপূর্ণ অর্থে ব্যবহৃত হওয়ার রেকর্ড পাওয়া যায়।

ফিউরি এসেছে লাতিন ফুরিয়া শব্দ থেকে। এর অর্থ তীব্র ক্রোধ বা উন্মাদনা। রোমান পুরাণে ফুরিয়াইরা ছিলেন প্রতিশোধের দেবী, যাকে পাতাল থেকে পাঠানো হতো অপরাধীদের শাস্তি দিতে। একত্রে ‘এপিক ফিউরি’ অর্থ হলো ‘বীরত্বপূর্ণ ক্রোধ’।

আয়াতুল্লাহ

আয়াতুল্লাহ শিয়া ইসলামের উচ্চমর্যাদার একটি পদবি। ইসলামি আইনশাস্ত্র, ধর্মতত্ত্ব ও ধর্মীয় জ্ঞানে বিশেষ পাণ্ডিত্য অর্জনকারী জ্যেষ্ঠ আলেমদের এই উপাধি দেওয়া হয়। শব্দটি আরবি আয়াহ (নিদর্শন বা অলৌকিক চিহ্ন) এবং আল্লাহ শব্দের সমন্বয়ে গঠিত। এর অর্থ আল্লাহর নিদর্শন।

পদবিটি সবচেয়ে বেশি ইরানের সঙ্গে যুক্ত। বিশেষত ইরানে ইসলামি বিপ্লবের পর থেকে দেশটির ধর্মীয় ও রাজনৈতিক জীবনে জ্যেষ্ঠ আলেমরা কেন্দ্রীয় ভূমিকা পালন করে আসছেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তাঁর ছেলে মোজতবা খামেনি তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন।

আরও পড়ুন

খারগ

খারগ দ্বীপ পারস্য উপসাগরের ছোট একটি দ্বীপ এবং ইরানের প্রধান তেল রপ্তানি টার্মিনাল। কড়া নিরাপত্তা ও কৌশলগত গুরুত্বের কারণে এটিকে প্রায়ই ‘নিষিদ্ধ দ্বীপ’ বলা হয়।

খারগ নামের উৎস নিশ্চিত নয়। ধারণা করা হয়, এটি প্রাচীন ইরানি বা ইসলাম-পূর্ব কোনো ভাষা থেকে এসেছে। কোনো কোনো ব্যাখ্যায় পাওয়া গেছে, খারগ শব্দটির অর্থ উষ্ণ স্থান। দ্বীপের প্রচণ্ড গরম আবহওয়ার কারণে এই নামকরণ করা হয়েছে বলে অনেকে মনে করেন। তবে এটি অনুমান মাত্র।

ইরান-ইরাক যুদ্ধে ব্যাপক বোমাবর্ষণের শিকার হওয়া এই দ্বীপ পরে পুনর্নির্মাণ করা হয়। গত মার্চে যুক্তরাষ্ট্র এখানে বড় বিমান হামলা চালায়। ওই অভিযানে ৯০টির বেশি সামরিক স্থাপনায় আঘাত হানা হলেও জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়নি।

কাফের

ইরান যুদ্ধের মধ্যে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের হাতে আরবি ভাষায় ‘কাফের’ লেখা উল্কির ছবি প্রকাশ পাওয়ার পর শব্দটি আলোচনায় আসে।

শব্দটিকে সাধারণত অবিশ্বাসী বা বিধর্মী হিসেবে অনুবাদ করা হলেও আক্ষরিক অর্থ হলো ‘যে সত্য গোপন করে’। এটি আরবি শব্দমূল ‘কাফ-ফা-রা’ থেকে এসেছে, যার অর্থ ‘ঢেকে রাখা’। কোরআনে এই শব্দ এবং এর বহুবচন ‘কুফফার’ ও ‘কাফিরুন’ বেশ কয়েকবার ব্যবহৃত হয়েছে।

আরও পড়ুন

খাতাম আল-আম্বিয়া

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান সদর দপ্তরের নাম খাতাম আল-আম্বিয়া। আরবিতে এর অর্থ নবীগণের মোহর। খাতাম মানে মোহর বা আংটি। আল-আম্বিয়া মানে নবীগণ।

আইআরজিসির মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি বেশ কয়েকবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে ব্যঙ্গ করেছেন। এমনকি ট্রাম্পের সুপরিচিত সংলাপ ‘ইউ আর ফায়ার্ড’ নকল করেও তাঁকে উপহাস করেছেন।

কোরআনে ‘খাতামুন নাবিয়িন’ শব্দে হজরত মুহাম্মদ (সা.)-কে ‘শেষ নবী’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

আরও পড়ুন